Ajker Patrika

আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ২২: ০৫
আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল
মেট্রোতে ভারতের সাবেক পেসার জাভাগল শ্রীনাথ। ক্রিকেট ছাড়ার পর ২০ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ৫২৮ ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি। ছবি: সংগৃহীত

কানে ব্লুটুথ হেডফোন, হাতে লাগেজ, হাতে ঘড়ি পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। মেট্রোতে এমন ভঙ্গিতে হরহামেশাই চলাচল করেন অনেকে। কিন্তু তিনি যে আর চার-পাঁচ জনের চেয়ে আলাদা। তিনি আর কেউ নন। সাবেক ভারতীয় ক্রিকেটার জাভাগল শ্রীনাথ। যাঁর বর্তমান পরিচয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ম্যাচ রেফারি।

লিঙ্কডইনে আজ শ্রীনাথের মেট্রোতে চড়ার ছবি ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে, সাবেক ভারতীয় পেসার একটি মেট্রো কোচের ভেতরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন এবং এক হাতে তাঁর ট্রলি ব্যাগ ধরে রেখেছেন। তাঁর পরনে ছিল খুবই সাধারণ পোশাক। শার্টটি জিন্সের ভেতরে গোঁজা আর পায়ে ছিল একজোড়া সাধারণ চামড়ার জুতো।পোস্টটিতে হাজার হাজার লাইক এবং শত শত মন্তব্য জমা পড়েছে।

সামাজিক মাধ্যমে শ্রীনাথের এই ছবি শেয়ার করেছেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন লিখেছেন, ‘সরলতার সর্বোত্তম উদাহরণ। ৩১৫ ওয়ানডে এবং ২৩৬ টেস্ট উইকেট নিয়েছেন।যিনি একমাত্র ভারতীয় পেসার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন, যিনি ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩—এই চার বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন, সেই মানুষটিই আজ নীরবে একটি মেট্রো কোচে দাঁড়িয়ে আছেন। সত্যিকারের মহানুভবতার কখনোই প্রচারের প্রয়োজন হয় না।’

ব্যাঙের ছাতার মতো বর্তমানে গজিয়ে উঠছে একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগ। বিশেষ করে অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএল খেলতে মুখিয়ে থাকেন অনেক ক্রিকেটার। বিশ্বের অনেক ধনকুবেররাও বিনিয়োগ করেছেন এই টুর্নামেন্টে। অল্প সময়ে বেশি অর্থ উপার্জন করা যায় বলে অনেক ক্রিকেটারই টি-টোয়েন্টির দিকে ঝুঁকছেন। লম্বা সংস্করণের টুর্নামেন্ট টেস্টের প্রতি অনেকে আগ্রহ হারিয়ে ফেলেছেন।

বাস্তবতা মেনে নিয়েই শ্রীনাথ টেস্টকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ভারতের সাবেক পেসার কদিন আগে ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘আইপিএল গুরুত্বপূর্ণ। কিন্তু ক্রিকেটে গভীরতা দরকার। আমি বলতে চাইছি, টেস্ট ক্রিকেট পাঁচ দিনের এক সংস্করণ। এ কারণেই একে ‘সব ধরনের ক্রিকেটের জননী বলা হয়। যে ক্রিকেটার টেস্ট খেলে, তার জন্য টি-টোয়েন্টি খেলাও তুলনামূলকভাবে সহজ হতে পারে। কিন্তু যে শুধুমাত্র টি-টোয়েন্টি খেলে, তার জন্য টেস্ট খেলা ততটা সহজ নয়। তাই আমি বলছি, টেস্ট ক্রিকেটে—অর্থাৎ দীর্ঘ সংস্করণের ক্রিকেটে মনোযোগ ধরে রাখুন। পাশাপাশি টি-টোয়েন্টিও খেলতে পারেন।’

১৯৯১ থেকে ২০০৩ পর্যন্ত ৬৭ টেস্ট ও ২২৯ ওয়ানডে খেলেছেন শ্রীনাথ। আন্তর্জাতিক ক্রিকেটে ২৯৬ ম্যাচে নিয়েছেন ৫৫১ উইকেট। যার মধ্যে ওয়ানডেতে তাঁর উইকেট ৩১৫। ২০০৬ থেকে ম্যাচ রেফারির কাজ করছেন তিনি। ২০ বছরে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৫২৮ ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত