
ভারত-পাকিস্তান ম্যাচ যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে সোনার ডিমপাড়া রাজহাঁস, সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। সম্প্রচারক, দর্শকখাত থেকে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয় এই ম্যাচ ঘিরে। তবে এবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারত-ম্যাচ বয়কটের পর একটু বেকায়দায় পড়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না অনেক বছর ধরে। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ মেলে। সেটা নিশ্চিত করতেই এশিয়া কাপ, চ্যাম্পিয়নস ট্রফি, ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশির ভাগ সময় দুই দলকে রাখা হয় এক গ্রুপে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল একই গ্রুপে থাকলেও তাদের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ইন্ডিয়া টুডেকে কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল গাভাস্কার বলেন, ‘আইসিসির বিশ্বকাপের ড্র নিয়ে একটা জিনিস ভাবতে পারে। ভারত-পাকিস্তানকে একই গ্রুপে না রেখে এগোতে পারে আইসিসি।’
২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ছিল দুটি ভিন্ন গ্রুপে। ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত বিশ্বকাপে ভারতের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিল বাংলাদেশ। আর পাকিস্তানকে বিদায় করেছিল আয়ারল্যান্ড। ভারত-পাকিস্তান গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ায় ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ অনেকটাই ম্যাড়মেড়ে হয়ে গিয়েছিল।
১৯ বছর আগে মার্চ-এপ্রিল মাসে যখন ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল, একই বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা আয়োজন করেছিল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে প্রায়ই ভারত-পাকিস্তানকে রাখা হয় এক গ্রুপে। এ ব্যাপারে গাভাস্কার বলেন, ‘কেন এটা ঘটেছে, সেটার কাহিনী আমার জানা। ২০০৭ সালে ভারত-পাকিস্তান একটা পর্যায়ে মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আলাদা গ্রুপে রাখার কারণে এমনটা হয়নি এবং দুই দলই আগেভাগে ছিটকে গিয়েছিল। তখন থেকেই ভারত-পাকিস্তানকে এক গ্রুপে রাখার চেষ্টা করা হচ্ছে।’
২৪ জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে আইসিসি নতুন করে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছিল। সেদিনই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেছিলেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে আইসিসি। ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন নাকভি। সেদিনই তিনি জানিয়েছিলেন, ২ ফেব্রুয়ারির মধ্যে বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি। ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে বিশ্বকাপের ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে বিশ্বকাপের ভারত-ম্যাচ বয়কটের পর বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচের বাজারমূল্য ৫০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা। ভারত-পাকিস্তান ম্যাচের ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য আইসিসির ক্ষতি হবে ৫৪ লাখ টাকা। সম্প্রচারকারী প্রতিষ্ঠানেরও ৪০৩ কোটি টাকার লোকসান হবে। এমনকি বিসিসিআই, পিসিবি দুই বোর্ডেরই ২৬৯ কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। শুধু তা-ই নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তানের পয়েন্ট কেটে নিতে পারে আইসিসি।পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করতে পারে বড় দলগুলো।পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের অনাপত্তিপত্রের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আসতে পারে বলে শোনা গেছে। এমনকি এশিয়া কাপ থেকেও বাদ পড়তে পারে পাকিস্তান।
১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন হতে পারে, তবে সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের কিছু শর্তের কথাও আসছে নানা মাধ্যমে। পাকিস্তান চাইছে, হাতে থাকা ৩ দিনের মধ্যে বাংলাদেশকে যদি আইসিসি বিশ্বকাপে ফেরায় এবং তাদের চাওয়া অনুযায়ী শ্রীলঙ্কায় খেলতে দেয়, তাহলে মুহূর্তেই বর্তমান জটিলতা কেটে যাবে। যদি এ মুহূর্তে বাংলাদেশকে ফেরানো সম্ভব না হয়, তাহলে আইসিসিকে বাংলাদেশের জনগণের উদ্দেশে ক্ষমা চেয়ে বা দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে। বিসিবির চাওয়া, আইসিসির দায়িত্বশীল কেউ ঢাকায় এসে এই বিবৃতি দেবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ গত রাতে এক বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশের সমর্থনেই ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত তাদের।
৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে বিভিন্ন দল টুর্নামেন্ট অংশ নিতে আয়োজক দুই দেশে পৌঁছেছে। অন্য সময় টুর্নামেন্টের আগে যেমন রোমাঞ্চ, উন্মাদনা দেখা যায়, এবার যেন মাঠের বাইরের ইস্যুতে সব রং ফিকে হয়ে গেছে। টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হবে পাকিস্তান। একই মাঠে ১০ ফেব্রুয়ারি সালমান-বাবররা খেলবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৮ ফেব্রুয়ারি কলম্বোর এসএসসিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে রেকর্ডের পাতা ওলটপালট করে দেওয়া এক টুর্নামেন্ট হিসেবে দেখছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। তাঁর মতে, এবারের বিশ্বকাপে দর্শকেরা ব্যাটিং ঝড় উপভোগ করবেন; ব্যাটাররা এতটাই বেশি দাপট দেখাবেন যে ৩০০ কিংবা তারও বেশি দলীয় সংগ্রহ দেখা যেতে পারে।
৩০ মিনিট আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএলে থেকে বাদ পড়াকে কেন্দ্র করে টালমাটাল ক্রিকেট দুনিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এরই মাঝে দেশটির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য মোস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তি করেছে লাহোর কালান্দার্স
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম পর্বে দেখা যাবে না বাংলাদেশকে। ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় দলটিকে ছোট সংস্করণের বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। বিষয়টি মনে হতেই মন খারাপ হচ্ছে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে নিউজিল্যান্ড দল। টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে বেশ বিপদেই পড়েছে ব্ল্যাক ক্যাপরা। অসুস্থ হয়ে পড়েছেন দলটির দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। দলটির কোচ রব ওয়াল্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে