মেয়েকে জন্মদিনের উপহার লিটনের

মার্কো ইয়ানসেনের করা ৮৮তম ওভারের পঞ্চম বল শরীর ঘুরিয়ে পুল করেন লিটন দাস। ব্যাটের ওপরের কানায় লেগে বল লং লেগের ওপর দিয়ে সীমানার বাইরে চলে যায়। তাতেই টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পান লিটন।
একমাত্র কন্যা আনায়রা দাস আনভির তৃতীয় জন্মদিনে সেঞ্চুরির দেখা পেলেন লিটন। ২০২৩ সালের আজকের দিনে কন্যা সন্তানের বাবা হন এই উইকেটরক্ষক ব্যাটার। সেঞ্চুরি পূর্ণ করে পকেট থেকে এক টুকরো কাগজ বের করেন। সেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই সেঞ্চুরিটা তোমার জন্য।’ জন্মদিনে মেয়েকে এর চেয়ে বড় উপহার দিতে পারতেন না লিটন।
কঠিন সময়ে তাওহীদ হৃদয় ও লিটনের ব্যাটে প্রতিরোধ গড়ে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পর হৃদয় ফিরলেও অপেক্ষায় ছিল লিটন। আজ দিনের খেলার শুরুতেই পেলেন তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারের দেখা।
গতকাল দিনের শেষ বলে হৃদয় আউট হলে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। সফরকারীদের স্কোরবোর্ডে তখন ৩২৭ রান। লিটন মাঠ ছাড়েন নামের পাশে অপরাজিত ৯২ রান নিয়ে। আজ দিনের চতুর্থ ওভারেই সেঞ্চুরি তুলে নেন তিনি।
দলীয় ২২ রানে ৩ ব্যাটারকে হারানোর পর হৃদয় ও তানজিদ হাসান তামিমের ৯৯ রানের জুটিতে বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ। তবে কাগিসো রাবাদার করা ৩৫তম ওভারের প্রথম দুই বলে তামিম ও মুশফিকুর রহিম ফিরলে ফের বিপদে পড়ে অতিথিরা। ২০০ রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল দল। কিন্তু ষষ্ঠ উইকেটে হৃদয় ও লিটনের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বোলারদের হতাশ করে ১২৬ রান যোগ করেন দুজন। মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লু হওয়ার আগে ১৪ চার ও ১ ছক্কায় ১৩৭ রানের নান্দনিক ইনিংস খেলেন হৃদয়। তাঁর পর এই টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির দেখা পেলেন লিটন।









