Ajker Patrika

হ্যাটট্রিক জয়ে সুপার এইটের পথে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    
হ্যাটট্রিক জয়ে সুপার এইটের পথে দক্ষিণ আফ্রিকা
আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মার্করাম

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করামের বিধ্বংসী ব্যাটিং আর মার্কো জানসেনের ক্যারিয়ারসেরা বোলিংয়ের ওপর ভর করে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে প্রোটিয়ারা। এই জয়ে তারা সুপার এইটের পথে এক ধাপ এগিয়ে গেল।

১৭৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই তাণ্ডব চালান দুই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক। পাওয়ার প্লে-তে মাত্র ১ উইকেট হারিয়ে ৮৩ রান তুলে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের অন্যতম সেরা সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মার্করাম, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড।

ডি কক ২০ এবং রায়ান রিকেলটন ও ডেওয়াল্ড ব্রেভিস ২১ রান করে ফিরে গেলেও মার্করামকে থামানো যায়নি। শেষ পর্যন্ত ৮ চার ও ৪ ছক্কায় সাজানো ৪৪ বলে ৮৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ডেভিড মিলার ১৭ বলে ২৪ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ৩৯ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের হয়ে ফিন অ্যালেন ও টিম সেইফার্ট শুরুটা ভালো করলেও মার্কো জানসেনের বোলিং তোপে তারা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। জানসেন একাই নিউজিল্যান্ডের টপ অর্ডারে ধস নামান। সেইফার্ট ও রাচিন রবীন্দ্রকে ফেরানোর পর ১৭ বলে ৩৩ রান করা বিপজ্জনক ফিন অ্যালেনকেও প্যাভিলিয়নের পথ দেখান তিনি।

মিডল অর্ডারে মার্ক চ্যাপম্যানের ৪৮ এবং ড্যারিল মিচেলের ৩২ রানের ওপর ভর করে নিউজিল্যান্ড লড়াই করার পুঁজি পায়। শেষ পর্যন্ত জেমস নিশামের ১৬ বলে ২৩ রানের অপরাজিত ক্যামিওতে ১৭৫ রানে থামে কিউইদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪০ রানে ৪ উইকেট নেন মার্কো জানসেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা বোলিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত