Ajker Patrika

আইসিসির বিশ্বকাপের প্রচারে বাংলাদেশের খেলা নেই

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৫: ৫৬
আইসিসির বিশ্বকাপের প্রচারে বাংলাদেশের খেলা নেই
২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর এভাবেই উদযাপন করেছিল বাংলাদেশ। তবে গতকাল আইসিসির প্রচারিত ভিডিওতে বাংলাদেশের কোনো ম্যাচই দেখানো হয়নি। ছবি: ক্রিকইনফো

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দামামা কি তাহলে বেজেই গেল! অনেকে এমন কথা শুনলে অবাক হতেই পারেন। সবেমাত্র বিশ্বকাপের ১২ ভেন্যুর নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। কোন ১৪ দল খেলবে, সেটাই ঠিক হয়নি। সূচি প্রকাশ তো বহুদূর। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এরই মধ্যে বিশ্বকাপের প্রচারের কাজ শুরু করে দিয়েছে।

ভেন্যু ঘোষণার পর তিন আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে আইসিসি। সেখানে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ের ক্রিকেট উন্মাদনা ও আফ্রিকা মহাদেশের পারিপার্শ্বিক অবস্থা ফুটিয়ে তোলা হয়েছে। আইসিসি এরপর বিশ্বকাপের প্রচার নিয়ে আরেকটি ভিডিও পোস্ট করেছে। আজ সকালে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রচারিত ২ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে শুধু বাংলাদেশের দর্শকদের উন্মাদনা দেখানো হয়েছে। কিন্তু বিশ্বকাপে দলটির কোনো ম্যাচ ভিডিওতে নেই। অথচ ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারানো, ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে দুই পরাশক্তি ভারত-দক্ষিণ আফ্রিকাকে হারানো, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা—এমন অনেক কীর্তি বাংলাদেশের রয়েছে আইসিসির এই ইভেন্টে।

ক্রিকেটের ইতিহাসকে নতুন এক রূপ দিয়েছে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে আরেক নতুন অধ্যায় শুরু হতে চলেছে—বাংলাদেশের দর্শকদের উন্মাদনা আইসিসির যে ভিডিওতে দেখানো হয়েছে, সেই ভিডিওর ক্যাপশন এটা। সেখানে দেখানো হয়েছে স্যার ক্লাইভ লডের বিশ্বকাপের ট্রফি উদযাপনের দৃশ্য, বিরাট কোহলির উদযাপন, শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির পর উদযাপন, প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের ঘূর্ণি, মহেন্দ্র সিং ধোনির ছক্কা মেরে ২৮ বছর পর ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো—আরও অনেক কিছুই রয়েছে এই ভিডিওতে।

বাংলাদেশের দর্শকদের উন্মাদনার যে অংশটুকু দেখানো হয়েছে, ধারণা করা হচ্ছে সেটা ২০১৫ সালে অ্যাডিলেডে প্রবাসীদের উদযাপন। সেবার ইংল্যান্ডকে গ্রুপ পর্ব থেকে বিদায় করে বাংলাদেশ নাম লিখিয়েছিল কোয়ার্টার ফাইনালে। জেমস অ্যান্ডারসনকে বোল্ড করার পর রুবেল হোসেন যেমন উড়ছিলেন, পুরো বাংলাদেশ দল বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছিল। এর আগে ২০০৭ সালে ভারতকেও গ্রুপ পর্ব থেকে বিদায় করেছিল বাংলাদেশ। কিন্তু গতকালের ভিডিওতে বাংলাদেশের কোনো ম্যাচ দেখানো হয়নি।

আইসিসির বিশ্বকাপ নিয়ে প্রচারিত ভিডিওতে মেলবোর্নের ১৯৯২ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের উদযাপনও রয়েছে। শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের উদযাপনও দেখানো হয়েছে। এমনকি রয়েছে আয়ারল্যান্ডও। শেষটা করা হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার উদযাপনের মধ্য দিয়ে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ভারতীয় দর্শকের হৃদয় ভেঙে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে অজিরা।

জোহানেসবার্গে গতকাল এক অনুষ্ঠানে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যুর নাম চূড়ান্ত করা হয়েছে। অনুষ্ঠানে ছিলেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গে ছিলেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা মাখায়া এনটিনি ও হাশিম আমলা এবং নামিবিয়ার রুডলফ ইয়ানসেন ফন ফুরেন। এই ফুরেন নামিবিয়ার চিকিৎসক। ক্রিকেটের পাশাপাশি রাগবিতেও সমান পারদর্শী।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া মিলিয়ে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি গতকাল নিজেদের ওয়েবসাইটে বিশ্বকাপের ১২ ভেন্যুর নাম চূড়ান্ত করেছে। যার মধ্যে আটটি দক্ষিণ আফ্রিকায়, জিম্বাবুয়েতে তিনটি ও নামিবিয়ার এক ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট।

২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের মতো এবারও অংশ নেবে ১৪ দল। সেই দুইবার দুই গ্রুপে সাতটি করে দল খেলেছিল। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের পর ফাইনাল—এভাবে হয়েছিল টুর্নামেন্ট। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সংস্করণ অনেকটা বদলেছে। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া আইসিসির এই ইভেন্টে হবে ৫৪ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত