Ajker Patrika

নিরাপত্তারক্ষী থেকে বিশ্বকাপের মঞ্চে ‘সোমালিয়ার নেইমার’

ক্রীড়া ডেস্ক    
নিরাপত্তারক্ষী থেকে বিশ্বকাপের মঞ্চে ‘সোমালিয়ার নেইমার’
সুইডেনের হয়ে বিশ্বকাপ খেলার অপেক্ষায় তাহা আলী। ছবি: সংগৃহীত

ছয় বছর আগেও তাহা আলির জীবনটা ছিল সংগ্রাম আর স্বপ্নের অদ্ভুত এক মিশ্রণ। দিনে শপিং মলে নিরাপত্তারক্ষীর চাকরি, আর রাতে ফুটসাল। সুইডেনের কনকনে শীতে যখন অধিকাংশ ফুটবলার বিরতিতে, তখন নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে ছোট্ট কোর্টে বল পায়ে ছুটে বেড়াতেন তিনি। সেই তরুণই এখন ২০২৬ বিশ্বকাপে সুইডেন জাতীয় দলের জার্সি গায়ে খেলার অপেক্ষায়।

২৭ বছর বয়সী মালমো ফরোয়ার্ড তাহাকে অনেকেই ডাকেন ‘সোমালিয়ার নেইমার’ নামে। নামটির পেছনে কারণ শুধু তাঁর ড্রিবলিং নয়, পারিবারিক শিকড়ও। সোমালি শরণার্থী পরিবারের সন্তান তিনি। জন্ম ও বেড়ে ওঠা সুইডেনের টেনস্তায়—যে এলাকাকে দেশটির অন্যতম দরিদ্র অঞ্চল হিসেবে ধরা হয়। সেখানকার রাস্তায় ফুটবলের সঙ্গে পরিচয় তাহার। মাত্র আট বছর বয়সে যোগ দেন স্পোঙ্গা আইএসে। পরে খেলেছেন সুন্ডবিবার্গসের হয়েও। কিন্তু তখনও তাঁর সামনে ছিল না কোনো আলো ঝলমলে পথ। সুইডিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে পৌঁছানোর স্বপ্নটা ছিল অনেক দূরের।

ফুটসাল বদলে দেয় জীবন

২০১৮ সালে তাহা আলি এমন এক সিদ্ধান্ত নেন, যা পরবর্তীতে তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। শীতকালীন বিরতিতে খেলার ধারাবাহিকতা ধরে রাখতে শুরু করেন ফুটসাল। নাকা জুনিয়র্সের হয়ে সুইডেনের ফুটসাল প্রথম বিভাগে অভিষেকের পর দ্রুতই নজর কাড়েন তিনি। পরে খেলেছেন হামারবির হয়েও। ফুটসালে তাঁর গতি, ছোট জায়গায় বল নিয়ন্ত্রণ আর একের বিপরীতে এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারানোর দক্ষতা এতটাই চোখে পড়ার মতো ছিল যে, ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে সুইডেন জাতীয় ফুটসাল দলের হয়েও ছয়টি ম্যাচ খেলেন। কিন্তু ২০২০ সালে তিনি নেন আরও বড় ঝুঁকি। ফুটসাল ছেড়ে পুরোপুরি মাঠের ফুটবলে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। শুরুটা হয় নিম্ন বিভাগের ক্লাব স্টকসুন্ড দিয়ে, পরে যোগ দেন সোলেনতুনায়। সেখানেই স্পষ্ট হতে শুরু করে—তাহা আলাদা কিছু।

নিম্ন বিভাগ থেকে শীর্ষ মঞ্চে

২০২১ সালের ফেব্রুয়ারিতে ওরেব্রো এসকের সঙ্গে চুক্তি করেন তাহা। মালমোর বিপক্ষে ম্যাচ দিয়ে হয় সুইডিশ চ্যাম্পিয়নশিপে তাঁর অভিষেক। তবে শুরুটা খুব সহজ ছিল না। প্রথম কয়েক মাস নিয়মিত খেলার সুযোগ পাননি। ক্যারিয়ারের বড় মোড় আসে ভাস্টেরাসে ধারে খেলতে গিয়ে। সেখানে তিনি করেন দুই গোল ও আট অ্যাসিস্ট। মাঠে তাঁর প্রভাব ছিল এতটাই দৃশ্যমান যে মৌসুম শেষে ক্লাবের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন। মজার বিষয়, প্রতিষ্ঠানটি ফুটবলের চেয়ে বরফের খেলাধুলার জন্যই বেশি পরিচিত। এরপর হেলসিংবর্গস হয়ে তাহার গন্তব্য হয় সুইডেনের ঐতিহ্যবাহী ক্লাব মালমো। প্রায় সাত লাখ ইউরো ট্রান্সফার ফিতে তাঁকে দলে ভেড়ায় ক্লাবটি। সেখানেই পূর্ণতা পেতে শুরু করে তাহার গল্প।

মালমোতে প্রতিষ্ঠা, জাতীয় দলে ডাক

মালমোর হয়ে তাহা জিতেছেন দুটি সুইডিশ লিগ শিরোপা ও একটি সুইডিশ কাপ। ২০২৪ সালে অভিষেক হয়েছে সুইডেনের সিনিয়র জাতীয় দলেও। চলতি মৌসুমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে। ২০২৬ সালে ইউরোপা লিগেও খেলেছেন তিনি। গোলও করেছেন প্রতিযোগিতাটিতে। মালমোর হয়ে এখন পর্যন্ত ১২৩ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি ১৯ অ্যাসিস্ট করেছেন আক্রমণভাগের এই খেলোয়াড়।

এই ধারাবাহিক পারফরম্যান্সই তাহাকে সুইডেনের বিশ্বকাপ দলে জায়গা করে দিয়েছে। আলেক্সান্ডার ইসাক, ভিক্টর গিয়োকেরেস ও গুস্তাফ লাগারবিয়েলকের মতো তারকাদের ভিড়েও তাহাও আলাদা হয়ে উঠেছেন নিজের গল্প দিয়ে। বিশ্বকাপ দলে জায়গা করে নিতে তিনি পেছনে ফেলেছেন দেয়ান কুলুসেভস্কি ও রুনি বারদঘজির মতো পরিচিত নামকেও।

‘সোমালিয়ার নেইমার’

তাহার খেলার ধরনে ফুটসালের প্রভাব স্পষ্ট। দ্রুত গতি, ক্ষিপ্র ড্রিবলিং, সৃজনশীলতা—সব মিলিয়ে তাঁকে ‘সোমালিয়ার নেইমার’ নামে ডাকা শুরু হয়। তবে সাফল্য এই ফুটবলারকে শিকড় থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। সুযোগ পেলেই ফিরে যান টেনস্তায়। স্থানীয় তরুণদের টুর্নামেন্টে সহায়তা করেন, শিশুদের পাশে দাঁড়ান, অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেন। একসময় যে তরুণ দিনের বেলা নিরাপত্তারক্ষীর পোশাক পরে কাজ করতেন, আর রাতে ফুটসালের কোর্টে স্বপ্ন বাঁচিয়ে রাখতেন, সেই তাহা আলিই এখন বিশ্বকাপের মঞ্চে ওঠার অপেক্ষায়।

ফুটবলের পৃথিবীতে রূপকথার গল্প কম নেই। তবে তাহার গল্পটা আলাদা—কারণ এটি শুধু একজন ফুটবলারের উত্থান নয়, বরং অসম্ভবকে সম্ভব করে তোলার গল্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে, রাখা হয়েছে কোথায়?

তথ্য গোপন করে ১৬ বছর ধরে প্রধান শিক্ষকের পদে বহাল তিনি

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তন: থাকছে না পোস্টার ও দলীয় প্রতীক, অক্টোবরে ভোটের প্রস্তুতি

যৌথ পরিবারে কোরবানি কীভাবে দিতে হয়, বিধান কী

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, অভিযোগের বিষয়ে যা বলছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত