Ajker Patrika

ভারতে দুটি দল আটকে থাকায় আইসিসিকে কাঠগড়ায় তুললেন ভন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৪: ৩০
ভারতে দুটি দল আটকে থাকায় আইসিসিকে কাঠগড়ায় তুললেন ভন
আইসিসিকে ধুয়ে দিয়েছেন মাইকেল ভন। ছবি: ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরও। ২০ দলের টুর্নামেন্ট এখন দুই দলে নেমে এলেও ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা আটকা পড়ে রয়েছে ভারতেই। টুর্নামেন্ট শেষ হওয়ার পরও কেন তারা দেশে ফিরতে পারছে না, প্রশ্ন তুললেন মাইকেল ভন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) ধুয়ে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনা। আকাশপথ বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের অনেক ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। দূরপাল্লার ভ্রমণে অনেক বিমান দুবাইকে ট্রানজিট হিসেবে ব্যবহার করলেও এবার তা হচ্ছে না। তাতে বেকায়দায় পড়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো। তবে ইংল্যান্ড গত বৃহস্পতিবার বিদায় নিলেও তারা গতকালই চার্টার্ড বিমানে দেশে ফেরার সুযোগ পেয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা কেন বাড়ি ফিরতে পারছেন না, সেই প্রশ্ন ভনের। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ড বৃহস্পতিবার বাদ পড়েছে। আর আজই তারা চার্টার্ড ফ্লাইটে বাড়ি ফিরছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ গত রোববার বাদ পড়ে এখনো কলকাতায় আছে। দক্ষিণ আফ্রিকাও একই অবস্থায় রয়েছে। এখানেই বোঝা যায় ক্ষমতার ভারসাম্য ঠিক নেই।’

১ মার্চ ভারতের কাছে হেরে সুপার এইট থেকেই বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেনসে সেদিন ৫ উইকেটে হারে উইন্ডিজ। আর দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজেছে ৪ মার্চ। তারাও কলকাতায় ৯ উইকেটে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। আগেভাগে টুর্নামেন্ট শেষ করার পরও দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের দেরিতে বাড়ি ফেরার কোনো মানেই দেখেন না ভন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘এমন পরিস্থিতিতে সব দলের সঙ্গে একই রকম আচরণ করা উচিত। শুধু আইসিসিতে ক্ষমতাশালী দেখে আলাদা সুবিধা পাওয়া উচিত নয়।’

সপ্তাহের শেষে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল চার্টার্ড বিমানে ভারত ছাড়ছে—ক্রিকইনফো গতকাল এই শিরোনামে একটি ফটোকার্ড ফেসবুকে ছেড়েছে। এই ফটোকার্ড নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে আইসিসিকে ধুয়ে দিলেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আইসিসি মজা করছে আমাদের সঙ্গে। আমরা কিছুই জানি না। এদিকে, ইংল্যান্ড চলে যাচ্ছে আমাদের আগেই। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা এখনো কিছুই জানে না। অদ্ভুত ব্যাপার হলো কিছু দল অন্যান্য দলের চেয়ে বেশি সুযোগ পাচ্ছে।’

আইসিসির ওপর খেপেছেন ডেভিড মিলারও। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘মজার ব্যাপার হলো,ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ড বাদ পড়ে আজ (গতকাল) রাতেই একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছে। আর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা এখনো উত্তর পায়নি।’

দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ সম্ভবত আগে জোহানেসবার্গে পৌঁছাবে। ক্যারিবীয় ক্রিকেট দল সেখান থেকে অ্যান্টিগায় যাবে। যদিও কখন যাবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে জিম্বাবুয়ে দল ভারতে আটকা পড়লেও তারা দেশে ফিরতে পেরেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল। ভারত নামবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে। আর নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মিশনে নামবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত