‘বিশ্বকাপে ছিল বাংলাদেশও’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলাদেশের মানুষের ফুটবল উন্মাদনা যে বিশ্বজুড়ে পরিচিত, সেটি বিশ্বকাপ কাভার করতে গিয়ে ক্রীড়া সাংবাদিক ও লেখক রানা আব্বাস খুব কাছ থেকে দেখেছেন। ২০২৬ বিশ্বকাপে মেসি-নেইমারদের ‘লাস্ট ড্যান্স’ দেখার অভিজ্ঞতার সঙ্গে কিছু বিচিত্র ঘটনা আর বিশ্বকাপে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে রানা আব্বাসের লেখা ‘বিশ্বকাপে ছিল বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে আজ।
বইটি প্রকাশ করেছে ‘স্বপ্ন ৭১’। দাম ২০০ টাকা। আজ রোববার বিকেলে বনশ্রীতে দৈনিক আজকের পত্রিকার কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি ও প্রকাশক আবু সাঈদ। উপস্থিত ছিলেন আজকের পত্রিকার বিভিন্ন বিভাগের কর্মীরা।
অনুষ্ঠানে কামরুল হাসান বলেন, ‘বই লেখা অনেক কঠিন কাজ। আমার প্রত্যাশা, আমাদের সবাই যেন লেখক হয়। রানার বইয়ের সাফল্য কামনা করি।’
সাবেক স্ট্রাইকার এমিলি বলেন, ‘বিশ্বকাপে রানা ভাই মার্তিনেজ, স্কালোনিকে প্রশ্ন করেছেন, তখনই দেখেছিলাম। বইটা রানা ভাইয়ের জীবনের আর্কাইভে থেকে যাবে।’
প্রকাশক আবু সাঈদ বলেন, ‘বইটা বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য, যারা বিশ্বকাপের সময় ব্রাজিল-আর্জেন্টিনাকে বিপুল সমর্থন দিয়ে উন্মাদনায় মেতে ওঠেন, তাদের জন্য। বইটা প্রকাশ করে তৃপ্তি পেয়েছি।’
লেখক রানা আব্বাস অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মেসি, নেইমার, রোনালদোকে আমরা আর দেখব না আন্তর্জাতিক ফুটবলে। তাদের শেষ বিশ্বকাপটা দেখার অভিজ্ঞতা হয়েছে মাঠ থেকে। আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের সমর্থকদের যে বিপুল ভালোবাসা, সেটার স্বীকৃতি পেতে দেখেছি সামনে থেকে। সে সব নিয়েই এই বই।’
বইটি পাওয়া যাচ্ছে রকমারিতেও।









