
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানির প্রধান কোচ জুলিয়ান নাগেলসমানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর দাবি, তাঁকে বরখাস্ত করার খুব কাছেই আছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। নাগেলসমানের উত্তরসূরি হিসেবে সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের নাম।
বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জার্মান ট্যাবলয়েড বিল্ড জানিয়েছে, ডিএফবির ফ্রাঙ্কফুর্ট সদর দপ্তরে নাগেলসমানের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক হয়েছে। সেখানে তাঁকে দায়িত্ব ছাড়ার বিনিময়ে ৭০ লাখ ইউরো (প্রায় ৮০ লাখ মার্কিন ডলার) ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।
বিশ্বকাপের সেরা ৩২-এ প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে জার্মানির বিদায়ের পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েন মাত্র ৩৮ বছর বয়সী নাগেলসমান। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে প্রত্যাশার অনেক আগেই বিদায় নিল জার্মানি। এর আগে রাশিয়া ও কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল চারবারের চ্যাম্পিয়নরা।
২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম নকআউট পর্বে খেলেছিল জার্মানি। তবে সেই প্রত্যাবর্তনেও তাদের যাত্রা সুখকর হলো না।
বিশ্বকাপ ব্যর্থতার পর মঙ্গলবার ডিএফবির সভাপতি বার্ন্ড নয়েনডর্ফ তাৎক্ষণিক তদন্তের ঘোষণা দেন। এদিকে বার্তা সংস্থা এএফপির ক্রীড়াবিষয়ক সহযোগী প্রতিষ্ঠান এসআইডির তথ্য অনুযায়ী, নাগেলসমানের ভবিষ্যৎ নিয়ে আগামী সপ্তাহের শুরুতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিএফবি।
নাগেলসমানের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত, যা ২০২৫ সালের জানুয়ারিতে নবায়ন করা হয়েছিল। যদিও তাঁর বেতনের আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। জার্মান সংবাদমাধ্যমের দাবি, বছরে প্রায় ৭০ লাখ ইউরো পারিশ্রমিক পান নাগেলসমান।
স্কাই এবং জ্যুডডয়চে সাইটুংসহ জার্মানির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, নাগেলসমানের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ক্লপ। ২০২৪ সালে লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর কোচিং থেকে বিরতি নেন তিনি। বর্তমানে রেড বুলের গ্লোবাল ফুটবল বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। এই দায়িত্বে অস্ট্রিয়া, জার্মানি, ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও জাপানে রেড বুলের মালিকানাধীন বিভিন্ন ক্লাবের ফুটবল কার্যক্রম তদারকি করছেন তিনি।

বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে মিয়ামিতে এখন উৎসবের আমেজ। শহরের রাস্তাজুড়ে দেখা যাচ্ছে আকাশি-সাদা জার্সি, পতাকা আর সমর্থকদের উচ্ছ্বাস। তবে এই উৎসবের পাশাপাশি আয়োজকদের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে টিকিট সংকট, আকাশছোঁয়া পুনর্বিক্রয় মূল্য এবং স্টেডিয়ামের নিরাপত্তা।
৩ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য রেকর্ড। গোল আর ট্রফিতে ভরা তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে অর্জনের শেষ নেই। কিন্তু এতসব সাফল্যের মাঝেও একটি পরিসংখ্যান আজও তাঁকে তাড়া করে ফেরে তাঁকে। বিশ্বকাপে নকআউট পর্বে এখন পর্যন্ত কোনো গোল করতে পারেননি পর্তুগিজ মহাতারকা।
৪ ঘণ্টা আগে
নরওয়ের বিপক্ষে কখনো জেতা হয়নি—বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচের আগে এই সমীকরণ ব্রাজিলের জন্য একটা চিন্তার কারণ বটে। এ যাত্রায় ইতিহাস বদলাতে না পারলে বিশ্বকাপ যাত্রা থেমে যাবে সেলেসাওদের। মাঠের লড়াই ছাড়াও গুরুত্বপূর্ণ সে ম্যাচে আরও একটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে কার্লো আনচেলত্তির দলের সামনে।
৫ ঘণ্টা আগে
এটাও কী সম্ভব! মাত্র ২৪ ঘণ্টার কিছু বেশি সময়ের ব্যবধানে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আফ্রিকার তিন দল আইভরি কোস্ট, ডিআর কঙ্গো প্রজাতন্ত্র ও সেনেগাল। কাকতালীয় ব্যাপার হলো, হারার পথে এই তিন দলই ৮৬তম মিনিটে গোল হজম করেছে।
৬ ঘণ্টা আগে