Ajker Patrika

রানা-তাসকিন কেন নেই, জাকেরকে নেওয়ার ব্যাখ্যা কী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২৮
রানা-তাসকিন কেন নেই, জাকেরকে নেওয়ার ব্যাখ্যা কী
নাহিদ রানা-তাসকিন আহমেদ নেই আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। ছবি: সংগৃহীত

ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সার-ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করার কৌশলটা নাহিদ রানার ভালোই জানা। দুর্দান্ত বোলিংয়ে ওয়াকার ইউনিস-ইয়ান বিশপদের মতো ক্রিকেট বিশেষজ্ঞদেরও প্রশংসা কুড়িয়েছেন রানা। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও বাংলাদেশের গতিতারকাকে কাটাতে হবে ডাগআউটে বসে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে রানা-তাসকিন আহমেদের মতো তারকা পেসারদের নাম নেই। দল ঘোষণার পর বিসিবির ভিডিও বার্তায় ব্যাখ্যা দিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। রানার ব্যাপারে সুমন বলেন, ‘তাকে নিয়ে অবশ্যই আমরা চিন্তাভাবনা করেছি। আগামী মাসের ১০ তারিখ থেকে তাকে পাওয়া যাবে। আমাদের পরবর্তী পাঁচ টেস্ট যেমন আফগানিস্তান টেস্ট এবং পরবর্তী যে চারটা টেস্ট আছে, প্লাস ইংল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে টেস্ট আছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। এই টেস্ট ম্যাচগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

রানা সবশেষ টেস্ট খেলেছেন এ বছরের মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে। তবে তাসকিন তো অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে টেস্ট ম্যাচ জিততে অবদান রেখেছেন। সেই টেস্টে নিয়েছেন ৩ উইকেট। সিরিজে পেয়েছেন ৪ উইকেট। তাসকিনকেও রাখা হলো না আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। তাঁর ব্যাপারে সুমনের বক্তব্য, ‘তাসকিন আহমেদকেও আমরা এই টেস্ট ম্যাচ থেকে বিশ্রাম দিয়েছি। অবশ্যই তাকেও আমরা আসলে ডব্লিউটিসি টেস্টের পরবর্তী ম্যাচ, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচে যেন পুরোপুরিভাবে পাই, সেজন্য এই টেস্ট (আফগান টেস্ট) ম্যাচে তাকেও রাখা হয়নি। সে সম্ভবত ওয়ানডে সিরিজ খেলবে। তার ছন্দটা যেন থাকে এবং সে টেস্ট খেলার মধ্যেই আছেন।’

আন্তর্জাতিক ক্রিকেটে জাকের আলী অনিক এক বছর ধরে ব্রাত্য। সবশেষ তিনি বাংলাদেশের জার্সিতে খেলেছেন গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। টেস্টে শেষবারের মতো তাঁকে দেখা গেছে জুনে শ্রীলঙ্কার বিপক্ষে। আফগানিস্তান ম্যাচ দিয়ে তাঁর ফুরোচ্ছে দীর্ঘদিনের অপেক্ষা।

জাকেরকে দলে নিতে গিয়ে সুমন উল্লেখ করেছেন অমিত হাসানের নাম। বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘অমিত হাসান মাত্র ক্যারিয়ার শুরু করেছে। সে অবশ্যই ভবিষ্যতে ফের সুযোগ পাবে। কিন্তু এই টেস্ট ম্যাচগুলোতে আমরা আসলে একদম আমাদের যারা অভিজ্ঞ ক্রিকেটার, যারা আগে খেলেছে, পারফর্ম করেছে, তাদের নিয়ে চিন্তাভাবনা করছি। দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে জাকের আলী অনিককে বেছে নিয়েছি।’

অমিত হাসান একমাত্র টেস্ট খেলেছেন জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচ দিয়েই টেস্টে অভিষেক হয়েছে হৃদয়ের। কদিন আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রান করে আলোচনায় আসেন তিনি। জায়গা করে নিয়েছেন আফগানিস্তান টেস্টে। এদিকে বাংলাদেশে এখন চলছে পেস বিপ্লব। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ১-১ সমতায় টেস্ট সিরিজ ড্র করেছে। হাসান মাহমুদ ডারউইনে ৯ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। শরীফুল ইসলাম ম্যাকাইয়ে এক ইনিংসে বোলিং করে ৪৮ রানে ৭ উইকেট নিয়েছেন। যা বিদেশের মাঠে টেস্টে বাংলাদেশের সেরা বোলিং। অমিত অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকলেও একাদশে সুযোগ পাননি।

আফগানিস্তান টেস্টে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে স্পিনার নাঈম হাসানের সঙ্গে যাচ্ছেন দুই পেসার ইকবাল হোসেন ইমন ও মুশফিক হাসান। ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। এই সিরিজ শেষেই আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। যদিও কোনো সিরিজেরই ভেন্যু এখনো নিশ্চিত করা হয়নি।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে রানা-তাসকিন খেলবেন কি না, তা এখনো অনিশ্চিত। কারণ, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দুটি করে টেস্ট খেলবে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে। যার মধ্যে প্রোটিয়া সিরিজটাই অ্যাওয়ে সিরিজ। বর্তমানে ৫৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে বাংলাদেশ রয়েছে চারে। তবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত