Ajker Patrika

ম্যাকাইয়ে হারের পুনরাবৃত্তি হলো সেঞ্চুরিয়নে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২২: ০৬
ম্যাকাইয়ে হারের পুনরাবৃত্তি হলো সেঞ্চুরিয়নে
ম্যাকাই টেস্টের পর আবারও ইনিংস ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। ছবি: বিসিবি

সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ব্যাটিংয়ে দুই ইনিংসেই যাচ্ছেতাই পারফরম্যান্স, বোলাররাও ছিলেন নির্বিষ। তাতে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে ম্যাকাই টেস্টের পর আবারও ইনিংস ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে ব্যাটিং ও বোলিংয়ের ব্যর্থতাকেই দায়ী করেছেন অধিনায়ক শান্ত।

গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ম্যাকাইয়ে ইনিংস ও ৫১ রানে হেরেছিল বাংলাদেশ। সেই হারের পুনরাবৃত্তি করেছে এবার সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হেরে।

প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার রানের লাগাম টানতে পারেনি বাংলাদেশের বোলাররা। উইয়ান মোল্ডারের সেঞ্চুরি ও মার্কাস অ্যাকারম্যানের ১৫০ রানের ইনিংসে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। ৪০৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৮৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে ব্যাটিংয়ে ব্যর্থতার কথা স্বীকার করেছেন শান্ত। তিনি বলেন, ‘আমরা অবশ্যই জানতাম, সেঞ্চুরিয়নের কন্ডিশন এমনই হবে। একটি ব্যাটিং ইউনিট হিসেবে যত দ্রুত সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা সেটা করতে পারিনি। বিশেষ করে প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতে পারিনি।’

সেঞ্চুরিয়নের কন্ডিশনকে হারের কারণ হিসেবে দেখাতে চাননি বাংলাদেশ অধিনায়ক। বলেন শান্ত, ‘এটা কঠিন ছিল, অবশ্যই কঠিন ছিল। তবে ক্রিকেটে এমনটা হতেই পারে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের ঘুরে দাঁড়ানো এবং দ্বিতীয় ইনিংসে পরিকল্পনা অনুযায়ী খেলা উচিত ছিল। আমাদের শুরুটা ভালো হয়নি। বোলিংয়েও ভালো করতে পারিনি। এ কারণেই আমরা ম্যাচটি হেরেছি।’

ইনিংস ও ২১৯ রানের বড় হারের মধ্যেও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন শান্ত। বিশেষ করে তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন তিনি। তবে দলের সামগ্রিক উন্নতির ওপর জোর দিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই এই টেস্টে কিছু ইতিবাচক দিক ছিল। যেমন হৃদয় যেভাবে ব্যাটিং করেছে। তবে আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে। ক্যাচ ধরার ক্ষেত্রে উন্নতি করতে হবে। এমনকি ব্যাটিং ইনিংসের শুরুতেও উন্নতি করতে হবে। অনেক জায়গাতেই আমাদের উন্নতি করা প্রয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত