
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম তো বটেই, ৮ মার্চ পুরো ভারতই সেজেছিল উৎসবের বর্ণিল সাজে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে জয়ের পর উদযাপন শুরু করে দেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের পতাকা নিয়ে উদযাপন করতে গিয়ে তোপের মুখে পড়েন পান্ডিয়া। ভারতীয় এই তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগে মামলা হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উদযাপনের সময় ভারতীয় পতাকা বাঁধা ছিল হার্দিক পান্ডিয়ার পিঠে। এক সময় পতাকাসহ মোদি স্টেডিয়ামের ঘাসে শুয়ে পড়েন তিনি। ওয়াজিদ খান নামে পৃুনের এক উকিল শিবাজি নগর থানায় পান্ডিয়ার বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগপত্র দায়ের করেছেন। এফআইআর দায়েরের প্রথম ধাপ হিসেবে ওয়াজিদ এই কাজ করেছেন বলে শিবাজি নগর থানার এক পুলিশ কর্মকর্তা গতকাল এনডিটিভিকে নিশ্চিত করেছেন।
ভারতের পতাকা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পান্ডিয়ার উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। তারকা অলরাউন্ডারের বিপক্ষে মামলার ব্যাপারে ওয়াজিদ বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হার্দিক পান্ডিয়া তার বান্ধবীর সঙ্গে নাচছিলেন। তাঁর (পান্ডিয়া) পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল। উদযাপনে এতটাই মগ্ন ছিলেন যে তিনি জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বান্ধবীর সঙ্গে শুয়েছিলেন। আমার মতে এটা জাতীয় পতাকার প্রতি অপমান।’
পতাকা অবমাননার ব্যাপারে শিবাজি নগর থানায় ওয়াজিদ অভিযোগপত্র দায়ের করতে গেলেও প্রথমে তা পুলিশ গ্রহণ করতে চায়নি। পরে পুনের উকিল যুক্তি দেখিয়ে থানায় মামলা-মোকদ্দমার কার্যক্রম শুরু করেন। ওয়াজিদ বলেন, ‘‘১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের ধারা ২ অনুযায়ী আমাদের জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা উচিত। কিন্তু পান্ডিয়ার বিরুদ্ধে যখন শিবাজি নগর থানায় অভিযোগ করতে গিয়েছিলাম, তারা বলেছিল, ‘ঘটনাটি এখানে ঘটেনি। অন্য কোথাও ঘটেছে।’ তখন আমি বললাম, ‘জাতীয় পতাকা পুরো দেশের প্রতীক। তাই শিবাজি নগর থানাতেও অভিযোগ করতে পারি।’ তারা আমার অভিযোগ গ্রহণ করেছে এবং আমাকে একটি কপি দিয়েছে। এখন দেখা যাক কী হয়।’’
বার্বাডোজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর ভারতের পতাকা গায়ে জড়িয়ে ছবি তুলেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন রোহিত-কোহলি। আহমেদাবাদে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন হওয়ার পর একই রকম দৃশ্যের অবতারণা করেন সূর্যকুমার যাদব ও পান্ডিয়া। তবে পতাকা গায়ে জড়িয়ে শুয়ে পড়ার কারণেই মূলত তোপের মুখে পড়েন পান্ডিয়া।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অনেকগুলো প্রথমের রেকর্ড গড়েছে ভারত। প্রথম দল হিসেবে সর্বোচ্চ তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা, স্বাগতিক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন, টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন-এই তিন কীর্তি গড়েছে তারা। ৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ফাইনালসেরা হয়েছেন জসপ্রীত বুমরা। টুর্নামেন্টসেরার পুরস্কার পেয়েছেন সঞ্জু স্যামসন। ৫ ম্যাচে ৮০.২৫ গড় ও ১৯৯.৩৭ স্ট্রাইকরেটে করেন ৩২১ রান। আর সদ্য শেষ হওয়া বিশ্বকাপে পান্ডিয়া ২৭.১২ গড় ও ১৬০.৭৪ স্ট্রাইকরেটে করেন ২১৮ রান। দুটি ফিফটি করেছেন। বোলিংয়ে ৮.৮১ ইকোনমিতে নেন ৯ উইকেট।

বাংলাদেশের কাছে প্রথম ওয়ানডেতে পাকিস্তান স্রেফ উড়ে গেছে। বাজে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা রীতিমতো ধুয়ে দিচ্ছেন মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের। আহমেদ শেহজাদ সিরিজের দল নির্বাচন নিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) কাঠগড়ায় তুলেছেন।
১ ঘণ্টা আগে
ইউরোপা লিগের বেশ কিছু ম্যাচ রয়েছে রাতে। রোমা খেলতে নামবে বোলোনিয়ার বিপক্ষে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জ্যাভন সিয়ারলেস এবং দুই দলীয় কর্মকর্তা চিত্তরঞ্জন রাঠোর ও ট্রেভন গ্রিফিথ। দুই বছর আগে ঘরোয়া টি-টেন টুর্নামেন্টে ফিক্সিংয়ের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এই শাস্তি দিয়েছে।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর ‘লাইমলাইটে’ এখন নাহিদ রানা। গতির ঝড়ের পাশাপাশি বাউন্সার, লেংথ পরিবর্তন করে ঘায়েল করেছেন পাকিস্তানকে। ম্যাচ শেষে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন প্রশংসায় ভাসান এই ক্রিকেটারকে। রানাকে নিয়ে পোস্ট করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি)।
২ ঘণ্টা আগে