Ajker Patrika

লিড নেওয়ার পথে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৭ মে ২০২৬, ১৫: ০৫
লিড নেওয়ার পথে বাংলাদেশ
দারুণ বোলিং করছেন তাসকিন, মিরাজ, তাইজুলরা। ছবি: বিসিবি

টপ অর্ডার এবং মিডল অর্ডারদের ব্যর্থতায় বাংলাদেশকে আগলে রেখেছিলেন লিটন দাস। দারুণ এক সেঞ্চুরিতে দলকে পৌনে তিন শর কোটায় নিয়ে যান তিনি। এই উইকেটরক্ষক ব্যাটারের মতো দৃঢ়তা দেখাতে পারলেন না পাকিস্তানের কোনো ব্যাটার। সফরকারীদের ব্যাটিং ব্যর্থতায় মাঝারি মানের সংগ্রহ নিয়েও লিডের অপেক্ষায় বাংলাদেশ।

দিনের শুরুতেই পাকিস্তানকে চেপে ধরেছিল বাংলাদেশ। তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজের যৌথ আক্রমণে প্রথম সেশনেই অতিথিদের ৪ উইকেট তুলে নেন নাজমুল হোসেন শান্তরা। সিলেটে দিনের দ্বিতীয় সেশনেও বাংলাদেশের বোলারদের দাপট। একের এক উইকেট হারিয়ে অলআউট হওয়ার শঙ্কা পাকিস্তান শিবিরে।

ওয়ানডে মেজাজি ব্যাটিংয়ে মধ্যাহ্ন বিরতির পর ফিফটি তুলে নেন বাবর আজম। সাবেক অধিনায়কের দিকে তাকিয়ে ছিল গোটা দল। কিন্তু পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির হয়ে খেলা সতীর্থ নাহিদ রানার বলে থামেন বাবর। ফুল লেন্থ ডেলিভারি ফ্লিক করতে গিয়ে মিড অনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দেন। ১০ বাউন্ডারিতে ৬৮ রান করেন তিনি।

কিছুক্ষণ পর ২১ রান করা সালমান আলী আগাকেও হারায় পাকিস্তান। তাইজুলের বলে সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে মুমিনুলের হাতে ধরা পড়েন এই ব্যাটার। লাঞ্চের পর অল্প সময়ের ব্যবধানে বাবর এবং সালমানকে হারানোয় পাকিস্তানের একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে টিকে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। ভরসা দিতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। তাইজুলের করা ৪৯তম ওভারে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। ১৩ রান আসে রিজওয়ানের ব্যাট থেকে। এরপর ১৮ রান করা হাসান আলীকেও ফেরান তাইজুল। ১৮৪ রানে অষ্টম উইকেট হারায় পাকিস্তান। লিড নিতে বাংলাদেশের দরকার আর মাত্র ২ উইকেট।

দ্বিতীয় সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২০৬ রান। ৭২ রানে পিছিয়ে দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত