
এক গোল খেয়ে পিছিয়ে পড়ার পর ম্যাচটা যখন হাত থেকে ফসকে যাচ্ছিল, ঠিক তখনই ডাগআউটের এক জাদুকরী চালে পাশা উল্টে দিল দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর গুয়াদালাহারায় আজ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে নাটকীয় এক জয়ে ২০২৬ বিশ্বকাপ শুরু করল এশিয়ান পরাশক্তিরা।
খেলার শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখে দারুণ খেলছিল দক্ষিণ কোরিয়া। মাঝমাঠে বলের দখল রেখে ছোট ছোট পাসে তারা বারবার কাঁপন ধরাচ্ছিল চেক রক্ষণভাগে। দলের অধিনায়ক এবং সবচেয়ে বড় তারকা সন হিউং-মিন প্রথমার্ধেই একাই পাঁচটি শট নিয়ে প্রতিপক্ষকে তটস্থ রাখেন। কিন্তু কখনো প্রতিপক্ষের ডিফেন্ডারদের দেয়াল, আর কখনো ফিনিশিংয়ের অভাবে বল জালের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধের শেষ মুহূর্তে সনের একটি নিশ্চিত গোল দুর্দান্তভাবে ব্লক করেন চেক ডিফেন্ডার সুচেক। মাঠের লড়াই কতটা তীব্র ছিল, তা বোঝা যায় ম্যাচের ২৫ মিনিটে—যখন কোরিয়ান ডিফেন্ডারের টানে চেক ফরোয়ার্ড পাভেল সুলচের জার্সিটাই মাঝখান থেকে ছিঁড়ে যায়! শত চেষ্টার পরও প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধে যেন নাটকের আসল অংশ জমা ছিল। ৫৬ মিনিটে ফাঁকা গোলপোস্ট পেয়েও অবিশ্বাস্যভাবে বল বাইরে মেরে বসেন সন। এই মিসের ধাক্কা কাটানোর আগেই, ম্যাচের ৫৯ মিনিটে পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয় চেকিয়া। পুরো ম্যাচে একদম কোণঠাসা হয়ে থাকা দলটি হঠাৎ উঁড়ে আসা একটি লং-থ্রো থেকে গোল পেয়ে যায়। কোরিয়ান ডিফেন্সকে ফাঁকি দিয়ে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠিয়ে দেন চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি।
১-০ গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি কোরিয়া। ম্যাচের ৬৭ মিনিটে মাঝমাঠের জেনারেল হোয়াং ইন-বম চেক ডিফেন্সের ফাঁক গলে বক্সে ঢুকে পড়েন। গোলরক্ষককে বোকা বানিয়ে ঠান্ডা মাথার এক চিপ শটে বল জালে জড়িয়ে কোরিয়াকে ১-১ সমতায় ফেরান তিনি। সমতা ফেরার ঠিক পরেই কোরিয়ান কোচ হং মিউং-বো ম্যাচের সবচেয়ে বড় জুয়াটি খেলেন। ৬৯ মিনিটে খোদ অধিনায়ক সন হিউং-মিনকে মাঠ থেকে তুলে তিনি নামিয়ে দেন তরুণ স্ট্রাইকার ওহ হিউন-গিউ-কে। কোচের এই সাহসী চালই ম্যাচের ভাগ্য পুরোপুরি বদলে দেয়।
মাঠে নামার পর থেকেই চেক ডিফেন্সে ত্রাস সৃষ্টি করেন ওহ হিউন-গিউ। ম্যাচের ৮০ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডান প্রান্ত থেকে হুয়াং চমৎকার একটি নিচু পাস বাড়ান বক্সের ভেতর, আর সেখানে চিতার বেগে ছুটে এসে চমৎকার সলাইড শটে লক্ষ্যভেদ করেন সুপার-সাব ওহ হিউন-গিউ। ২-১ গোলে এগিয়ে গিয়ে গ্যালারিতে কোরিয়ান সমর্থকদের বাঁধভাঙা উল্লাসে ভাসান তিনি।
শেষ দিকে চেকিয়া সমতায় ফেরার মরিয়া চেষ্টা করলেও কোরিয়ার জমাট ডিফেন্স আর ভাঙতে পারেনি। রেফারি শেষ বাঁশি বাজাতেই নিশ্চিত হয়ে যায়—সব বাধা আর হতাশা টপকে রোমাঞ্চকর এক জয় নিয়েই মাঠ ছেড়েছে দক্ষিণ কোরিয়া।

গতকাল রাতেই মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়ে গেছে বিশ্বকাপ। আজ কানাডা, যুক্তরাষ্ট্রেও শুরু হয়ে যাবে টুর্নামেন্ট। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।
২৭ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে গত রাতেই। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে আরও পড়ে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আর্জেন্টিনা দল পরিণত হয়েছে ছোটখাট এক হাসপাতালে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরুর পরও দুশ্চিন্তা তাই কাটেনি।
১ ঘণ্টা আগে
তিন দেশ মিলিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে। গত রাতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা। আজ সকালে হয়েছে দক্ষিণ কোরিয়া-চেক প্রজাতন্ত্র ম্যাচ। রাতেই মাঠে নামছে বিশ্বকাপের আরেক আয়োজক কানাডা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে কানাডা-বসনিয়া ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে বিটিভি
২ ঘণ্টা আগে
শুরুর আগে থেকেই নানা কারণে আলোচনায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের শুরুটাও কম আলোচিত নয়। মেক্সিকোর আসতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ তো লাল কার্ডের কারণে এমনিতেই ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে। এমনকি স্টেডিয়ামের বাইরেও পরিবেশ উত্তপ্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে