Ajker Patrika

ভারত-পাকিস্তান ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

ক্রীড়া ডেস্ক    
ভারত-পাকিস্তান ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি
পাকিস্তান-ভারত ম্যাচের দিন কলম্বোতে বৃষ্টির পূর্বাভাস

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায় কি না, তা নিয়ে অনিশ্চয়তা কম ছিল না। নানা নাটকীয়তার পর ভারতের বিপক্ষে ম্যাচ-বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে গড়ানোয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হাঁপ ছেড়ে বেঁচেছে। কিন্তু দুশ্চিন্তা পুরোপুরি কাটেনি।

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ ১৩ বছর ধরে হয় না বলেই দুই দল মুখোমুখি হওয়ার সুযোগ পায় এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে।কলম্বোর প্রেমাদাসায় রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচের সময় ভারী বজ্রপাতসহ ৫০ শতাংশ বৃষ্টির শঙ্কা রয়েছে। সেদিন ২.১ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ম্যাচটি শেষ হতে অনেক দেরি হতে পারে। ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডেও ফল আসতে পারে। এমনকি পরিত্যক্তও হতে পারে।

বৃষ্টিতে ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই দলই এক পয়েন্ট করে পাবে। বর্তমানে ‘এ’ গ্রুপে দুই দলেরই সমান ৪ পয়েন্ট। ম্যাচ পরিত্যক্ত হলে ৫ পয়েন্ট নিয়ে দুই দলই সুপার এইটে উঠে যাবে। যে ভারত-পাকিস্তান ম্যাচ আইসিসির সোনার ডিমপাড়া রাজহাঁস, তারাও আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কতটা চিন্তিত, সেটা নতুন করে বলার প্রয়োজন নেই।

পরিসংখ্যানের বিচারে পাকিস্তানের বিপক্ষে ভারতের পাল্লাই ভারী। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দলের ১৬টি লড়াইয়ের মধ্যে ভারত জিতেছে ১৩ ম্যাচ। আর পাকিস্তান জিতেছে কেবল ৩ ম্যাচ। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত অনেক ব্যবধানে এগিয়ে। আটবারের মুখোমুখি লড়াইয়ে সাতবার জিতেছে ভারত। পাকিস্তান কেবল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ উইকেটে জিতেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত