Ajker Patrika

বাংলাদেশের যুব দলে আসছেন ইংল্যান্ডপ্রবাসী আব্বাস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ২১: ৪১
বাংলাদেশের যুব দলে আসছেন ইংল্যান্ডপ্রবাসী আব্বাস
বাংলাদেশ দলে আসছেন ইংল্যান্ড প্রবাসী অ্যাডাম আব্বাস। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।

আজ বাফুফে ভবনে অনুষ্ঠিত ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের সহসভাপতি ও কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। তিনি জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা প্রায় শেষ। এখন শুধু অ্যাডামের বাংলাদেশে যোগ দেওয়ার অপেক্ষা।

জাহেদী বলেন, ‘আব্বাসসহ পাঁচজন থাকছে। তো এরা সকলেই ভালো খেলোয়াড়। এখন এদের ভেতরে ২৩ জনের স্কোয়াডে কে কে থাকবেন, সেটা আমাদের প্রধান কোচ এবং টেকনিক্যাল স্টাফ, তাঁরা ঠিক করবেন।’

৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর উজবেকিস্তানে হবে অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব। সেই টুর্নামেন্ট সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। কোচিং স্টাফের পরিকল্পনায় স্কোয়াডে নতুন মাত্রা যোগ করতেই অ্যাডামকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইংল্যান্ডে বেড়ে ওঠা অ্যাডামের ফুটবল ক্যারিয়ারও বেশ আকর্ষণীয়। বয়সভিত্তিক পর্যায়ে তিনি খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। পরে বার্নলির অনূর্ধ্ব–১৮ দলেও ছিলেন। তাঁর গতি, উইং দিয়ে আক্রমণ তৈরির দক্ষতা এবং আক্রমণভাগে বহুমুখী ভূমিকা রাখার সক্ষমতা বাফুফের টেকনিক্যাল টিমের নজর কাড়ে।

গত এপ্রিলেই অ্যাডামের খেলার ভিডিও বিশ্লেষণ করে তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করে বাফুফে। এরপর নাগরিকত্ব ও পাসপোর্ট–সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কয়েক মাস কাজ করেছে ফেডারেশনের টেকনিক্যাল বিভাগ। সেই প্রক্রিয়া শেষ হওয়ায় এখন তাঁকে জাতীয় দলের বয়সভিত্তিক ক্যাম্পে যুক্ত করার পথও পরিষ্কার হয়েছে।

এবারের বাছাইপর্বে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত