Ajker Patrika

আর্জেন্টিনাকে বিদায়ের পর মেসির হৃদয়ছোঁয়া বার্তা

ক্রীড়া ডেস্ক    
আর্জেন্টিনাকে বিদায়ের পর মেসির হৃদয়ছোঁয়া বার্তা
আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না তারকা ফরোয়ার্ডকে। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

বিদায়ের মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘গতকালই ছিল আমার শেষ ম্যাচ এবং ইতোমধ্যেই আকাশি সাদা জার্সি পরাটাকে মিস করছি। আমি জানি, আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি।’

আর্জেন্টিনার হয়ে নিজের দীর্ঘ পথচলাকে অবিশ্বাস্য এক যাত্রা হিসেবে উল্লেখ করেছেন মেসি, ‘এটি ছিল আনন্দে ভরা এক অবিশ্বাস্য যাত্রা, যার মধ্যে কিছু দুঃখও ছিল। তবে আমি নিশ্চিত, আমি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছি, তার সবই সার্থক ছিল।’

মাঠে বিদায়ী বক্তব্য দেওয়ার পরও নিজের অনেক কথা বলা বাকি রয়েছে বলে জানিয়েছেন মেসি। তিনি বলেন, ‘আরও অনেক কিছু বলার আছে আমার। কয়েকটি শব্দে বা একটি পোস্টে আমি যা অনুভব করছি, তা প্রকাশ করা অসম্ভব।’

এই দীর্ঘ যাত্রায় পরিবারের অবদানও স্মরণ করেছেন মেসি। কঠিন সময়ে পাশে থাকার জন্য পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সতীর্থ, কোচ এবং তাঁদের স্টাফদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক।

বিদায়ের বার্তায় বিশেষভাবে দিয়েগো ম্যারাডোনাকে স্মরণ করেছেন মেসি। তিনি লিখেছেন, ‘আমি ডিয়েগোকে ভুলতে চাই না, যিনি আমাদের দেশকে তার প্রাপ্য জায়গায় তুলে দিয়েছিলেন। আমি যেমন সবসময় বলি, আমি জানি, তিনি এখানে আমাদের সঙ্গে থাকা অবস্থায় যেমন আমাদের সাহায্য করেছেন, তেমনি স্বর্গ থেকেও আমরা যে প্রতিটি পদক্ষেপ নিয়েছি, তাতে সহায়তা করেছেন।’

আর্জেন্টিনার জার্সি পরার সুযোগ করে দেওয়া ক্লাবগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। জাতীয় দলের হয়ে খেলার সময় তাঁর অনুভূতিকে সম্মান করার জন্য ক্লাবগুলোর প্রতি ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে সৃষ্টিকর্তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই তারকা।

মেসি লিখেছেন, ‘আমি ভীষণ কৃতজ্ঞ। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, তোমাদের মিস করব এবং সবসময় কৃতজ্ঞ থাকব, তোমরা আমাদের পাশে ছিলে, আমার পাশে ছিলে।’

বিদায়ের আনন্দের সঙ্গে মিশে ছিল ব্যক্তিগত শোকও। ম্যাচের পর মাঠে বক্তব্য দিতে গিয়ে মেসি প্রথমেই স্মরণ করেন তাঁর প্রয়াত বাবাকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘গত রাতে তোমাকে আমরা কতটা মিস করেছি, তা তুমি কল্পনাও করতে পারবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত