Ajker Patrika

ইংল্যান্ডের বিপক্ষে ‘পয়া’ জার্সি পরে নামছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক    
ইংল্যান্ডের বিপক্ষে ‘পয়া’ জার্সি পরে নামছে আর্জেন্টিনা
ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরে খেলবে মেসিরা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে চিরচেনা আকাশি-সাদা জার্সিতে নয়, লিওনেল স্কালোনির দল খেলবে নীল-কালো অ্যাওয়ে জার্সিতে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দুটি স্মরণীয় জয়েও এই অ্যাওয়ে জার্সি পরেছিল আর্জেন্টিনা।

প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে অ্যাওয়ে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা। যদিও দলটির ইচ্ছা ছিল আকাশি-সাদা জার্সিতেই মাঠে নামার। এ জন্য ফিফার কাছে আবেদনও করেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে সেই অনুরোধ নাকচ করে দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা—এমনটাই জানিয়েছে টিওয়াসি স্পোর্টস।

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সিতে আর্জেন্টিনার সবচেয়ে স্মরণীয় জয়টি আসে ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। সে ম্যাচে ইংলিশদের ২-১ গোলে জিতেছিল কার্লোস সালভাদর বিলার্দোর দল। ম্যাচটি ইতিহাসের অংশ হয়ে আছে দিয়েগো ম্যারাডোনার দুর্দান্ত দুটি গোলের কারণে। প্রথমটি হ্যান্ড অব গড নামে পরিচিত। আরেকটি পরিচিতি পেয়েছে গোল অব দ্য সেঞ্চুরি হিসেবে। যেখানে পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করেছিলেন এই কিংবদন্তি ফুটবলার।

সেই ম্যাচের নীল জার্সিটিও আর্জেন্টিনার কাছে বিশেষ কিছুই হয়ে আছে। খেলা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে জার্সিগুলো দিয়েছিল এএফএ। পরে তাতে আলাদাভাবে দলের প্রতীক ও খেলোয়াড়দের নম্বর সেলাই করা হয়। কালো শর্টসের সঙ্গে সেই নীল জার্সির সমন্বয় আজও আর্জেন্টাইন ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় প্রতীক হয়ে আছে।

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় সুখস্মৃতিটি ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের শেষ ষোলোতে। সেবারও অ্যাওয়ে জার্সি পরে খেলতে নেমেছিল আলবিসেলেস্তেরা। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ২-২ সমতায় থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে শেষ হাসি হাসে আর্জেন্টিনা। সেই ম্যাচে হাভিয়ের জানেত্তির অসাধারণ ফ্রি-কিক থেকে করা গোলটি এখনো বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়।

এবারের ম্যাচটি আরও একটি কারণে বিশেষ। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। অতীতের দুটি সুখস্মৃতি এবার স্কালোনির দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের লড়াই। সে লড়াই জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া থাকবে উভয় দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত