ম্যাচের মাঝে তাইজুলকে কী টোটকা দিলেন কোচ

তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের কল্যাণে দ্বিতীয় দিনের শেষ সেশনে দাপট দেখিয়েছে বাংলাদেশ। এ সময় ৩ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে স্বাগতিকেরা। আজও এই দুই স্পিনারের দিকে তাকিয়ে দল।
ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিতে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকেও বেশ তৎপর দেখা গেল। বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করছিলেন তাইজুল। এ সময় তাঁর কাছে আসেন মুশতাক। দুজনকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। দেখে বোঝাই যাচ্ছিল, তাইজুলকে কিছু একটা পরামর্শ দিচ্ছিলেন স্পিন বোলিং কোচ।
দুই দলই একাদশে ৩ স্পিনার নিয়ে খেলছে। এটাই বলে দেয়, উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে স্পিনাররা। মিরপুরের উইকেটে অবশ্য স্পিনারদের জন্য বাড়তি সুবিধার বিষয়টি নতুন নয়। এই সুবিধা কাজে লাগিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের ৫ উইকেট নেন জোমেল ওয়ারকান। বাকি দুইটা পকেটে পুরেছেন জশুয়া বিশপ।
বাংলাদেশের স্পিনাররাও যে এই ম্যাচে ছড়ি ঘুরাবে, দ্বিতীয় দিনের শেষ সেশনেই সে ইঙ্গিত দিয়েছেন তাইজুল-মিরাজরা। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ৪ উইকেটের তিনটাই নেন এই দুজন। ৩৬তম ওভারে কাভেম হজের পর আমির জাঙ্গোকে ফেরান তাইজুল। এর আগে ৫৪ রান করা জন ক্যাম্পবেলকে বিদায় করেন মিরাজ।
তৃতীয় দিনের প্রথম সেশনেও আশা দেখাচ্ছেন স্পিনাররা। দিনের শুরুতে তেজনারায়ণ চন্দরপলকে আউট করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। লাঞ্চ বিরতিতে যাওয়ার ঠিক আগে ৪৬ রান করা জাস্টিন গ্রিভসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাঈম হাসান। এর আগেই উইকেটের দেখা পেতে পারতেন এই স্পিনার। তাঁর করা ডেলিভারি থেকে রোস্টন চেজের ইনসাইড এজ হয়ে আসা ক্যাচ ছেড়ে দেন শর্ট লেগে থাকা মুমিনুল হক।









