
ঈদের ছুটিতে যখন পুরো দেশ উৎসবে মাতোয়ারা হওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন ব্যস্ত সময় পার করছেন দেশের ফুটবলাররা। জাতীয় দল, ছেলেদের অনূর্ধ্ব-২০ দল এবং মেয়েদের অনূর্ধ্ব-২০ দল—এই তিন দলের কারোই এবার পরিবারের সঙ্গে ঈদ করার সুযোগ নেই। কারণ, সামনে যে অপেক্ষা করছে খেলা। ঈদের দিন তিন দলেরই দেশের বাইরে থাকার সম্ভাবনা বেশি।
সাধারণত ঈদের ছুটিতে বাফুফে ভবন কিংবা আবাসিক ক্যাম্পগুলো ফাঁকা হয়ে গেলেও এবার দৃশ্যপট ভিন্ন। হোটেল রুম আর ডাইনিং টেবিলের সতীর্থরাই এখন ফুটবলারদের একমাত্র স্বজন। এমনও হতে পারে, ঈদের দিন ফুটবলাররা কাটাবেন অনুশীলনের মাঠে। পরিবারের সঙ্গে সময় কাটানোর বদলে তাঁদের দিন কাটবে মাঠে ঘাম ঝরিয়ে।
এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে তারা প্রীতি ম্যাচ খেলবে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে। দুটো ম্যাচই হবে প্রতিপক্ষের মাটিতে। তা সামনে রেখে পরশু থেকে অনুশীলন শুরু করেছে জাতীয় দল। ২০ মার্চ রওনা দেবে ভিয়েতনামের উদ্দেশে।
সেদিন ঈদ হলে তা দেশের বাইরেই কাটাতে হবে জামাল-মোরসালিনদের। ডেনমার্কে প্রবাসে ঈদের উৎসব নিশ্চয়ই রঙিন হবে না, যতটা হয় বাংলাদেশে। কিন্তু ডেনমার্কে তো পরিবার থাকে। পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে কে না চায়! তবে জামাল ভূঁইয়া অভ্যস্ত পরিবার ছেড়ে ঢাকায় ঈদ করতে। আজকের পত্রিকাকে বললেন, ‘পরিবারের সঙ্গে থাকলে সেটা অবশ্যই আলাদা এবং স্পেশাল। তবে আমি এখন সতীর্থদের সঙ্গে ঈদ করতে অভ্যস্ত। সকালে আমরা সবাই মিলে নামাজ পড়ি। ওই দিন সাধারণত অনুশীলন থাকে না। যাদের পরিবার ঢাকায়, তারা দেখা করতে আসে। এভাবেই কাটে আমার ঈদ।’
ত্যাগকে সাফল্যে পরিণত করতে সিঙ্গাপুরের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না শেখ মোরসালিন, ‘আসলে আমরা বড় একটা স্যাক্রিফাইস (ত্যাগ) করছি। আমাদের দলের কেউ এবার পরিবারের সঙ্গে ঈদ করতে পারছি না। দিনশেষে আমাদের চেষ্টা থাকবে, যেন আসন্ন দুটি ম্যাচে ভালো ফল করতে পারি। দেশের মানুষকে জয় উপহার দিতে চাই, এটাই আমাদের একমাত্র আশা।’
এশিয়ান কাপে প্রথমবার খেলে এবার ইতিহাস গড়েছে মেয়েদের জাতীয় দল। যদিও তিন ম্যাচের প্রতিটিতেই হারতে হয়েছে। অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে সেই দলের অনেক ফুটবলারই দম ফেলার ফুরসত পাননি। কারণ ১ এপ্রিল থেকে শুরু হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। তাই ২১ মার্চ থাইল্যান্ড যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এই দলে খেলবেন অস্ট্রেলিয়ায় নজরকাড়া পারফরম্যান্স উপহার দেওয়া মিলি আক্তার।
ঈদে নিজবাড়ি ময়মনসিংহে যেতে না পারায় আক্ষেপ আছে বটে, তবে তা মেটাতে চান থাইল্যান্ডে ঐতিহাসিক কিছু করে। তিনি বলেন, ‘ঈদে এবার পরিবারের সঙ্গে থাকতে না পেরে খারাপ লাগছে। তবে পরিবারের সবার জন্য মার্কেট করে পাঠিয়েছি। থাইল্যান্ডে ভালো কিছু করব ইনশা আল্লাহ। নিজের সর্বস্বটা নিংড়ে দেব।’
এশিয়ান কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ডসহ চীন ও ভিয়েতনাম। মেয়েদের মতো ছেলেদের অনূর্ধ্ব-২০ দলের সময় কাটছে ব্যস্ততায়। মালদ্বীপে ২৩ মার্চ থেকে শুরু হবে অনূর্ধ্ব-২০ সাফ। বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। যেকোনো একটিতে জিতলেই সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার। দলের অনেক ফুটবলারেরই পরিবারের বাইরে এটি প্রথম ঈদ। তাঁদের জন্য এবারের ঈদ তাই নতুন স্বাদ দিল।
ফুটবল আমেজে ঈদের ছুটি
বাংলাদেশ জাতীয় দল
তারিখ প্রতিপক্ষ
২৬ মার্চ ভিয়েতনাম
৩১ মার্চ সিঙ্গাপুর
ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ
তারিখ প্রতিপক্ষ
২৪ মার্চ পাকিস্তান
২৮ মার্চ ভারত
মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ
তারিখ প্রতিপক্ষ
১ এপ্রিল থাইল্যান্ড
৪ এপ্রিল চীন
৭ এপ্রিল ভিয়েতনাম

মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন থামারই নাম নিচ্ছে না। প্রায় এক মাস ধরে চলমান এই যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। কদিন আগে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরতে দেরি হয়েছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগে
দেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে শনিবার হবে পবিত্র ঈদুল ফিতর। তবে এরই মধ্যে ঈদের আমেজ টের পাওয়া যাচ্ছে। অনেকে পরিবার-পরিজনদের নিয়ে ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। সাকিব আল হাসান, হামজা চৌধুরীরা দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
প্রবাসী ফুটবলারদের আগমনে দেশের ফুটবলে ফিরে এসেছে উন্মাদনা। হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত শোমদের ম্যাচ দেখতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের ভিড় লেগে যায়। গোল করলে দর্শকদের চিৎকারে কেঁপে ওঠে গ্যালারি। জামাল ভূঁইয়ার মতে সতীর্থদের মধ্যে দারুণ বোঝাপড়াই দেশের ফুটবল এগিয়ে যেতে সহায়তা করছে।
২ ঘণ্টা আগে
এ মাসের শেষে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। সেই দুই ম্যাচ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এই দলে আছেন একঝাঁক তারকা ফুটবলার।
২ ঘণ্টা আগে