Ajker Patrika

দাদির মৃত্যুশোকেও বিশ্বকাপ খেলেছিলেন, এবার নিজেই না ফেরার দেশে

ক্রীড়া ডেস্ক    
দাদির মৃত্যুশোকেও বিশ্বকাপ খেলেছিলেন, এবার নিজেই না ফেরার দেশে
জেইডেন অ্যাডামস। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন বুকভরা শোক নিয়ে। প্রিয় দাদির মৃত্যুর মাত্র এক দিন পরও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন জেইডেন অ্যাডামস। সেই হৃদয়ছোঁয়া গল্পের এক মাসও পেরোয়নি, এবার নিজেই চলে গেলেন না ফেরার দেশে। মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ খেলা এই মিডফিল্ডার।

এক বিবৃতিতে গতকাল অ্যাডামসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি। মৃত্যুর কারণ জানানো হয়নি। কেপটাউনের স্কটশেকলুফ এলাকার একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর পুলিশ তদন্ত শুরু করেছে। পরে সেটি অ্যাডামসের মরদেহ বলে নিশ্চিত হওয়া যায়।

ক্রীড়ামন্ত্রী ম্যাকেঞ্জি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ফুটবল তার সবচেয়ে উজ্জ্বল তরুণ প্রতিভাদের একজনকে হারাল।’ আফ্রিকান ফুটবল কনফেডারেশনও শোক প্রকাশ করে জানিয়েছে, ‘ফুটবল তার আপনজনদের একজনকে হারিয়েছে।’

চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গ্রুপপর্বের তিনটি ম্যাচেই খেলেছিলেন অ্যাডামস। তাঁর পারফরম্যান্সে ভর করেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠে ‘বাফানা বাফানা’। যদিও কানাডার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে মাঠে নামা হয়নি তাঁর।

বিশ্বকাপের আগে ব্যক্তিগত জীবনে বড় ধাক্কাও সামলাতে হয়েছিল তাঁকে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচের আগের দিন মারা যান তাঁর দাদি। সেই শোক নিয়েই পরদিন মাঠে নেমে পুরোটা উজাড় করে খেলেছিলেন অ্যাডামস। তখন দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, ব্যক্তিগত বেদনা বুকে নিয়েও তিনি দেশের জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছেন।

কেপটাউনে জন্ম নেওয়া অ্যাডামস স্টেলেনবস এফসির একাডেমি থেকে উঠে এসেছিলেন। ২০২০ সালে ক্লাবটির ইতিহাসে প্রথম একাডেমি গ্র্যাজুয়েট হিসেবে পেশাদার চুক্তি করেন। পরে ১৩৯ ম্যাচ খেলে ২০২৩ সালে দলকে কার্লিং নকআউট শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২৫ সালে যোগ দেন মামেলোদি সানডাউন্সে, যেখানে প্রিমিয়ারশিপ ও কাফ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদও পান।

ব্যক্তিগত শোককে পাশে সরিয়ে যিনি দেশের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন, তাঁর আকস্মিক বিদায়ে শোকে স্তব্ধ দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত