Ajker Patrika

আরেক তামিমে ঘুচল পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির অপেক্ষা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১০: ২৭
আরেক তামিমে ঘুচল পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির অপেক্ষা
পাকিস্তানের বিপক্ষে ৯৮ বলে সেঞ্চুরি তুলে নিলেন তানজিদ হাসান তামিম। ছবি: ক্রিকইনফো

শাহিন শাহ আফ্রিদির বলে আউট হওয়ার পর মুশফিকুর রহিম কিছুক্ষণ ঠায় দাঁড়িয়েছিলেন। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সেদিন এক অঙ্কের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন মুশফিকুর রহিম। ২০১৮ এশিয়া কাপে মুশফিক না পারলেও আজ তিন অঙ্ক ছুঁয়েছেন তানজিদ হাসান তামিম। মিরপুর শেরেবাংলায় আজ পাকিস্তানের বিপক্ষে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন জুনিয়র তামিম।

বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত তানজিদ তামিম তিন বছরে বাংলাদেশের হয়ে ৩১ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি খেলেছেন। ৭৬ ম্যাচের ক্যারিয়ারে ১৭ ফিফটি করলেও তিন অঙ্ক ছুঁতে পারেননি। অবশেষে আজ আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ছক্কা মেরে তানজিদ তামিমের সেঞ্চুরির পর মিরপুর শেরেবাংলার গ্যালারিতে দেখা যায় উচ্ছ্বাস। তিন অঙ্ক ছুঁয়ে প্রথমে হেলমেটটা খুললেন। তারপর পিচে সিজদা দিলেন। তাতে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরির অপেক্ষা ঘুচল বাংলাদেশের। ২০১৫ সালে মিরপুরে সৌম্য সরকারের ১১০ বলে ১২৭ রানের ইনিংসের সুবাদেই পাকিস্তানকে ধবলধোলাই করেছিল বাংলাদেশ।

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। মিরপুরে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। সফরকারীরা তাদের একাদশে তিন পরিবর্তন এনেছে। আর বাংলাদেশ খেলছে অপরিবর্তিত একাদশ নিয়েই। আগে ব্যাটিং পেয়ে প্রথম থেকেই সাবলীলভাবে খেলতে থাকেন তানজিদ তামিম ও সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে ১০৯ বলে ১০৫ রান যোগ করেছেন তাঁরা। যার মধ্যে তামিমের স্কোর ছিল ৫৪ বলে ৬৩।

উদ্বোধনী জুটি ভাঙার পর তামিমের রান তোলার গতি কিছুটা কমে গেলেও সেঞ্চুরি করেছেন ১০০‍+ স্ট্রাইকরেটে। ৩৩তম ওভারের শেষ বলে সালমান আলী আগাকে সোজা সাইটস্ক্রিনের বরাবর ছক্কা মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন তামিম। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ৯৮ বল। তিন অঙ্ক ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ৩৭তম ওভারের তৃতীয় বলে আবরারকে কাট করতে যান তামিম। ব্যাটে বলে ঠিকমতো সংযোগ না হওয়া বল সোজা কাভারে শাহিন আফ্রিদির হাতে চলে যায়। ১০৭ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০৭ রান করে বিদায় নেন তানজিদ তামিম।

তানজিদ তামিমের বিদায়ের পর রান তোলার গতি কিছুটা কমে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভারে ৩ উইকেটে ২২৭ রান করেছে বাংলাদেশ। লিটন দাস ও তাওহীদ হৃদয় ২৬ ও ২১ রানে ব্যাটিং করছেন। ৩৪ বলে তারা ৩৩ রানের জুটি গড়েছেন।

২০১৫ সালের বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজটা ছিল তামিমময়। দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৩১২ রান করে সিরিজসেরা হয়েছিলেন তামিম ইকবাল। পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। ১১ বছর পর এবার বাংলাদেশের সামনে সেই সুযোগ থাকলেও গত পরশু ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মেথডে ১২৮ রানে হেরে যাওয়ায় তা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঘরে ঢুকে বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, ৮ দিন পরে মামলা

এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

আজকের রাশিফল: প্রাক্তনের ফোনে সংসারে সুনামি নামবে, আয়নায় নিজেকে ভেংচি কাটলে ইগো কমবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত