১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ । যুক্তরাষ্ট্র , কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপে এই প্রথম খেলছে ৪৮ দল। ‘বিশ্বকাপের দল ’ শীর্ষক এই ধারাবাহিকে কোন দল কেমন , সেটি তুলে ধরার প্রয়াস। আজকের পর্বে থাকছে কাতার-

২০২২ সালে আল বাইত স্টেডিয়ামে যখন বিশ্বকাপের উদ্বোধনী বাঁশি বেজেছিল, তখন কাতারের সামনে প্রধান লক্ষ্য ছিল একটি সফল আয়োজন উপহার দেওয়া। স্বাগতিক হিসেবে সেই মিশন সফল হলেও মাঠের লড়াইয়ে মেরুনরা ছিল বেশ ছন্নছাড়া। তবে চার বছর পর সেই কাতার এখন এক বদলে যাওয়া শক্তির নাম। ২০২৬ বিশ্বকাপ তাই কাতারের জন্য কেবল টুর্নামেন্ট নয়, বরং বিশ্ব ফুটবলে নিজেদের জোরালোভাবে জানান দেওয়ার চ্যালেঞ্জ।
গত বছরের মে মাসে হুলেন লোপেতেগিকে প্রধান কোচ বানিয়ে চমক দেখায় কাতার। রিয়াল মাদ্রিদ এবং স্পেন জাতীয় দলের মতো বড় মঞ্চে কাজ করা এই স্প্যানিশ কোচের অধীনে কাতার দল এখন অনেক বেশি গোছানো এবং আত্মবিশ্বাসী। লোপেতেগির অধীনেই এশিয়ান বাছাইপর্বের চতুর্থ রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ গোলের জয়ে কাতার সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। এটি ছিল কাতারের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রাত। কারণ প্রথমবারের মতো তারা নিয়মিত বাছাইপর্ব পেরিয়ে নিজ যোগ্যতায় বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিয়েছে।
কাতার দলের শক্তির মূল স্তম্ভ এখন তাদের অভিজ্ঞ খেলোয়াড়েরা। আকরাম আফিফ, আলমোয়েজ আলী এবং হাসান আল-হাইদোসরা দীর্ঘদিন ধরে এশীয় ফুটবলে আধিপত্য বজায় রেখেছেন। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন এড মিলসেন জুনিয়রের মতো নতুন প্রতিভারা। বিশেষ করে বুয়ালেম খুখি এবং রক্ষণভাগে পেদ্রো মিগুয়েলের মতো লড়াকু ফুটবলাররা লোপেতেগির কৌশলের ভারসাম্য বজায় রাখছেন। ঘরোয়া কাতার স্টার্স লিগে মার্কো ভেরাত্তি কিংবা ফিলিপ কুতিনহোর মতো বিশ্বসেরা তারকাদের সঙ্গে নিয়মিত খেলার অভিজ্ঞতা কাতারি ফুটবলারদের ভাবনাকে অনেকটাই বদলে দিয়েছে।
২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বে কাতারকে লড়তে হবে সুইজারল্যান্ড, কানাডা এবং বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে। ফিফা র্যাঙ্কিংয়ে কাতার কিছুটা পিছিয়ে থাকলেও নতুন ফরম্যাট তাদের জন্য আশার আলো দেখাচ্ছে। গ্রুপ বি এবারের বিশ্বকাপের সবচেয়ে দুর্বল গ্রুপ। এর প্রধান কারণ হলো, এই গ্রুপে টুর্নামেন্টের বড় কোনো ফেবারিট দল নেই এবং আয়োজক তিনটি দেশের মধ্যে সবচেয়ে নিচের র্যাঙ্কিংয়ে থাকা কানাডা এই গ্রুপে রয়েছে।
৪৮ দলের এই বিশ্বকাপে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলও শেষ ৩২-এ খেলার সুযোগ পাবে। ফলে গ্রুপপর্বের তিনটি ম্যাচ থেকে অন্তত ৪ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই কাতার প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার ইতিহাস গড়তে পারে।
২০২২ সালের সেই শূন্য হাতে বিদায় এখন কাতারের জন্য কেবলই অতীত। এশিয়ান কাপের টানা দুইবারের চ্যাম্পিয়নরা এখন অনেক বেশি পরিণত। হুলেন লোপেতেগির শান্ত মেজাজ এবং নিখুঁত বিশ্লেষণ কাতারকে এমন এক দলে পরিণত করেছে, যারা যেকোনো বড় প্রতিপক্ষকে রুখে দেওয়ার ক্ষমতা রাখে।
২০২২ সালে তারা বিশ্বকে ‘শিখিয়েছিল’ রাজকীয় আতিথেয়তা, আর ২০২৬ সালে তাদের লক্ষ্য কেবল সবুজ গালিচায় পায়ের জাদুতে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। উত্তর আমেরিকার বিচিত্র কন্ডিশনে সুইজারল্যান্ড বা কানাডার মতো প্রতিপক্ষের চ্যালেঞ্জ নিতে কাতার অনেক বেশি আত্মবিশ্বাসী। এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে নতুন গল্প লিখতে পারবে তো তারা।
কোচ
হুলেন লোপেতেগি
স্পেনকে ২০১৮ বিশ্বকাপে তুলেও ডাগআউটে বসার সুযোগ হয়ে ওঠেনি তখন। কারণ বিশ্বকাপের পর দায়িত্ব নেওয়ার কথা দিয়ে রাখেন রিয়াল মাদ্রিদকে। তা শুনে স্পেন বিশ্বকাপের আগেই বরখাস্ত করে তাঁকে। হুলেন লোপেতেগি পরে রিয়ালেও বেশি দিন টিকতে পারেননি। তবু ছিলেন ইউরোপেই সেভিয়া, উলভস ও ওয়েস্টহাম ঘুরে কাতারের দায়িত্ব নেওয়াটা বেশ বিস্ময় জোগায়। গত বছরের মে মাসে কোচ হওয়ার পর অক্টোবরে দলকে পৌঁছে দেন বিশ্বকাপে। স্পেনের হয়ে যা পারেননি কাতারের হয়ে সেই স্বাদ নিতে উন্মুখ তিনি।

তারকা আকরাম আকিফ
আধুনিক এশীয় ফুটবলের ‘পোস্টার বয়’ আকরাম আফিফ এখনো কাতার জাতীয় দলের প্রাণভোমরা। ক্ষিপ্র গতি ও ড্রিবলিংয়ের কারণে প্রতিপক্ষ রক্ষণভাগের জন্য এক আতঙ্কের নাম। স্পেনের লা লিগায় খেলার অভিজ্ঞতা আছে। ২০১৯ এশিয়ান কাপে রেকর্ড ১০টি অ্যাসিস্ট করে কাতারকে শিরোপা জেতাতে জাদুকরি ভূমিকা রাখেন। ২০২৩ এশিয়ান কাপে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। ২০২৬ বিশ্বকাপেও তিনি দলের বড় ভরসা হয়ে থাকবেন।

বিশ্বকাপে কাতারের ইতিহাস
অঞ্চল: এশিয়া
র্যাঙ্কিং: ৫৫
অংশগ্রহণ: দ্বিতীয়
| তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু | সময় |
|---|---|---|---|
| ১৩ জুন | সুইজারল্যান্ড | সান ফ্রান্সিসকো | রাত ১টা |
| ১৯ জুন | কানাডা | ভ্যানকুভার | ভোর ৪টা |
| ২৪ জুন | বসনিয়া | সিয়াটল | রাত ১টা |

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ মিশন শুরুর ঠিক আগমুহূর্তে স্নায়ুচাপে ভুগছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কাল ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেলেসাওদের এবারের বিশ্বকাপ অভিযান। তবে ম্যাচের আগের দিনও শুরুর একাদশের চূড়ান্ত রূপরেখা নিশ্চিত করতে পারেননি ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি
৯ মিনিট আগে
সম্প্রতি ইসরায়েলি ফুটবল প্রধানের সঙ্গে হাত মেলাতেও অস্বীকার করেন রাজৌব। তিনি বলেন, এই সৌজন্যতা ক্ষত উপশম করবে না, বরং ইসরায়েলের অপরাধকে ধামাচাপা দেবে। রাশিয়ার ২০১৮ বিশ্বকাপের উদাহরণ টেনে রাজৌব ক্ষোভ প্রকাশ করে বলেন, সে সময় আমন্ত্রিত অতিথিদের ওপর এমন কোনো ভিসা বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয়নি।
২০ মিনিট আগে
সমালোচনা যেন ২০২৬ ফুটবল বিশ্বকাপের নিত্যসঙ্গী। টুর্নামেন্ট শুরুর আগেই আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে গোলাগুলির ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। এবার বিশ্বকাপ শুরুর পর ঘটল এক রোমহর্ষক ঘটনা। ইরানের ফুটবল ভেন্যুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে গলিত লাশ। তাতে করে নিরাপত্তাহীনতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠল।
১ ঘণ্টা আগে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে গতকাল চট্টগ্রামে নাঈম হাসানকে হেনস্তার ঘটনা ঘটেছে। জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে