
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী মাসে। জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর যৌথ আয়োজনে যখন পুরো বিশ্ব ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ব্যস্ত থাকবে, তখন হবে মেয়েদের আইসিসি এই ইভেন্ট। ইংল্যান্ডে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় দলগুলোকে একরকম হুংকার দিয়ে রাখল বাংলাদেশ।
জানুয়ারি-ফেব্রুয়ারিতে নেপালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে সাত ম্যাচের সাতটিতে জিতে মূলপর্বের টিকিট কাটে বাংলাদেশ। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে নিগার সুলতানা জ্যোতির দলের অবস্থা ভালো নয়। ২০২৪ এর ডিসেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত টানা ছয় টি-টোয়েন্টি হেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সিরিজেই জ্যোতির দল হয়েছে ধবলধোলাই। এবার সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ নিজেদের মাঠে শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে হেরেছে।
ফর্মটা তেমন পক্ষে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দারুণ কিছু করবে বলে আশাবাদী নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দুইটা প্রস্তুতি ম্যাচ বাদ দিলে আমাদের পাঁচ ম্যাচ আছে । পাঁচটা ম্যাচের ভেতরে আমাদের আশা তিনটা ম্যাচে ইনশা আল্লাহ জিতব। আমাদের প্রতিপক্ষ হচ্ছে নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই তিনটা নিয়ে আমরা কাজ করছি।’
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ দলে মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা এই দুই স্বীকৃত পেসার আছেন। খণ্ডকালীন পেসার রিতু মনিকে ধরলে তিন পেসার খেলবেন বিশ্বকাপে। পেস বোলিং লাইনআপ নিয়ে শিপন বলেন, ‘আমাদের আসলে পাইপলাইনে সেরকম পেসার পাই কম। যাদের পাই, বেশিরভাগ সময়ে হয়তো ধরেন গুরুত্বপূর্ণ মুহূর্তে চোটটা বেশি হয়ে যায়। তারপরও আমাদের যে দুই পেসার আছে ফারিহা ইসলাম তৃষ্ণা আর মারুফা আক্তার, সঙ্গে রিতু মনি আছে আমাদের তৃতীয় পেসার। তাই আমাদের ইচ্ছা আছে ইংল্যান্ড কন্ডিশনে যদি বল বেশি ঘোরে, আমার দুইটা পেস বোলার নিয়ে খেলার ইচ্ছা আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখেছি যে ইংল্যান্ডে গ্রীষ্মে সেরকম মুভ করে না। উইকেট অনেকটা আমাদের উপমহাদেশের মতোই হয়ে গেছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে মুর্শিদা খাতুন সবশেষ খেলেছেন গত বছরের জানুয়ারিতে। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে তাঁর ৬ ফিফটি রয়েছে। লঙ্কায় ২০২৪ এশিয়া কাপে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে ৫০ ও ৮০ রানের দুটি ইনিংস খেলেছেন তিনি। তাঁকে গত ১৫ মাসে জাতীয় দল তো দূরে থাক, ‘এ’ দলেও রাখা হয়নি।
আজ যখন বিসিবি বিশ্বকাপের দল ঘোষণা করল, সেখানে জায়গা হয়নি মুর্শিদার। শিপন বলেন,
‘অবশ্যই (মুর্শিদাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া) একটা ক্রিকেটীয় কারণ। আসল ব্যাপারটা হচ্ছে আমরা পারফরম্যান্স দেখি। সম্প্রতি আমাদের দুই বছরে একটা জিনিস চিন্তা করেছি আর সেটা হলো স্ট্রাইক রেট। এটা খুবই গুরুত্বপূর্ণ এক ইস্যু। মুর্শিদা সবশেষ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ সফরে গত বছরের জানুয়ারিতে। তারপর থেকে ঘরোয়া ও বিভিন্ন টুর্নামেন্ট হয়েছে প্লাস অনুশীলন ম্যাচগুলোতে আসলে তেমন কোনো পারফরম্যান্স নাই।’
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। ১২ দলের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে আরও আছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ১৪ জুন এজবাস্টনে ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ১৭, ২০, ২৫ ও ২৮ জুন অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে জ্যোতির দল।
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে চার ও দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। নেদারল্যান্ডস, ভারতের বিপক্ষে তিনটি করে ম্যাচ জ্যোতির দল জিতেছে ক্রিকেটের রাজকীয় সংস্করণে। অস্ট্রেলিয়াকে এখনো টি-টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ।

বৃষ্টির বাগড়ায় পড়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ড। বেরসিক বৃষ্টির হানায় এদিন শেষ হয়েছে চারটি ম্যাচ। অন্যদিকে আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে। বৃষ্টির দাপটের দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাঈম শেখ, জাকির হাসান এবং শাহাদাত হোসেন সবুজ।
৬ মিনিট আগে
‘ধানখেতের উইকেট’, ‘স্পিনবান্ধব উইকেট’ বানানোর কারণে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা কম হয়নি। তবে এবার মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে দেখা যাচ্ছে ব্যতিক্রমী চিত্র। সবুজ উইকেটে পাকিস্তানের মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদিরা ছড়ি ঘুরিয়েছেন। তবে মেহেদী হাসান মিরাজ যে এই পেস বান্ধব উইকেটে
১ ঘণ্টা আগে
জিতলেই লিগ শিরোপা, আর সে জয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে—দ্বৈত আনন্দের এমন হাতছানি নিয়েই আজ ঘরের মাঠে এল ক্লাসিকো খেলতে নামবে বার্সেলোনা। ম্যাচ যদি ড্রও হয়, তাহলেও শিরোপা জিতবে হান্সি ফ্লিকের দল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে আজ খেলছেন না কিলিয়ান এমবাপ্পে।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না ইংল্যান্ড—এমনটাই জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তালেবান সরকারের নারী ও কিশোরীদের ওপর আরোপিত বিধিনিষেধের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে