Ajker Patrika

শৈশবের ক্লাবে মেসি ফিরছেন কবে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২৯
শৈশবের ক্লাবে মেসি ফিরছেন কবে
ইন্টার মায়ামির হয়ে এরই মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছেন লিওনেল মেসি। ক্লাবটির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। এরই মধ্যে তাঁর শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির শৈশবের ক্লাব বললে একবাক্যে অনেকেই বার্সেলোনার নাম বলবেন। বার্সার হয়েই একের পর এক রেকর্ড গড়া এই ফুটবলার পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি। কিন্তু এটাই যে মেসির একমাত্র শৈশবের ক্লাব নয়। আর্জেন্টাইন তারকা খেলেছিলেন তাঁর এলাকা রোজারিওর এক ক্লাবে। এবার সেই ক্লাবে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে।

বার্সেলোনার মূল দলে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে বয়সভিত্তিক দলে খেলেছিলেন মেসি। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। পড়ন্ত বেলায় তাঁর নিওয়েলস ক্লাবে ফেরার কথা গতকাল মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-সান দিয়েগো ম্যাচ শেষে কিলি গঞ্জালেসের কাছে। মায়ামি কোচ গঞ্জালেস এ ব্যাপারে (মেসির শৈশবের ক্লাবে ফেরা) স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি।

যদি মেসি শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েস ক্লাবে ফেরেন, তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাবেন বলে গতকাল সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন গঞ্জালেস। সান দিয়েগো এফসির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর ইন্টার মায়ামি কোচ বলেন, ‘সে যা করতে চায়, সেখানে সব সময় আমার সমর্থন থাকবে। শুধু আজ নয়। কারণ, আমি তার কোচ। সব সময়ই তাকে সমর্থন করে আসছি। সে যদি রোজারিওতে ফিরে গিয়ে খেলতে চায়, আমার কোনো আপত্তি নেই। তাকে সর্বোচ্চ সমর্থন দেব।’

আন্তর্জাতিক ফুটবল থেকে ৩১ আগস্ট অবসর নিলেও ৬ অক্টোবর ঘরের মাঠে ফের নামবেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবল থেকে ৩১ আগস্ট অবসর নিলেও ৬ অক্টোবর ঘরের মাঠে ফের নামবেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

মেসির জন্মস্থান রোজারিও এলাকার ‘রোজারিও সেন্ট্রাল’ ক্লাবে খেলার পাশাপাশি এই ক্লাবের কোচও ছিলেন গঞ্জালেস। এমনকি গঞ্জালেস আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গঞ্জালেস খেলেছিলেন। এ বছর তিনি মায়ামির কোচ হওয়ায় মেসিকে আরও কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন। তাছাড়া আর্জেন্টিনার হয়ে মেসি কী করেছেন, সেই দেশে তাঁর জনপ্রিয়তা কেমন—এসব কারও অজানা নয়।

আর্জেন্টিনায় মেসিকে নিয়ে কী পরিমাণ উন্মাদনা রয়েছে, এমএলএসের ম্যাচ শেষে গতকাল সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন গঞ্জালেস। ইন্টার মায়ামি কোচ বলেন, ‘আমরা দুজনই এমন এক শহরের মানুষ, যেখানে ফুটবল নিয়ে উন্মাদনা আর আবেগ অনেক বেশি। আমরা দুজনই ভিন্ন ভিন্ন জার্সির সঙ্গে নিজেদের পরিচয় খুঁজে পাই। আজ আমরা একসঙ্গে আছি। যখন এখানে এসেছি, যখন তার সঙ্গে পরিচয় হয়েছে, তখন থেকেই আমার একমাত্র চাওয়া হলো—সে যেন সুখী থাকে। সে আনন্দে থাকুক, এটাই আমার চাওয়া।’

মায়ামির নু স্টেডিয়ামে আজ ২৪ মিনিটে জাদুকরী ফ্রি কিকে মেসি তাঁর ক্যারিয়ারের ৯৩০তম গোল করেন। তবে তাঁর এই গোলও জেতাতে পারেনি ইন্টার মায়ামিতে। মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-সান দিয়েগো ২-২ গোলে ড্র হয়েছে। মায়ামির অপর গোল করেন লুইস সুয়ারেজ। সান দিয়েগোর দুটি গোলই করেন অ্যান্ডার্স ডেয়ার।

২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তিনে মায়ামি। নিউ ইংল্যান্ডেরও ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে তারা দুইয়ে। সবার ওপরে থাকা ন্যাশভিলের পয়েন্ট ৫৭। তারাও খেলেছে ২৬ ম্যাচ।

আর্জেন্টিনা দল থেকে গত ৩১ আগস্ট অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে যে ভক্ত-সমর্থকদের দীর্ঘ ২১ বছর মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন তিনি, সেটা তো চাইলেও ভুলে থাকা সম্ভব নয়। ৬ অক্টোবর মনুমেন্তালে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো খেলতে নামবেন। এদিকে ইন্টার মায়ামির সঙ্গে তাঁর চুক্তি ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত রয়েছে। ততক্ষণে ৪১ বছর হয়ে যাবে মেসির। তত দিন তিনি খেলেন কি না, সেটা সময়ই বলে দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত