
দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আগস্টে ডারউইনে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে রূপকথার গল্প লেখে বাংলাদেশ। ম্যাকেতে পরের টেস্টে অজিরা দুই দিনে জিতে গেলেও ১-১ সমতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে প্রশংসা কুড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হক-হাসানরা। তখন বরং অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের ধুয়ে দেওয়া হয়েছে।
আগামীকাল ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ যখন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি সংবাদ সম্মেলনে আসেন, তখন তাঁকে মনে করিয়ে দেওয়া হয়েছে ছেলেদের ঐতিহাসিক অস্ট্রেলিয়া-বধের ঘটনা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক বলেন, ‘আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সত্যিই আশাবাদী যে আমরা একটি সম্পূর্ণ ইউনিট হিসেবে খেলতে পারব। কারণ, বিশ্বাস করি যে আমরা এমন একটি দল, যারা দলগতভাবে খেললে এবং একটি পূর্ণ ইউনিট হিসেবে পারফর্ম করলে যেকোনো দলকে চমকে দিতে পারি।’
অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ নারী ক্রিকেট দল এর আগে চার ম্যাচ খেললেও সবই ছিল ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওয়ানডে খেলার কখনোই সুযোগ হয়নি। এবারই প্রথমবার অস্ট্রেলিয়ায় দ্বিপক্ষীয় সিরিজ খেলছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বেশ রোমাঞ্চিত। এখানে থাকতে পেরে খুবই আনন্দিত। আপনি জানেন, ভিন্ন কন্ডিশনে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং।’
কদিন আগে বাংলাদেশ নারী দলের কোচ হয়েছেন ডেভিড হেম্প। অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন কোচিং করানোর কারণে সেখানের কন্ডিশন সম্পর্কে হেম্পের ভালোই ধারণা আছে। জ্যোতিও সেটা মানেন। আজ ব্রিসবেনে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তার কাছ থেকে আমরা কিছু ভালো ধারণা পেয়েছি। পিচ কেমন হওয়া উচিত এবং কীভাবে তারা (অস্ট্রেলিয়া) আমাদের বিপক্ষে খেলবে। এসব ব্যাপারে তিনি (হেম্প) আমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছেন। আমরা নেটে সেভাবেই অনুশীলন করছি।’
ইয়ান হিলি ওভালে পরশু প্রস্তুতি ম্যাচে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। কুইনসল্যান্ড ফায়ারের কাছে প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে ৭২ রানে হেরেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ খেলে মূল ম্যাচ সম্পর্কে ধারণা পেয়ে গেছেন জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বলেন, ‘আমরা এখানে একটি অনুশীলন ম্যাচ খেলেছি। তাই আমরা কিছু ধারণা পেয়েছি যে আমাদের কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এটা কেবল দলীয় খেলা। আমরা নিজেরাও সেটা উপভোগ করছি।’
বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। বাংলাদেশ সময় আগামীকাল ৯টা ৫০ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। ১১, ১৪ অক্টোবর হবে শেষ দুই ওয়ানডে। সেই দুই ম্যাচও বাংলাদেশ সময় ৯টা ৫০ মিনিটে শুরু হবে। এখন পর্যন্ত দুই দল ছয় ওয়ানডে, পাঁচ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। সব ম্যাচেই বাংলাদেশ হেরেছে।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২ ঘণ্টা আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
২ ঘণ্টা আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
২ ঘণ্টা আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
২ ঘণ্টা আগে