Ajker Patrika

আর্জেন্টিনার প্রশংসায় যা বললেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ

ক্রীড়া ডেস্ক    
আর্জেন্টিনার প্রশংসায় যা বললেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ
টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অপেক্ষায় আলবিসেলেস্তেরা। দলটির ভূয়সী প্রশংসা করেছেন দেল বস্ক। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে সরব স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দেল বস্ক। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে লুইস দে লা ফুয়েন্তের দলকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী সাবেক এই কোচ। একই সঙ্গে আর্জেন্টিনাকেও প্রশংসা ভাসিয়েছেন তিনি।

লা ত্রিবু অনুষ্ঠানে দেল বস্ক বলেন, ‘আর্জেন্টিনা যা করেছে, তা সত্যিই খুব চিত্তাকর্ষক। তারা যেভাবে এগিয়ে গেছে, জায়গা তৈরি করেছে—সবই ছিল দারুণ। তারা ইংল্যান্ডকে (সেমিফাইনালে) আত্মবিশ্বাসের সঙ্গে হারিয়েছে, যদিও ইংল্যান্ড কিছুটা হতাশ করেছে।’

গ্রুপপর্ব তিন এবং নকআউটের চার—সব মিলিয়ে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সাত ম্যাচে মাত্র এক গোল হজম করেছে স্পেন। এই পরিসংখ্যানই বলছে কতটা দারুণ সময় পার করছে একবারের চ্যাম্পিয়নরা। ফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্সকে হারিয়ে ফাইনালে পা রেখেছে তারা। দলটির এমন পারফরম্যান্সের পেছনে লুইস দে লা ফুয়েন্তের অবদান তুলে ধরেছেন দেল বস্ক।

এই প্রসঙ্গে দেল বস্ক বলেন, ‘ওরা (স্পেন) খুব ভালো খেলছে এবং আমরা আনন্দিত যে লুইস ও এই খেলোয়াড়রা আমাদের প্রতিনিধিত্ব করছে। তারা অসাধারণ একটি দল এবং মাঠে ও মাঠের বাইরে—দুই জায়গাতেই দারুণ কাজ করছে।’

লা ফুয়েন্তের অধীনে খুব বেশি জাঁকজমকপূর্ণ ফুটবল না খেললেও স্পেনের পরিকল্পনা বাস্তবায়ন করার পদ্ধতি মুগ্ধ করেছে দেল বস্ককে, ‘আমাদের খেলার ধরন খুবই সহজ। হয়তো খুব দর্শনীয় নয়, কিন্তু তারা যা করে, তা খুব ভালোভাবে বাস্তবায়ন করে। আমাদের রক্ষণভাগ ভালো, মাঝমাঠও ভালো। সব মিলিয়ে এটি একটি সুসংগঠিত দল।’

তরুণ তারকা লামিন ইয়ামালের পারফরম্যান্স নিয়েও মন্তব্য করেছেন তিনি। দেল বস্কের মতে, সব ম্যাচে সেরা ছন্দে না থাকলেও এই প্রতিভাবান খেলোয়াড়ের ওপর আস্থা রাখা উচিত। ইয়ামালকে নিয়ে তিনি বলেন, ‘হয়তো এটি (ইংল্যান্ডের বিপক্ষে) ইয়ামালের সেরা ম্যাচ ছিল না, তবে এত অল্প বয়সী ও প্রতিভাবান একজন খেলোয়াড়ের ওপর আমাদের আস্থা রাখতে হবে।’

ফাইনালকে সামনে রেখে দে লা ফুয়েন্তেকে কোনো পরামর্শ দিতে চান না দেল বস্ক। বরং স্পেনের বর্তমান কোচের সিদ্ধান্তের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন তিনি, ‘আমি দে লা ফুয়েন্তেকে কোনো পরামর্শ দিই না। তিনি যেটিকে সবচেয়ে ভালো মনে করেন, সেটিই করা উচিত। আর তিনি সব সময় আমার মধ্যে এমন একজনকে পাবেন, যে তাকে বোঝে।’

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খেলোয়াড়দের ওপর চাপ কমানোর অভিজ্ঞতার কথাও স্মরণ করেছেন আফ্রিকা বিশ্বকাপে স্পেনকে বিশ্বচ্যাম্পিয়ন করা এই কোচ। তিনি জানান, সে বিশ্বকাপের সময় ফাইনালের আগে খেলোয়াড়দের বোঝানোর চেষ্টা করেছিলেন যে, এটি শুধুই একটি ফুটবল ম্যাচ।

এই প্রসঙ্গে দেল বস্ক বলেন, ‘আমি পুরো বিশ্বাস থেকেই বলেছিলাম, এটি কেবল একটি ম্যাচ। আমরা কোনো সৈনিক নই; আমরা ফুটবলার, যারা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত