Ajker Patrika

রেকর্ডের লড়াইয়ে মেসি বনাম এমবাপ্পে

রানা আব্বাস, মায়ামি থেকে
আপডেট : ০২ জুলাই ২০২৬, ০০: ০৯
রেকর্ডের লড়াইয়ে মেসি বনাম এমবাপ্পে
ফাইল ছবি

কিলিয়ান এমবাপ্পেকে ক্ষিপ্র চিতার গতিতে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়তে দেখে আর্জেন্টিনা সমর্থকদের বুকে কি একটা কাঁপুনি দিয়ে উঠছে? এই বুঝি এমবাপ্পের গোল হয়ে গেল! ফরাসি ‘গোলমেশিন’ যদি গোলের বন্যা বইয়ে দেন, তাতে আর্জেন্টিনা সমর্থকদের কপালে কেন চিন্তার ভাঁজ পড়ে?

চিন্তার ভাঁজ পড়ার একটাই কারণ, লিওনেল মেসি। মেসিকে যে ধাওয়া করছেন এমবাপ্পে। ধাওয়া করছেন কী, সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে ৩৯ বছর বয়সী আর্জেন্টিনা মহাতারকাকে তো ধরেই ফেলেছেন ২৭ বছর বয়সী ফরাসি তারকা। ২০২৬ বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ৬, এমবাপ্পেরও ৬। গোল সমান হলেও দুটি জায়গায় ফ্রান্স ফরোয়ার্ড এগিয়ে—৪ ম্যাচে এমবাপ্পের অ্যাসিস্ট ২, খেলেছেন ৩৭৮ মিনিট। সেখানে ৩ ম্যাচে মেসির কোনো অ্যাসিস্ট নেই, খেলেছেন ২২৩ মিনিট। মেসির ‘রাউন্ড অব ৩২’ শুরু হচ্ছে আরও দুই দিন পর। মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে গোল করলেই আবার এমবাপ্পের ওপরেই থাকার সুযোগ থাকছে আর্জেন্টিনা অধিনায়কের।

শেষ ষোলো পর্ব শুরু না হওয়ার আগেই গোল্ডেন বুটের দাবিদার হতে দুই তারকা সমান ৬ গোল করে বসে আছেন। অথচ কত বিশ্বকাপ গেছে, ৫ গোলেই গোল্ডেন বুট মিলেছে ফরোয়ার্ডদের। ২০২২ বিশ্বকাপের মতো এবারও যদি আর্জেন্টিনা আর ফ্রান্সের মধ্যে ফাইনাল হয়, দুজনই যদি ফিট থেকে খেলতে পারেন, মেসি-এমবাপ্পের পাশে কত গোল থাকতে পারে, চিন্তা করুন!

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিয়েও মেসি-এমবাপ্পের এমন কাড়াকাড়ি চলছে, তা দেখে মিরোস্লাভ ক্লোসা কি জার্মানিতে বসে মুচকি হাসছেন? ব্রাজিলের রোনালদোর কাছ থেকে কেড়ে নেওয়া রেকর্ড মুকুটটা জার্মান ফরোয়ার্ড পরেছিলেন এক যুগ। সেটা মেসির মাথায় বসেছে দুই সপ্তাহও হয়নি। এমবাপ্পে এত জোরে ধাওয়া করছেন, মেসির মাথায় মুকুটটা কদিন থাকে কে জানে!

বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা বেড়ে হয়েছে ১৮, মেসির সর্বোচ্চ ১৯ গোলের রেকর্ডের মাত্র এক ধাপ দূরে ফরাসি তারকা। বিশ্বকাপে মাত্র ১৮ ম্যাচ খেলেই ১৮ গোল করেছেন এমবাপ্পে। মেসির ১৯ গোল এসেছে ২৯ ম্যাচে। গোল করার গড়ে এমবাপ্পেই এগিয়ে। এ বিশ্বকাপে মেসি যদি সামান্য ব্যবধানে এগিয়ে থেকেও শেষ করেন, ২৭ বছর বয়সী এমবাপ্পের সামনে আরও দুই-তিনটি বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে। সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটা নিজের অধিকারে লম্বা সময় থাকবে, স্বয়ং মেসিও হয়তো ভাবেন না।

রেকর্ড নিয়ে ভাবতে চাচ্ছেন না এমবাপ্পেও। নিউজার্সিতে সুইডেন ম্যাচের পর গোল্ডেন বুটের লড়াই নিয়ে প্রশ্ন করা হলে এমবাপ্পে পরিষ্কার বলেছেন, ‘না, না, একেবারেই না (গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না)। আমার একমাত্র লক্ষ্য বিশ্বকাপে যত দূর সম্ভব এগিয়ে যাওয়া। ১৯ জুলাই আবার এখানে ফিরে এসে (নিউজার্সিতে) শিরোপা জেতাই আমাদের লক্ষ্য।’ মেসির সঙ্গে গোলের প্রতিযোগিতা নিয়ে এমবাপ্পে বলছেন, ‘অবশ্যই বেশি গোল করলে গৌরবের কাছাকাছি যাওয়া যায়। কিন্তু আমার বিশ্বাস, লিও আরও গোল করবে। এসব নিয়ে আমি খুব একটা ভাবি না।’

এমবাপ্পের কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের লক্ষ্যই বেশি গুরুত্বপূর্ণ। ২০২২ বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ ঘোচাতে উন্মুখ ফরাসি ফরোয়ার্ড বলেছেন, ‘আমি সম্ভাব্য প্রতিপক্ষ, আমাদের পথচলা এবং কীভাবে ফাইনালে পৌঁছানো যায়, এ বিষয়গুলো নিয়েই বেশি ভাবি। গোলের রেকর্ড ভাঙার কথা মাথায় আসে না। পরিসংখ্যান সম্পর্কে আমি জানি, সবাই এগুলো নিয়ে কথা বলে, আমিও টেলিভিশনে দেখি। কিন্তু আমার মনোযোগ একটাই—দলকে কীভাবে ১৯ জুলাইয়ের ফাইনালে তুলতে পারি। সব সময় বলেছি, দেশের জন্য ইতিহাস গড়তে চাই। একবার সেটা করতে পেরেছি। কাতারে খুব কাছাকাছি গিয়েও পারিনি। এবার আবার সেই সুযোগ আসছে।’

সেই সুযোগটা যদি মেসির আর্জেন্টিনার বিপক্ষেই আসে, নিশ্চিত এমবাপ্পে মরিয়া হয়ে উঠবেন চার বছর ধরে মনের ভেতর জ্বলতে থাকা প্রতিশোধের আগুনটা নেভাতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত