লেগ স্টাম্প দিয়ে মুমিনুল হকের বেরিয়ে যাওয়া বলটা চাইলে ছেড়ে দিতে পারতেন ডেভন কনওয়ে। না ছেড়ে খেলতে গিয়েই তো দারুণ ইনিংসটার করুণ সমাপ্তি ঘটে। নিরীহ এক বলে আউট হয়ে বেরিয়ে যাওয়ার সময় তাঁর হতাশ চেহারাই বলে দিচ্ছিল, দুর্দান্ত ইনিংসটার এ রকম সমাপ্তি চাননি। দিনের শেষভাগে কনওয়ের এই উইকেটে স্বস্তি ফিরিয়েছে বাংলাদেশ ড্রেসিংরুমে।
সেটাকে আরও বিস্তৃত করলেন ইবাদত হোসেন। শেষ ওভারে টম ব্লান্ডেলকে ফিরিয়ে প্রথম দিনটা পুরোপুরি নিউজিল্যান্ডের হতে দেননি ইবাদত। হেনরি নিকোলাসকে নিয়ে দিনের খেলা শেষের অপেক্ষায় থাকা ব্লান্ডেল (১১) আউট হয়েছেন বোল্ড হয়ে। শেষ দিকে দ্রুত দুই উইকেট হারিয়ে ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শেষ করেছে কিউইরা।
বে ওভালের সবুজাভ উইকেট দেখে তিন পেসার আর এক স্পিনার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। প্রথম এক ঘণ্টায় দাপুটে বোলিংয়ে নিউজিল্যান্ড ব্যাটারদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন তাসকিন-শরিফুলরা। দিনের চতুর্থ ওভারে টম ল্যাথামের (১) উইকেট তুলে নিয়ে দারুণ শুরুর বার্তা দেন বাঁহাতি পেসার শরিফুল।
বাংলাদেশ পেসারদের আটসাট বোলিংয়ের সামনে উইল ইয়াং আর ডেভন কনওয়ে দেখেশুনে খেলেন। সময় যত গড়িয়েছে, বলের সুইং আর বাউন্স কমেছে। একই সঙ্গে পিচও শুকিয়েছে। তাসকিন-ইবাদতরা তাতে বোলিংয়ের ধার হারিয়েছেন।
ইয়াংকে সঙ্গী করে সেই সুযোগটাই পুরোপুরি লুফে নেন কনওয়ে। দ্বিতীয় উইকেটে ইয়াংয়ের সঙ্গে ১৩৮ রানের জুটি জমে তাঁর। ফিফটি পূর্ণ করে রানআউটের কাটায় ইয়াংয়ের (৫২) বিদায়ে এ জুটি ভাঙে। বিদায়ী সিরিজে রস টেলরকে নিয়ে আবার ইনিংস গড়ে তোলার দায়িত্ব নেন কনওয়ে। দুজনের ৪৩ রানের জুটিতে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন কনওয়ে।
গত বছরের জুনে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকটা ডাবল সেঞ্চুরিতে রাঙিয়েছিলেন কনওয়ে। চোটে সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজ খেলতে না পারা এই বাঁহাতি ব্যাটার দলে ফিরেই সেঞ্চুরি তুলে নেন। এর মধ্যে টেলরকে (৩১) এক্সট্রা কাভারে সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে ফেরান শরিফুল।
দিনের বাকি অংশটা কনওয়ে আর হেনরি নিকোলাস যখনই স্বচ্ছন্দে কাটিয়ে দেবেন বলে মনে হচ্ছিল, উইকেটের খোঁজে বল তুলে নেন মুমিনুল হক। নিজের তৃতীয় ওভারে উইকেটেরও দেখা পেয়ে যান বাংলাদেশ অধিনায়ক। সেঞ্চুরি পূর্ণ করে বড় ইনিংসের পথে এগিয়ে যাওয়া কনওয়েকে ফিরিয়ে স্বস্তি ফেরান মুমিনুল।
মুমিনুলের নিরীহ বলটা ব্যাটের কানায় লেগে জায়গা করে নেয় উইকেটকিপার লিটনের গ্লাভসে। ১২২ রানের দারুণ এক ইনিংস খেলে বিদায় নেন কনওয়ে। শেষ দিকে কনওয়ে আর ব্লান্ডেলের উইকেট তুলে নিয়ে প্রথম দিনটা নিউজিল্যান্ডের সঙ্গে ভাগাভাগি করেছে বাংলাদেশ।

লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্য বিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
৬ মিনিট আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হংকং কিংবা ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে লিটন দাসের দলের সামনে প্রধান চ্যালেঞ্জ উইকেট। আগে কখনো না খেলায় জাপানের উইকেট সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা শূন্যের কোঠায়।
৩৭ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
অপেক্ষাটা ছিল দীর্ঘ। ১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে বাংলাদেশের কোনো ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি। চার দশকের সেই অপেক্ষা এবার ঘুচল উশুতে। ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
৪ ঘণ্টা আগে