
কথায় আছে, চ্যাম্পিয়নরা পথ খুঁজে নেয়। আর্জেন্টিনা যেন আবারও সেটিই প্রমাণ করল। নির্ধারিত ৯০ মিনিটে জয়ের দরজা খুলেও বন্ধ হয়ে গিয়েছিল। অতিরিক্ত সময়েও একের পর এক আক্রমণ ব্যর্থ হচ্ছিল। সুইজারল্যান্ড ১০ জন নিয়েও বুক চিতিয়ে লড়ছিল। ঠিক তখনই আবির্ভাব হুলিয়ান আলভারেসের। ১১২ মিনিটে তাঁর অসাধারণ এক বাঁকানো শট ভেঙে দিল সুইস দেয়াল। যোগ করা সময়ে লাউতারো মার্তিনেসের আরেকটি গোলে ৩-১ ব্যবধানে জয়ের সিলমোহর বসিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আক্রমণে ধার দেখায় আর্জেন্টিনাই। ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে দারুণ এক হেডে গোল করেন আলেক্সিস মাক আলিস্তার। বিশ্বকাপে এটি ছিল মেসির রেকর্ড দশম অ্যাসিস্ট। সেই গোলে দ্রুতই এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল।
গোলের পর আর্জেন্টিনা কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়লে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে সুইজারল্যান্ড। মাঝমাঠ থেকে খেলার ছন্দ নিয়ন্ত্রণ করলেও প্রথমার্ধে এমিলিয়ানো মার্তিনেসকে খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি সুইসরা। ফলে ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে চিত্র পাল্টে যায়। আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে সুইজারল্যান্ড। সেই চাপের পুরস্কারও পেয়ে যায় তারা। ৬৭ মিনিটে রিকার্দো রদ্রিগেসের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর বাঁ প্রান্ত থেকে ভেতরে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে সমতা ফেরান দান এনদোয়ে।
তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে কয়েক মিনিট পরই। প্রথমে লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি জোয়াও পিনেইরো। কিন্তু ভিএআরের পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে যায়। পারেদেসের কার্ড বাতিল করে অভিনয়ের দায়ে দ্বিতীয় হলুদ দেখানো হয় ব্রিল এমবোলোকে। মুহূর্তেই ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড।
একজন বেশি নিয়ে খেলেও নির্ধারিত সময়ে আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। যোগ করা সময়ে মেসির বাঁ পায়ের শট অল্পের জন্য বাইরে চলে যায়। অতিরিক্ত সময়েও একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। গ্রেগর কোবেল দুর্দান্ত সেভ করে আলমাদা, মেসি ও রোমেরোর প্রচেষ্টা ব্যর্থ করে দেন। মনে হচ্ছিল, ম্যাচটি বুঝি গড়াবে টাইব্রেকারে।
কিন্তু চ্যাম্পিয়নদের অপেক্ষা ছিল অন্য এক নায়কের। ১১০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন হোসে মানুয়েল লোপেস। দুই মিনিট পর তাঁর বাড়ানো বল বক্সের বাঁ প্রান্তে পেয়ে অসাধারণ এক বাঁকানো শটে কোবেলকে পরাস্ত করেন আলভারেস। বিশ্বকাপে এবার নিজের প্রথম গোলটিই করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে।
সুইজারল্যান্ড এরপর মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা চালায়। কিন্তু অতিরিক্ত সময়ের যোগ করা প্রথম মিনিটে তাদের সব আশা শেষ করে দেয় আর্জেন্টিনা। গ্রানিত জাকার কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণ শুরু করেন আলভারেস। থিয়াগো আলমাদার শট প্রথমে ঠেকিয়ে দেন কোবেল। তবে ফিরতি বলে কোনো ভুল করেননি লাউতারো মার্তিনেস। ফাঁকা জালে বল জড়িয়ে জয় নিশ্চিত করেন তিনি।
শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠেন মেসি ও তাঁর সতীর্থরা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে বর্তমান চ্যাম্পিয়নরা আবারও জানিয়ে দিল, নকআউট মঞ্চে তাদের হারানো কখনোই সহজ নয়। বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৬ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে