রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হতে পারে খুব শিগগিরই। ছুটি কাটিয়ে ফেরার পর ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। সেই আলোচনাতেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার করবেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রোববার সন্ধ্যায় মাদ্রিদে ফিরবেন ভিনিসিয়ুস। এরপর নতুন কোচ জোসে মরিনিয়োর অধীনে অনুশীলনে যোগ দেবেন। তার আগে এই কোচের সঙ্গে এবং পরে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ভিনিসিয়ুসের। বৈঠকে নিজের পরিকল্পনা সম্পর্কে জানাবেন তিনি। বলা বাহুল্য, রিয়ালের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি আছে এই ফুটবলারের।
রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়ুস—দুই পক্ষই এখনো দাবি করছে, তাদের লক্ষ্য নতুন চুক্তি করা। তবে আলোচনার আগে এখনই চূড়ান্তভাবে কিছু বলার উপায় নেই। সমঝোতায় পৌঁছাতে না পারলে ক্লাব ছাড়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কোনো পক্ষ।
এদিকে গত কয়েক দিনে আর্সেনালের আগ্রহ নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, সে বিষয়ে রিয়ালের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। ক্লাবটির সঙ্গে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের কোনো যোগাযোগ হয়নি। ভিনিসিয়ুসের প্রতিনিধিরাও গানারদের সঙ্গে চুক্তির খবর অস্বীকার করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসকে নিয়ে আত্মবিশ্বাসী রিয়াল। কারণ সাম্প্রতিক আলোচনায় তারকা ফুটবলার ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেননি। বরং সান্তিয়াগো বার্নাব্যুতে থেকে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন বলেই দাবি করছেন ক্লাব কর্মকর্তারা।
রিয়ালে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মূল কারণই আর্থিক বিষয়ে সমঝোতা না হওয়া। খেলোয়াড়ের পক্ষ থেকে যে পরিমাণ পারিশ্রমিক দাবি করা হচ্ছে, মাদ্রিদের প্রতিনিধিদের বর্তমান প্রস্তাব সেই পর্যায়ে পৌঁছাবে না বলে জানিয়েছে এএস।
এখন রিয়াল চায়, ভিনিসিয়ুস নিজের অবস্থান সরাসরি ক্লাবকে জানাক। যদি তিনি সত্যিই চুক্তি নবায়ন করতে না চান, তাহলে সেটি স্পষ্ট করার পরই দলবদলের বাজারে বিকল্প খোঁজার পরিকল্পনা করবে ক্লাবটি। রিয়াল ও ভিনিসিয়ুস—দুই পক্ষের জন্যই তাই আসন্ন বৈঠকটি গুরুত্বপূর্ণ।

ডারউইনে গতকাল শুরু হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ছিল বাংলাদেশেরই। কিন্তু আজ দ্বিতীয় দিনে চিত্রটা উল্টো। বাংলাদেশের ওপর যেমন ছড়িয়ে ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুশ্চিন্তাও বেড়েছে ফিল সিমন্সের দলের।
১ মিনিট আগে
ফিফার বিতর্কিত প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে পরিকল্পনা প্রণয়নের সময় হওয়া ভুল স্বীকার করে ২১১টি সদস্য সংস্থার কাছে ইনফান্তিনোর ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তারা।
১ ঘণ্টা আগে
দারুণ ব্যাটিং করে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের আলোটা নিজের দিকে টেনে নেন মেহেদী হাসান মিরাজ। ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মিরাজ সেঞ্চুরির দেখা পেলেও ব্যাটিং নিয়ে চিন্তা কমছে না বাংলাদেশের। মিরাজ ছাড়া প্রথম ইনিংসে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।
২ ঘণ্টা আগে
গিলের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়ক লোকেশ রাহুল। বৃহস্পতিবার অনুশীলনে চোট পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গিলকে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২ ঘণ্টা আগে