
বিশ্বকাপে পরিচিত মুখ হলেও সুইজারল্যান্ডের কাছে নকআউট পর্ব অভিশাপেরই আরেক নাম। গ্রুপ পর্ব পেরোনোর পরই বেশির ভাগ সময় খেই হারিয়ে ফেলে ইউরোপের এই দল। অবশেষে আজ তারা পেরোল নকআউট পর্বের বাধা।
সুইজারল্যান্ড ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পেরেছে। ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪ বিশ্বকাপে শেষ আটে উঠেছিল সুইসরা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ সুইজারল্যান্ডের পথচলা এরপর কখনো শেষ ষোলোতে, কখনোবা গ্রুপ পর্বেই থেমে গেছে। ভ্যাঙ্কুভারে আজ বাংলাদেশ সময় অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে সুইসদের ৭২ বছরের অভিশাপ কাটল।
ম্যাচ শুরুর পর দ্রুতই আলজেরিয়ার বিপক্ষে লিড নেয় সুইজারল্যান্ড। ১০ মিনিটে জোহান মানজাম্বির অ্যাসিস্টে গোল করেন ব্রিল এমবলো। গোলটা এমবলোর হলেও কৃতিত্ব দিতে হবে মানজাম্বিকেই। দ্রুত গতিতে আলজেরিয়ার রক্ষণদুর্গ ভেদ করে মানজাম্বি পাস বাড়িয়ে দেন এমবলোকে। বাকি কাজটুকু সারেন এমবলো।
ব্যবধান বাড়াতে এরপর মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড। ৩২ মিনিটে সুইস ফরোয়ার্ড রুবেন ভারগেস আলজেরিয়ার রক্ষণদুর্গে ঢুকে ক্রস করেছিলেন। তবে আলজেরিয়ান ডিফেন্ডার রায়ান আইত-নুরি সহজেই তা ক্লিয়ার করেন। ৩৭ মিনিটে ডেনিস জাকারিয়া গোলের সুযোগ পেয়েছিলেন। ৭ বছর পর আন্তর্জাতিক ফুটবলে করতে পারতেন গোল। তবে ভারগেসের ফ্রি-কিক থেকে হেড দিয়েও গোল করতে পারেননি জাকারিয়া। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে সুইজারল্যান্ড।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুতই ব্যবধান বাড়িয়ে নেয় সুইজারল্যান্ড। ৪৬ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন ডান এনদয়ে। ব্যবধান কমানোর সুযোগ অবশ্য পেয়েছিল আলজেরিয়া। ডিফেন্ডার রফিক বেলগালি পাস দেন রিয়াদ মাহরেজকে। তবে মাহরেজ সুইস দুর্গ পেরোতে পারেননি।
২ গোল করার পর সুইজারল্যান্ড মুহুর্মুহু আক্রমণ করতে থাকে আলজেরিয়ার রক্ষণদুর্গে। তবে ফিনিশিং দুর্বলতায় পারেননি। বিশেষ করে জাকারিয়ার সঙ্গে কী যেন হচ্ছিল আজ। ৮১ মিনিটে গ্রানিত জাকার সঙ্গে পাস আদান-প্রদান করেন জাকারিয়া। এরপর এমবলো বল রিসিভ করে ফাবিয়ান রিডারকে দিয়েছিলেন। তবে রিডার সোজা আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের হাতে বল তুলে দেন।
সুইজারল্যান্ড দল অপেক্ষায় ছিল কখন শেষ বাঁশি বাজবে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে রেফারি শেষ বাঁশি বাজানোর পর সুইজারল্যান্ড ডাগআউটে তখন হাসি। বিপরীত চিত্র আলজেরিয়ার। হতাশায় তাঁদের কয়েক জনকে ভ্যাঙ্কুভারের সবুজ ঘাসে শুয়ে থাকতে দেখা গেছে। সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে আফ্রিকান দলটির বিদায়ঘণ্টা বেজে গেল শেষ বত্রিশেই।

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে জার্মানির বিদায়ের পরই কোচ হুলিয়ান নাগলসমানের চাকরি সুতোয় ঝুলছিল। শেষ পর্যন্ত জার্মানির সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়েছে। বিশ্বকাপ ব্যর্থতায় নাগলসমান পদত্যাগ করেছেন বলে বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচার হয়েছে।
২৬ মিনিট আগে
টরন্টোতে ম্যাচ শেষে লুকা মদরিচ হাততালি দিচ্ছেন। তবে তাঁর এই হাততালির কারণ তো জয়ের নয়, বিদায়ের। হাসিমুখে করতালি দিলেও বিশ্বকাপ থেকে দ্রুত বিদায়ের বেদনা কি এত সহজে লুকানো যায়। কখনো মুখ ঢেকেছেন। কোনো রকমে যে চোখের পানি আটকাতে চাইছেন, সেটা তো স্পষ্ট।
১ ঘণ্টা আগে
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার লড়াইয়ে সবচেয়ে বেশি নজর থাকবে লিওনেল মেসির দিকে। অথচ একই ম্যাচে লেখা হতে যাচ্ছে আরেকটি ইতিহাস। ডাগআউটে দাঁড়িয়ে থাকা স্কালোনির জন্য ম্যাচটির গুরুত্ব ভিন্ন। আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে এটি হবে তাঁর শততম ম্যাচ। একটি মাইলফলক, যা তাঁর অবিশ্বাস্য পথচলার প্রতীক।
২ ঘণ্টা আগে
এটাই ফুটবল। মাঝেমধ্যে খুবই নিষ্ঠুর হয়ে ওঠে। টরন্টোতে আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত শেষ বত্রিশের পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচটার কথাই চিন্তা করুন। সময়ের দুই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মদরিচের যেকোনো একজনের তো বিদায় হতোই। শেষ পর্যন্ত টিকে রইলেন রোনালদো, মদরিচের বেজে গেল বিদায়ঘণ্টা।
৩ ঘণ্টা আগে