Ajker Patrika

‘আমাদের খেলোয়াড়েরা ভুক্তভোগী ছিল’

ক্রীড়া ডেস্ক    
‘আমাদের খেলোয়াড়েরা ভুক্তভোগী ছিল’
ফাইনালের পর সেই অপ্রত্যাশিত মুহূর্ত। যেটা নিয়ে আলোচনা-সমালোচনা এখনো শেষ হয়নি। ফাইল ছবি

বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে ফিফার নিষেধাজ্ঞার পরও থামেনি আলোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাঁর দাবি, সেই ঘটনার জন্য স্পেনের খেলোয়াড়দের কোনো দায় ছিল না; বরং তাঁরা ছিলেন ভুক্তভোগী।

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে এক মাসেরও বেশি সময় আগে। তবে ম্যাচের পরের বিতর্কিত ঘটনাগুলো নতুন করে আলোচনায় আসে ফিফার ডিসিপ্লিনারি কমিটির শাস্তির ঘোষণায়।

আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ এবং নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। রবার্তো আয়ালা পেয়েছেন ৩ ম্যাচের নিষেধাজ্ঞা, আর থিয়াগো আলমাদাকে নিষিদ্ধ করা হয়েছে ১ ম্যাচ। স্পেনের গাভিকেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন পরিস্থিতি মেনে নিতে পারছেন না লা ফুয়েন্তে। তাঁর কাছে ফাইনালের পরের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি পুরোপুরি অসহনীয় ও অগ্রহণযোগ্য। একই সঙ্গে স্পেনের খেলোয়াড়দের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। লা ফুয়েন্তে বলেন, ‘আমাদের খেলোয়াড়েরা ছিল ভুক্তভোগী এবং ওই পরিস্থিতির কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ঘটনার পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তাঁকে বার্তা পাঠিয়েছিলেন বলেও জানান লা ফুয়েন্তে। তাঁর দাবি, ফাইনালের পর ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য দুঃখ প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ। দলটির কয়েকজন ফুটবলারও স্পেনের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানান লা ফুয়েন্তে।

তবে শুধু শাস্তি দিয়েই বিষয়টির সমাধান চান না দে লা ফুয়েন্তে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে সতর্ক করেছেন তিনি, ‘ফুটবল একটি সমাজের ঐক্যের প্রতীক। ঐক্য, শান্তি ও সম্প্রীতির প্রতীক। কিন্তু এর কিছু কুৎসিত দিকও আছে, যেগুলোই সাধারণত বেশি আলোচনায় আসে। এটিও তেমনই একটি ঘটনা। এগুলো সামনে আনতে হবে, যাতে এমন ঘটনা আর না ঘটে। এগুলো অসহনীয়, অগ্রহণযোগ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত