Ajker Patrika

বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, বাদ কারা

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, বাদ কারা
বাংলাদেশ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন প্যাট কামিন্স। ছবি: ক্রিকইনফো

আগস্টে বাংলাদেশকে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়া। তাসমান পাড়ের দেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সেই সিরিজ দিয়েই অধিনায়ক হয়ে ফিরছেন প্যাট ক্যামিন্স। সঙ্গে ফিরেছেন জশ হ্যাজলউড ও নাথান লায়নও। তিন তারকা ফেরায় অ্যাশেজ থেকে কয়েক জন ক্রিকেটার বাদ পড়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ সকালে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে। এই সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কামিন্স, হ্যাজলউড ও লায়ন। তাতে বাদ পড়েছেন মাইকেল নেসার, ব্রেন্ডন ডগেট ও টড মার্ফি। এই ত্রয়ী সবশেষ ২০২৫-২৬ মৌসুমের অ্যাশেজের দলে ছিলেন।

কামিন্স ও লায়ন সবশেষ খেলেছেন গত বছরের ডিসেম্বরে অ্যাশেজে অ্যাডিলেড টেস্টে। কামিন্স শুধু অ্যাডিলেড টেস্টই খেলেছেন। লায়ন সবশেষ ২০২৫-২৬ অ্যাশেজে খেলেছেন দুই টেস্ট। চোটে পড়ায় মূলত তাঁরা অ্যাশেজে নিয়মিত খেলতে পারেননি। পিঠের চোট কাটিয়ে অ্যাডিলেড টেস্টে ফিরলেও অ্যাশেজ নিশ্চিত হওয়ায় পরের দুই টেস্টের দল থেকে কামিন্সকে বিশ্রাম দেওয়া হয়। আর লায়ন অ্যাশেজের তৃতীয় টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় করতে হয়েছে অস্ত্রোপচার।

কামিন্স-হ্যাজলউড অবশ্য এ বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। আইসিসির এই ইভেন্টে অস্ট্রেলিয়া বিদায় নিয়েছিল সুপার এইট থেকে। হ্যাজলউড আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পেস বোলিং বিভাগে আছেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের মতো তারকা বোলারও। সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টার। ব্যাটিং লাইনআপে আছেন ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, অ্যালেক্স ক্যারির মতো অভিজ্ঞরা।

আগস্টে হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ১৮ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে সবকটিতেই হেরেছিল বাংলাদেশ। এবারের টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।১৩ আগস্ট ডারউইনে শুরু হচ্ছে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকে। এই ম্যাচ মাঠে গড়াবে ২২ আগস্ট। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ। বর্তমান চক্রে চার ম্যাচ খেলে জিতেছে দুই টেস্ট। এ বছরের মে মাসে বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে। বর্তমান চক্রে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ একটি করে টেস্ট হেরেছে ও ড্র করেছে।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার দল

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত