
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির চেয়ারটা নাজমুল হাসান পাপনের ছিল ১২ বছর। কিন্তু ২০২৪ সালের ২১ আগস্ট তিনি পদত্যাগের পর এই পদে পরিবর্তন এসেছে বারবার। ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলের পর এখন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স তাতে মোটেও অবাক হননি।
গত বছরের ৬ অক্টোবরের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তামিম ও তাঁর সমমনা সংগঠকেরা প্রশ্ন তুলেছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) তাঁরা অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের পর বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে এনএসসি অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে বিসিবিতে। তামিম ইকবাল সেই অ্যাডহক কমিটির সভাপতি।
বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে পরশু। তার আগে আজ সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। বিসিবি সভাপতির পদে অল্প সময়ে বারবার পরিবর্তন নিয়ে জিজ্ঞেস করা হলে সিমন্স বলেন, ‘জীবনে কোনো কিছুই আমাকে আর অবাক করে না। এর সঙ্গে বাংলাদেশ বা অন্য কিছুর সম্পর্ক নেই। এরই নাম জীবন। আমি অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছি এবং জানি যে প্রতিদিন অনেক কিছুই ঘটে। কোনো কিছুতেই তাই অবাক হই না।’
বুলবুলের বোর্ড ভেঙে তামিমের নেতৃত্বে ৭ এপ্রিল অ্যাডহক কমিটি গঠিত হওয়ার পর শোনা যাচ্ছে নানা রকম কথাবার্তা। ১১ সদস্যের কমিটিতে আছেন তিন মন্ত্রীর ছেলে এবং একজন প্রতিমন্ত্রীর স্ত্রী। সংসদ অধিবেশনেও কথা চলে বিসিবিকে নিয়ে। তবে বোর্ডের এসব অভ্যন্তরীণ ঘটনা অনুশীলনে তেমন একটা প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন সিমন্স। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রধান কোচ বলেন, ‘প্রথমত আমরা কীভাবে কাজ করি বা অনুশীলন করি, তাতে এটা কোনো প্রভাব ফেলে না। আমাদের যে ক্যাম্প ছিল, সেটিতেও কোনো প্রভাব ফেলেনি। এটা আগে থেকেই পরিকল্পিত ছিল এবং সেভাবেই সম্পন্ন হয়েছে। আর আপনি যদি খেলোয়াড়দের ওপর প্রভাবের কথা বলেন, তবে সেটা তাদেরই জিজ্ঞেস করতে হবে। তবে আমি কোনো মানসিক প্রভাব দেখছি না। কারণ, তারা আগের মতোই কঠোর পরিশ্রম করেছে। সিরিজের (নিউজিল্যান্ড) প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন, তারা সবই করছে।’
২০২৪ সালে পাপনের পরিবর্তে ফারুক বিসিবি সভাপতি হওয়ার পর প্রধান কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয়। তখন হাথুরুর পরিবর্তে কোচের দায়িত্বে এসেছেন সিমন্স। সেই সিমন্স এসে প্রথমে ফারুক, এরপর বুলবুল এবং সবশেষ তামিমকে বিসিবি সভাপতি হিসেবে পেয়েছেন।
তিনবার বিসিবি প্রধান পরিবর্তন হওয়া কি সিমন্সের কাজে কোনো প্রভাব ফেলে—সংবাদ সম্মেলনে আজ তাঁর কাছে এসেছে এই প্রশ্ন। বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন, ‘আপনি যেমনটা বললেন, এটা তৃতীয়বার। দলের প্রস্তুতি বা আমাদের কাজের ধরনে কোনো প্রভাব ফেলেনি। একজন পেশাদার হিসেবে বিসিবির হয়ে কাজ করছি। বোর্ড সভাপতি কে হলেন, তাতে আমার কাজের কোনো পরিবর্তন হয় না। কেউ এসে আমাদের লক্ষ্য বা কাজের ধারা পরিবর্তনের চেষ্টা করেননি। আমরা যা করার পরিকল্পনা নিয়ে এসেছি, সেটিই করে যাচ্ছি।’
নতুন সভাপতির সঙ্গে কি কথা হয়েছে—এই প্রশ্নের উত্তরে সিমন্স বলেন, ‘হ্যাঁ। স্টাফদের সঙ্গে কথা হয়েছে। এরপর দুই দিন আগে যখন খেলা চলছিল, তিনি ড্রেসিংরুমে এসেছিলেন এবং আমাদের সঙ্গে কথা বলেছেন। কয়েকবার কথা হয়েছে।’
নিউজিল্যান্ড এবার বাংলাদেশ সফরে এসে সীমিত ওভারের সিরিজ খেলবে। ১৭ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত হবে তিনটি ওয়ানডে। প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে। আর তৃতীয় ওয়ানডের ভেন্যু চট্টগ্রাম। সেই চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল হবে প্রথম দুই টি-টোয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টি মিরপুরে হবে ২ মে।

চরম বাজে সময় পার করছে কলকাতা নাইট রাইডার্স। ৫ ম্যাচ খেলে ফেললেও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনো জয়ের মুখ দেখা হয়নি আজিঙ্কা রাহানের দলের। একের পর এক হারে কলকাতা যখন বিপর্যস্ত, তখন দলটির ভুল ধরিয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ
৯ ঘণ্টা আগে
পিএসজির বিপক্ষে চোট পেয়ে যখন মাঠ ছাড়ছিলেন, তখনই বোঝা যাচ্ছিল বাজে কিছু অপেক্ষা করছে হুগো একিতিকের জন্য। শেষ পর্যন্ত হলো তা-ই। চোটের কারণে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লিভারপুলের এই ফরাসি ফরোয়ার্ড।
১১ ঘণ্টা আগে
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন রুবেল হোসেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় রুবেল নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান তিনি।
১২ ঘণ্টা আগে
অনিয়মের অভিযোগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে আছেন তামিম ইকবাল। তবে কোচিং প্রোগ্রামের কারণে ঘুরেফিরে আবারও সামনে এল বুলবুলের নাম।
১২ ঘণ্টা আগে