Ajker Patrika

পাকিস্তানের সঙ্গে হাত না মেলানো প্রসঙ্গে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বললেন সূর্যকুমার

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তানের সঙ্গে হাত না মেলানো প্রসঙ্গে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বললেন সূর্যকুমার
সর্বশেষ এশিয়া কাপে ৩ বার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। একবার গ্রুপ পর্বের ম্যাচে, একবার সুপার ফোরে, আরেকবার ফাইনাল ম্যাচে। ৩ ম্যাচে একবারও হাত মেলাননি দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সালমান আলী আঘা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের আগে অবধারিতভাবেই সংবাদ সম্মেলনে এল সেই পুরোনো প্রশ্ন—দুই দলের খেলোয়াড়রা কি এবার একে অপরের সঙ্গে হাত মেলাবেন? জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক তিক্ততা নতুন মাত্রা পাওয়ায় ক্রিকেটেও তার রেশ ছড়িয়েছে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের অধিনায়কই বিষয়টি নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন; স্পষ্ট করে কেউই কোনো সরাসরি উত্তর দেননি।

টসের সময় ও ম্যাচের পরে পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর ইচ্ছা ভারতের আছে কি না— সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে ভারত অধিনায়ক সূর্য কুমার যাদবের উত্তর ছিল বেশ কৌশলী। তিনি সাংবাদিকদের বলেন, টসের সময় বিষয়টি নিয়ে তারা ভাববেন। আপাতত সবাইকে ভালোভাবে খাওয়া-দাওয়া করে ২৪ ঘণ্টা অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।

এ ছাড়া পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিকের প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক বলেন, ‘সিলেবাসের বাইরে প্রশ্ন এলে সেটা তো আর ছেড়ে দিতে পারি না। সে ভিন্নধর্মী, তবে আমরা আত্মসমর্পণ করতে পারি না। আমরা সবাই রোমাঞ্চিত।’

এর আগে পাকিস্তানের সংবাদ সম্মেলনে অধিনায়ক সালমান আলী আঘার কাছে জানতে চাওয়া হয়েছিল, ভারত যদি ইচ্ছা প্রকাশ করে তবে কি তারা হাত মেলাবেন? উত্তরে সালমান কোনো সরাসরি মন্তব্য না করে রহস্যের সুরে বলেন যে, বিষয়টি কালকের জন্যই তোলা থাক। তবে তিনি ক্রিকেটীয় চেতনা বজায় রেখে দুই দলকে একটি ভালো ম্যাচ খেলার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ এশিয়া কাপে ৩ বার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। একবার গ্রুপ পর্বের ম্যাচে, একবার সুপার ফোরে, আরেকবার ফাইনাল ম্যাচে। ৩ ম্যাচে একবারও হাত মেলাননি দুই দলের অধিনায়ক সূর্য কুমার যাদব এবং সালমান আলী আঘা। ম্যাচ শেষেও দুই দলের ক্রিকেটাররা হাত মেলাননি কোনো ম্যাচে। ফাইনাল ম্যাচ জিতেও পিসিবি এবং এসিসি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে আগ্রহী ছিল না ভারত। পরে সেই ট্রফি নিয়েও হয়েছে নানা ঘটনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত