Ajker Patrika

পাপনকে পরের মেয়াদেও বিসিবি সভাপতি হিসেবে চান কাউন্সিলররা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৬: ৩১
পাপনকে পরের মেয়াদেও বিসিবি সভাপতি হিসেবে চান কাউন্সিলররা

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আলোচ্যসূচিতে মূল বিষয় ছিল গঠনতন্ত্রের (২০২২ সালের সংশোধিত) দুটি উপ অনুচ্ছেদে পরিবর্তন। সেই পরিবর্তনের চেয়ে কাউন্সিলরদের কাছে বেশি গুরুত্ব পেয়েছে, বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে এই মেয়াদ তো বটেই। কাউন্সিলরদের কেউ কেউ তাঁদের বক্তব্যে বলেছেন, পরের মেয়াদেও যেন পাপনই বিসিবি সভাপতি হিসেবে থাকেন।

গত চার বছরে পাপন একাধিকবার জানিয়েছেন, তিনি আর বিসিবি সভাপতি হিসেবে থাকতে চান না। এমনকি জাতীয় সংসদ নির্বাচনের আগেও তিনি বলেছিলেন, ‘আমি আর বেশি দিন নাই। এই মেয়াদ তো বেশি দিন নাই। এরপর আরেকটা বছর আছে।’ পুনরায় সংসদ সদস্য হওয়ার পর ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হওয়ার পর পাপনের বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে জোর আলোচনা হয়। 

পাপন অবশ্য এ মেয়াদে থেকে যাচ্ছেনই, কাউন্সিলরদের একটি বড় অংশ তাঁকে পরের মেয়াদেও বিসিবি সভাপতির পদে থেকে যেতে বলেছেন। আজ এজিএম শেষে এক কাউন্সিলর আজকের পত্রিকাকে বললেন, ‘আমরা সবাই সভাপতিকে বলেছি, কাউন্সিলররা আপনাকে নির্বাচিত করেছি। আমরা যত দিন না বলব, আপনিই আমাদের সভাপতি হিসেবে থাকবেন। আপনি চাইলেও আমরা না বলা পর্যন্ত আপনি থাকবেন। এই হলো আমাদের বড় দাবি। আপনি পরের মেয়াদেও থাকবেন। এটা আজ সবাই বলেছি।’

এজিএমের পর সংবাদ সম্মেলনে আসে বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনের বিষয়টি। গঠনতন্ত্রের যে জায়গায় সংশোধন আনা হচ্ছে, সেটি হলে বিসিবি বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিসিবি মনে করে, সংশোধনী প্রস্তাব অনুমোদন পেলে বিসিবি যেকোনো তফসিল ব্যাংক থেকে ঋণ, এলসি খুলতে পারবে। স্থাবর-অস্থাবর সম্পত্তি বন্ধক রাখতে পারবে। এফডিআরের অর্থ ঝুঁকিবিহীন লাভজনক বিনিয়োগ করতে পারবে। যেকোনো বাণিজ্যিক ও সামাজিক কার্যক্রমে অংশ নিতে পারবে। এত দিন গঠনতন্ত্র অনুযায়ী, একটি ক্রীড়া সংস্থা হিসেবে তারা তা করতে পারত না। এখন সংশোধনীর মাধ্যমে বিষয়গুলোর আইনত বৈধতা নিতে চাচ্ছে তারা। 

বিষয়টির ব্যাখ্যায় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আর্থিক লেনদেন, বোর্ডের ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল করতে এই পরিবর্তন আনা হয়েছে। এখন যেকোনো আর্থিক লেনদেনে বাংলাদেশ ব্যাংকের অনেক শর্ত পূরণ করতে হয়। আমাদের আইনি পরামর্শকের পরামর্শেই এই দুই অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়েছে।’ আর বিসিবি কেন বিনিয়োগের কথা ভাবছে, সে ব্যাখ্যায় পাপন বলেছেন, ‘ক্রিকেটের বাইরে (কিছু) যাবে না। আমাদের বিনিয়োগ কোথায় হবে? আমরা তো শেয়ার কিনতে চাচ্ছি না। ওটা তো আরও ঝুঁকিপূর্ণ।’ 

বিসিবির আগামী অর্থ বছরের বাজেটও অনুমোদন হয়েছে এজিএমে। পাপন জানিয়েছেন, এবার তাঁদের সম্ভাব্য আয় ৪৪৬ কোটি, সম্ভাব্য ব্যয় ৪০৭ কোটি, উদ্বৃত্ত থাকবে ৩৯ কোটি টাকা। পাপনের চিন্তা এখানেই, ‘আয় একই রকম আছে, কিন্তু ব্যয় কী হারে বেড়েছে আর্থিক মন্দায়। ওই মাত্রার সঞ্চয় এবার হবে না। সামনে কী হবে, সে চিন্তায় আছি।’ 

ঘরোয়া ক্রিকেটের সব খেলা দেখাতে আসছে বিসিবি টিভি। টিভির অনুমোদন নিতেও গঠনতন্ত্রে আর্থিক বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে বিসিবি। জেলা পর্যায়ে বিসিবি টাকা বাড়িয়েছে, ২ লাখ থেকে করা হয়েছে ৪ লাখ টাকা। আর একাধিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হলে তাদের দেওয়া হবে ৬ লাখ টাকা। 

দেশের ক্রিকেট বিকেন্দ্রীকরণ করার দাবিটা বহু পুরোনো। এ মেয়াদে পাপন ফের বিসিবি সভাপতি হয়ে ঘোষণা দিয়েছিলেন আঞ্চলিক ক্রিকেট সংস্থা চালু করবেন। বরিশাল বাদে বাকি সব বিভাগে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করতে অ্যাডহক কমিটি করেছে বিসিবি। এ বছর প্রতিটি আঞ্চলিক ক্রিকেট সংস্থাকে ২০ লাখ করে টাকা দেওয়া হচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের জন্য।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

প্রাথমিকভাবে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

আজকের রাশিফল: অতিরিক্ত রাগ লজ্জায় ফেলবে, ঘরে শান্তি চাইলে রান্না নিয়ে চুপ থাকুন

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

রাজধানীর কারওয়ান বাজারে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ক্ষমা চাইলেন আর্জেন্টিনার খেলোয়াড়কে লাথি-ঘুষি মারা বাংলাদেশি ডিফেন্ডার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আর্জেন্টিনার ফুটবলারকে লাথি-ঘুষি মারছিলেন রেড গ্রিন ফিউচার স্টারের ডিফেন্ডার ইহসান হাবিব রিদওয়ান। ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার ফুটবলারকে লাথি-ঘুষি মারছিলেন রেড গ্রিন ফিউচার স্টারের ডিফেন্ডার ইহসান হাবিব রিদওয়ান। ছবি: সংগৃহীত

দেশের ফুটবলে ‘লাতিন-বাংলা সুপার কাপ’ খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও টুর্নামেন্টটি নিয়ে ভালোই আগ্রহ তৈরি হয়েছিল দেশের ফুটবল দর্শকদের। সে কারণেই টুর্নামেন্টের নানা বিষয় নিয়ে হচ্ছে আলোচনা। বাংলাদেশ ও আর্জেন্টিনার প্রতিনিধি হয়ে খেলা দুটি দলের নানা ঘটনার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশি ডিফেন্ডার ইহসান হাবিব রিদওয়ানের লাল কার্ড দেখা।

জাতীয় স্টেডিয়ামে পরশু আর্জেন্টিনার ক্লাব আতলেতিকো চার্লনের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার। শরীর নির্ভর ফুটবল খেলতে অভ্যস্ত আতলেতিকো চার্লনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষ হয় বাংলাদেশের ফুটবলারদের। ম্যাচের ৭৬ মিনিটে বাংলাদেশি ডিফেন্ডার ইহাসান হাবিব রিদওয়ান আর্জেন্টিনার এক ফুটবলারকে লাথি-ঘুষি মেরে বসেন। তখনই দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামলাতে রেফারিকে হস্তক্ষেপ করতে হয়।

ম্যাচের পর থেকেই রিদওয়ানকে শুনতে হচ্ছে দুয়ো, সামাজিক মাধ্যমে তাঁকে কঠোর সমালোচনা করছেন দর্শকেরা। তীব্র সমালোচনায় বেশ ভেঙে পড়েছেন রিদওয়ান। এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের পক্ষ থেকে লাতিন বাংলা কাপে খেলা একজন ফুটবলার। গতকাল ৮ ডিসেম্বর বাংলাদেশ-আর্জেন্টিনার যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, এই ম্যাচে আমি যে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছি এতে বাংলাদেশের দর্শক ও সমর্থকদের হতাশ করেছি। আসলে খেলার মাঠে অনেক সূক্ষ্ম সাংঘর্ষিক ঘটনা ঘটে। আমার সঙ্গেও এমন হয়েছিল। আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি। যে আচরণ করেছি, সেটা খেলার স্পিরিটের সঙ্গে যায় না।’

লাথি-ঘুষির কাণ্ডে আর্জেন্টিনা দলের কাছে ক্ষমা চেয়েছেন রিদওয়ান। একই সঙ্গে আর্জেন্টিনা দলকেও একটি বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশের তরুণ এই ডিফেন্ডার, ‘এটা আমার ভুল ও ভুলের পুরো দায় নিচ্ছি। প্রতিপক্ষ আর্জেন্টিনা দলের কাছে আমার একটাই বার্তা, সহিংস আচরণ ফুটবলে কখনোই গ্রহণযোগ্য নয়। একজন বাংলাদেশি ফুটবলার হিসেবে যে পরিণত আচরণ দেখানো উচিত ছিল, আমি সেটা দেখাতে পারিনি। আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও কোচদের কাছে ক্ষমা চেয়েছি। তারা এটাকে খেলার অংশ হিসেবে নিয়েছে।’

লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিলের ক্লাব সাও বের্নার্দোর বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল রেড গ্রিন ফিউচার স্টার। আর্জেন্টিনার ক্লাব আতলেতিকো চার্লনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল রেড গ্রিন ফিউচার স্টার। ক্যাসপার হক, বীতশোক চাকমা, ইব্রাহিম নাওয়াজ, ইশান মালিক—লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন এই চার প্রবাসী ফুটবলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

প্রাথমিকভাবে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

আজকের রাশিফল: অতিরিক্ত রাগ লজ্জায় ফেলবে, ঘরে শান্তি চাইলে রান্না নিয়ে চুপ থাকুন

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

রাজধানীর কারওয়ান বাজারে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জোড়া সেঞ্চুরি করে র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন বিরাট কোহলি

ক্রীড়া ডেস্ক    
দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি সেঞ্চুরি করেন কোহলি। ছবি: ক্রিকইনফো
দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি সেঞ্চুরি করেন কোহলি। ছবি: ক্রিকইনফো

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা স্বপ্নের মতো পার করেছেন বিরাট কোহলি। দুটি সেঞ্চুরির পাশাপাশি একটি ফিফটি এসেছে তাঁর ব্যাট থেকে। এমন পারফরম্যান্সের সুবাধে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ভারতের সাবেক অধিনায়ক।

২ ধাপ উন্নতি করে দুইয়ে উঠে এসেছেন কোহলি। তারকা ব্যাটারের সংগ্রহ ৭৭৩ রেটিং পয়েন্ট। সিরিজের প্রথম ওয়ানডেতে ১২০ বলে ১৩৫ রান করেন কোহলি। দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ১০২ রান। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ৪৫ বলে খেলেন ৬৫ রানের অপরাজিত ইনিংস। ৩ ম্যাচে ৩০২ রান করে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন কোহলি। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিয়ে এখন কেবল ভারতের হয়ে ওয়ানডে সংস্করণেই খেলে যাচ্ছেন ইতিহাসের সেরা ব্যাটারদের একজন।

সিরিজে কোহলির মতো দুর্দান্ত ফর্মে না থাকলেও কম যাননি রোহিত শর্মা। ২ ফিফটিতে ১৪৬ রান করেন এই ওপেনার। যথারীতি ওয়ানডে ব্যাটারের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। এই মারকুটে ব্যাটারের সংগ্রহ ৭৮১ রেটিং পয়েন্ট। সতীর্থ কোহলির কাছে শীর্ষস্থান হারানোর শঙ্কায় আছেন রোহিত।

সেরা দশে পরিবর্তন আছে আরও চারটি। এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন ড্যারেল মিচেল। আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরানেরও এক ধাপ অবনমন হয়েছে। চারে নেমে গেছেন তিনি। এক ধাপ উন্নতি করে নয়ে উঠে এসেছেন শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা। এক ধাপ পিছিয়ে বর্তমানে দশে অবস্থান করছেন ভারতের তারকা ব্যাটার শ্রেয়াশ আইয়ার। অস্ট্রেলিয়া সফরে চোট পান তিনি। এরপর থেকেই দলের বাইরে আছেন। কবে ফিরবেন সেটা এখনো নিশ্চিত নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

প্রাথমিকভাবে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

আজকের রাশিফল: অতিরিক্ত রাগ লজ্জায় ফেলবে, ঘরে শান্তি চাইলে রান্না নিয়ে চুপ থাকুন

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

রাজধানীর কারওয়ান বাজারে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভারতে তিন ক্রিকেটারের বিরুদ্ধে কোচকে গুরুতর জখমের অভিযোগ

ক্রীড়া ডেস্ক    
ক্রিকেটারদের হামলার শিকার হয়েছেন কোচ এস ভেঙ্কটরমন। ছবি: সংগৃহীত
ক্রিকেটারদের হামলার শিকার হয়েছেন কোচ এস ভেঙ্কটরমন। ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের সঙ্গে কোচের বাকবিতণ্ডার ঘটনা নতুন কিছু নয়। মাঠে কিংবা মাঠের বাইরে নানা কারণে বনিবনা হয় না। কিন্তু ভারতের পুডুচেরিতে যা হলো, সেটা রীতিমতো অবাক করার মতো। কোচকে পিটিয়ে গুরুতর জখম করেছেন তিন ক্রিকেটার।

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ক্রিকেটারদের বিরুদ্ধে কোচ এস ভেঙ্কটরমনকে জখমের অভিযোগ উঠেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা গেছে। ক্রিকেট অ্যাসোসিয়েন অব পুডুচেরির (সিএপি) অনুশীলন সেন্টারের ভেতরে সোমবার বেলা ১১টায় পুডুচেরির অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ভেঙ্কটরমনের ওপর তিন স্থানীয় ক্রিকেটার আক্রমণ করেছেন। ইন্ডোর নেটে হামলার এই ঘটনায় কোচ মাথায় গুরুতর চোট পেয়েছেন। তাতে ২০ সেলাই লেগেছে তাঁর মাথায়। কোচের ঘাড়ের হাড়ের স্থানচ্যুতিও হয়েছে।

দল থেকে বাদ দেওয়ার ক্ষোভে ক্রিকেটাররা কোচ ভেঙ্কটরমনের ওপর এমন হামলা করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। পুডুচেরির সেদারাপাত পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের উপপরিদর্শক এস রাজেশ বলেন, ‘ভেঙ্কটরমনের কপালে ২০ সেলাই দিতে হয়েছে। কিন্তু তার অবস্থা স্থিতিশীল। অভিযুক্ত ক্রিকেটাররা এখনো পলাতক। তাদের ধরার চেষ্টা করছি। বিস্তারিত ঘটনা নির্ধারিত সময়ের মধ্যে জানানো যাবে।’ ভেঙ্কটরমনের অভিযোগের তালিকায় থাকা তিন ক্রিকেটার হলেন কার্তিকিয়ান জয়াসুন্দরম, এ অরবিন্দরাজ ও এস সন্তোষ কুমারন। এই তিন ক্রিকেটারের মধ্যে ৩২ বছর বয়সী জয়াসুন্দরম সবচেয়ে বয়স্ক।

ভারতীদাসান পুডুচেরি ক্রিকেটার্স ফোরামের সভাপতি জি চন্দরনও আছেন ভেঙ্কটরমনের অভিযুক্তদের তালিকায়। তিন ক্রিকেটারকে চন্দরন উস্কেছেন বলে অভিযোগ ভেঙ্কটরমনের। অভিযোগপত্রে পুডুচেরি অনুর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ বলেন, ‘অরবিন্দরাজ আমাকে ধরে রাখে। কার্তিকিয়া ব্যাটটা নিয়েছে সন্তোষ কুমারনের থেকে। আক্রমণের উদ্দেশ্যই ছিল আমাকে হত্যা করা। আঘাতের সময় চন্দরনকে বলতে শুনেছি, ‘সুযোগ পেলে ঠিকই তাকে মেরে যেতাম।’ কোচ ভেঙ্কটরমনের আরেক পরিচয় তিনি সিএপির সাবেক সভাপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

প্রাথমিকভাবে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

আজকের রাশিফল: অতিরিক্ত রাগ লজ্জায় ফেলবে, ঘরে শান্তি চাইলে রান্না নিয়ে চুপ থাকুন

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

রাজধানীর কারওয়ান বাজারে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কোচের চাকরি বাঁচানোর লড়াইয়ে কি জিততে পারবে রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক    
কোচ জাবি আলোনসোর চাকরি বাঁচানোর লড়াইয়ে আজ রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ছবি: সংগৃহীত
কোচ জাবি আলোনসোর চাকরি বাঁচানোর লড়াইয়ে আজ রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ছবি: সংগৃহীত

নতুন কোচ জাবি আলোনসোর অধীনে মৌসুমের শুরুতেই যে চমক দেখিয়েছিল রিয়াল, ক্রমেই সেটি ফিকে হয়ে এসেছে। মাঠের বাজে পারফরম্যান্স দর্শকদের সামনে টেনে আসছে কার্লো আনচেলত্তির শেষ দিকের নিষ্প্রভ রিয়ালকেই। এমন রিয়াল মানেই কোচের চাকরি যাওয়া। লিগে ঘরের মাঠে সেলতা ভিগোর কাছে অসহায় আত্মসমর্পণের পর কেউ কেউ কোচ আলোনসোরও ‘শেষ’ দেখছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচের মাত্র দুটিতে জয়, এমন পরিস্থিতে প্রচণ্ড চাপের মধ্যে রিয়াল কোচ। তবে আলোনসোর বিশ্বাস, রিয়াল মাদ্রিদের পরিস্থিতি দ্রুতই বদলে যাবে।

আজকের পত্রিকা গ্রাফিক্স
আজকের পত্রিকা গ্রাফিক্স

এই বদলে যাওয়ার উপলক্ষটা কী? চ্যাম্পিয়নস লিগে আজ ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়াইকে ঘিরে সংবাদ সম্মেলনে এমন এক প্রশ্নের জবাবে আলোনসো বললেন, ‘এই দল, এই ক্লাব সবাই একসঙ্গে আছে। রিয়াল মাদ্রিদের কোচ হলে এমন পরিস্থিতি ঠান্ডা মাথায়, ঐক্য ধরে রেখে, দায়িত্বশীলভাবে সামলাতে জানতে হয়। আমি সামনে যা আসছে, তার জন্য উদ্‌গ্রীব। জানি, রোববারের যে ক্ষোভ ছিল, তা থেকে সিটির বিপক্ষে ম্যাচের উত্তেজনায় সবকিছুই বদলে যেতে পারে। ফুটবলে ভালো বা খারাপ, সবকিছুই খুব দ্রুত বদলে যায়। দৃষ্টিভঙ্গিও বদলে যায়। আমরা এখন সেই মুহূর্তে আছি।’

তবে পরিস্থিতি বদলানোর জন্য ম্যান সিটির বিপক্ষে জিততেই হবে রিয়ালকে। জয়ের আশাই করছেন রিয়াল কোচ, ‘আমরা মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। দল একতাবদ্ধ। আমরা সবাই বিশ্বাস করি, ম্যাচ জয়ের সামর্থ্য আমাদের আছে।’ জিততে পারবে কি রিয়াল মাদ্রিদ!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

প্রাথমিকভাবে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

আজকের রাশিফল: অতিরিক্ত রাগ লজ্জায় ফেলবে, ঘরে শান্তি চাইলে রান্না নিয়ে চুপ থাকুন

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

রাজধানীর কারওয়ান বাজারে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

এলাকার খবর
Loading...

সম্পর্কিত