Ajker Patrika

ভারতকে এক গোল দিয়ে বিরতিতে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতকে এক গোল দিয়ে বিরতিতে পাকিস্তান
ভারতের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে পাকিস্তান। ছবি: বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। জাতীয় স্টেডিয়ামে আজ শিরোপার লড়াইয়ে প্রথমার্ধ শেষে ১–০ গোলে এগিয়ে পাকিস্তান। দুই দলের গোলকিপারদের দুর্দান্ত কয়েকটি সেভে যখন গোলশূন্য সমতায় বিরতিতে যাওয়ার অপেক্ষা, তখনই যোগ করা সময়ে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আলমগীর গাজী। প্রথমার্ধের ৪৫ মিনিট পেরিয়ে যোগ করা সময়ে পাওয়া গোলটি স্বস্তি এনে দেয় প্রথম শিরোপার খোঁজে থাকা পাকিস্তানকে। সেমিফাইনাল থেকে স্বাগতিক বাংলাদেশ বিদায় নেওয়ার পরও ফাইনালের গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রেকর্ড দশম শিরোপার লক্ষ্যে নামা ভারত ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। প্রথম মিনিটে পাকিস্তানের ব্যাকপাস থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেন সুহেইল ভাট। তবে দ্রুত এগিয়ে এসে বল ক্লিয়ার করেন গোলকিপার ইউসুফ বাট। তিন মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে সুহেলের নেওয়া শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়।

শুরুর ধাক্কা সামলে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। দুই উইং ব্যবহার করে ভারতীয় রক্ষণে একের পর এক আক্রমণ চালায় তারা। ১৭ মিনিটে ভারতীয় গোলকিপার আরশ শেখ বক্সের বাইরে এসে হেডে বল ক্লিয়ার করলে ফাঁকা পোস্টে লব করেন মোহাম্মদ আলী খান। তবে ভারতীয় এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় কর্নারে। পরের মিনিটেই ডান প্রান্তের ক্রস থেকে মিকাইল আবদুল্লাহর অ্যাক্রোবেটিক ফ্লিক দারুণ ক্ষিপ্রতায় ঠেকান আর্স। ২২ মিনিটে গোললাইন থেকে এক ডিফেন্ডারের ক্লিয়ারেন্স এবং আরশের আরেকটি দুর্দান্ত সেভে গোল হজম থেকে বেঁচে যায় ভারত।

২৮ মিনিটের কুলিং ব্রেকের পর ভারত কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করে। তবে আক্রমণভাগে সমন্বয়ের অভাব ছিল স্পষ্ট। ৩০ মিনিটে বাঁ প্রান্তে পিভি বিষ্ণু ও সুহেইল ভাটের নিজেদের মধ্যে ধাক্কা খাওয়ার ঘটনাতেও ফুটে ওঠে সেই অসংগতি। এরপরও ৩৪ মিনিটে ম্যাচের সেরা সুযোগটি তৈরি করেছিল ভারত। বক্সের প্রান্ত থেকে অভিষেক সূর্যবংশীর জোরালো হাফ-ভলি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্য দক্ষতায় ঠেকান পাকিস্তানের গোলকিপার ইউসুফ বাট।

তবে গোলশূন্য সমতায় বিরতিতে যাওয়া হলো না ভারতের। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটেই গোল পেয়ে যায় পাকিস্তান। জুনাইদ শাহর নিচু পাস ভারতীয় ডিফেন্ডার খাইমিনথাং লুংদিমের পায়ে লেগে দিক বদলালে বল পেয়ে যান আলমগীর গাজী। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান তিনি। গোলকিপার আরশ শেখের কিছুই করার ছিল না। আলমগীরের ওই গোলেই ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত