Ajker Patrika

মোস্তাফিজের বদলি নিল বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
মোস্তাফিজের বদলি নিল বিসিবি
প্রথম ওয়ানডের একাদশে ছিলেন কাটার মাস্টার। সে ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ফাইল ছবি

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। এরই মধ্যে কাটার মাস্টারের বদলি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মোস্তাফিজের পরিবর্তে ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে সবশেষ ২০২১ সালের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন সাইফউদ্দিন। ৫ বছর পর এই সংস্করণে ফের মাঠে নামার সুযোগ পেলেন তিনি।

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলবেন বলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তাসকিন। তবে মোস্তাফিজ চোট পাওয়ায় ঢাকা এক্সপ্রেসকে দলে ফেরাল বিসিবি। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন বাঁহাতি পেসার।

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশে ছিলেন মোস্তাফিজ। সে ম্যাচেই চোট পান তিনি। দ্বিতীয় ম্যাচে ছিলেন মাঠের বাইরে। বাজে ব্যাটিংয়ে টানা দুই ওয়ানডে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। শেষ ম্যাচ জিতে এবার সফরকারীদের সামনে ধবলধোলাই এড়ানোর মিশন। আগামীকাল সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।

বিসিবির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন হারারেতে শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলে পেসার মোস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পাচ্ছেন। হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মোস্তাফিজুর দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক প্যানেল টি-টোয়েন্টি দলে মোস্তাফিজুর রহমানের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে অন্তর্ভুক্ত করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত