Ajker Patrika

আদালতের রায়ে সেনেগালের কাছে ফিরল আফকন শিরোপা

ক্রীড়া ডেস্ক    
আদালতের রায়ে সেনেগালের কাছে ফিরল আফকন শিরোপা
ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়েছিল সেনেগাল। মাঠের সে ফলই টিকে গেল শেষ পর্যন্ত। ছবি: সংগৃহীত

আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) শিরোপা নিয়ে আইনি লড়াইয়ে জয় পেয়েছে সেনেগাল। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আগের সিদ্ধান্ত বাতিল করে সেনেগালের শিরোপা ফিরিয়ে দিয়েছে।

আজ সিএএসের এক বিবৃতিতে জানানো হয়, মামলার রায় দিয়েছেন তিন বিচারক এবং তাঁদের সিদ্ধান্ত ছিল সর্বসম্মত। এর ফলে গত মার্চে সিএএফের আপিল কমিটির দেওয়া রায় আর কার্যকর থাকছে না।

গত ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে আফকনের ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। তবে ম্যাচের শেষ দিকে মরক্কোর পক্ষে বিতর্কিত পেনাল্টি দেওয়ার প্রতিবাদে সেনেগালের কয়েকজন খেলোয়াড় মাঠ ছেড়ে চলে যান। পরে অধিনায়ক সাদিও মানের আহ্বানে তাঁরা মাঠে ফিরে খেলায় অংশ নেন।

পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় মরক্কো। এরপর অতিরিক্ত সময়ে পাপে গুয়েরের গোলে জয় নিশ্চিত করে সেনেগাল। কিন্তু ফাইনালের সেই ফল নিয়ে বিতর্ক গড়ায় সিএএফের আপিল কমিটি পর্যন্ত।

গত মার্চে আপিল কমিটি সেনেগালের ১-০ গোলের জয় বাতিল করে মরক্কোকে ৩-০ ব্যবধানে বিজয়ী ঘোষণা করে। তাদের যুক্তি ছিল, সেনেগালের খেলোয়াড়েরা অনুমতি ছাড়া মাঠ ছেড়ে যাওয়ায় দলটি ম্যাচ পরিত্যাগ করেছে বলে গণ্য হবে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আপিল করে সেনেগালের ফুটবল ফেডারেশন।

সিএএসের রায়ে সেনেগালের সেই আপিল মঞ্জুর হওয়ায় মাঠের ফলই বহাল থাকল। তবে মরক্কো চাইলে সুইজারল্যান্ডের ফেডারেল সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারে। ওই আদালত মূল মামলার বিষয়বস্তু নয়, বরং বিচারিক প্রক্রিয়াগত বিষয়গুলো পর্যালোচনা করবে।

এদিকে রায়কে ঘিরে মরক্কোর ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি অভিযোগও সামনে এসেছে। ফেডারেশনের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, মামলার জন্য নিয়োগ করা তিন বিচারকের একজন গত রোববার সেনেগালের ফুটবল ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফলের সঙ্গে ফোনে কথা বলেছেন। এমন ফোনালাপ হয়ে থাকলে সংশ্লিষ্ট বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

সিএএফের আগের সিদ্ধান্তের পর সেনেগালের ফুটবল ফেডারেশন সেটিকে প্রশাসনিক ডাকাতি বলে আখ্যা দিয়েছিল। এবার সিএএসের রায়ে সেই বিতর্কিত সিদ্ধান্ত বাতিল হলো। ফলে আফকনের শিরোপা নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ে আপাতত স্বস্তি পেল সেনেগাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত