Ajker Patrika

ইউরোপ ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার

ক্রীড়া ডেস্ক    
ইউরোপ ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার
মেজর লিগ সকারে (এমএলএস) শিগগিরই দেখা যাচ্ছে গ্রিজমান-মেসি লড়াই। ছবি: এএফপি

২০০৯ সালে স্পেনের রিয়াল সোসিয়েদাদের হয়ে আঁতোয়া গ্রিজমানের ক্লাব ক্যারিয়ার শুরু। স্পেনের দুই ক্লাব বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দীর্ঘ ১৭ বছরের ইউরোপ পর্ব ছেড়ে এবার তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

মেজর লিগ সকারের (এমএলএস) দল অরলান্ডো সিটিতে যাচ্ছেন বলে দ্য অ্যাথলেটিকসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এই এমএলএসের আরেক দল ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, রদ্রিগো দি পলরা। তাঁরাও এক সময় ইউরোপের ফুটবলে রাজত্ব করেছেন। মেসি-সুয়ারেজ বার্সেলোনায়ও ছিলেন সতীর্থ। আর দি পল খেলেছিলেন আতলেতিকো মাদ্রিদে।

সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদ জিতেছে ৩-২ গোলে। এই ম্যাচ খেলেই দুই দিনের ছুটিতে ফ্লোরিডায় এখন গ্রিজমান। ২০১৮ ফুটবল বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসতে যাচ্ছে। ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিৎসিও রোমানো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘২০২৬ সালের জুলাই থেকে অরলান্ডো সিটিতে যোগ দিচ্ছে। এমএলএস ক্লাবটি জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে নিতে চাচ্ছে। এই সপ্তাহেই গ্রিজমান অরল্যান্ডো ভ্রমণে যাচ্ছে বলে মার্কার প্রতিবেদনে জানা গেছে।’

অরলান্ডো সিটির ৭ নম্বর জার্সি পরতে যাচ্ছেন বলে জানিয়েছেন রোমানো। দুই বছরের চুক্তিতে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত খেলবেন গ্রিজমান। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকছে। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরই বাকি।

ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭৯২ ম্যাচে গ্রিজমান করেছেন ২৯৮ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩২ গোলে। যার মধ্যে আতলেতিকোর হয়ে সবচেয়ে বেশি ২১১ গোল করেছেন তিনি। ফ্রান্সের জার্সিতে ১৩৭ ম্যাচের ক্যারিয়ারে ৪৪ গোলের পাশাপাশি ৩৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০১৮, ২০২২ সালে টানা দুইবার বিশ্বকাপ ফাইনালেও উঠেছেন।

২০২২ সালে ফ্রান্স বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারেনি। ধ্রুপদী ফাইনাল জিতে দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপখরা কাটায় আর্জেন্টিনা। মেসিও তাঁর আজন্মলালিত স্বপ্নপূরণ করেছেন। এই মেসির সঙ্গে বার্সেলোনায় গ্রিজমান সতীর্থ ছিলেন তিন বছর। যেখানে মেসি প্রায় ২০ বছর বার্সায় খেলে ২০২১ সালে পাড়ি জমান প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। পরবর্তীতে ২০২৩ সাল থেকে মেসি ইন্টার মায়ামিতে খেলেছেন। এই ক্লাবের হয়ে এখন পর্যন্ত তিনটি শিরোপা জিতেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফরোয়ার্ড। গ্রিজমান অরলান্ডো সিটিতে যোগ দিলে এমএলএসে লড়াইটা আরও জমজমাট হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত