
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার হয়তো জনপ্রিয় এই বাংলা গানটি জানেন না। কিন্তু গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ইনিংস শেষেই তো বোঝা গিয়েছিল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা কোন দলের হাতে উঠছে। একতরফা লড়াইয়ে শেষমেশ শিরোপা উঁচিয়ে ধরল ভারতই। নিউজিল্যান্ডের কাছে উত্তর দেওয়ার মতো কিছুই ছিল না।
টস জিতে গতকাল আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতীয় কাপ্তান সূর্যকুমার যাদবও আগেই ব্যাটিং নিতে চেয়েছিলেন। শুরুতে ব্যাটিং পেয়ে ভারত যেভাবে খেলেছিল, মনে হচ্ছিল ভিডিও গেমস চলছে। যে অভিষেক শর্মা টুর্নামেন্ট জুড়ে রানখরায় ভুগছিলেন, তিনি করলেন ২১ বলে ৫২ রান। সঞ্জু স্যামসনের ৮৯, ইশান কিষাণের ৫৪ রানের পাশাপাশি শেষের দিকে শিবম দুবের ক্যামিও ইনিংসে স্কোরবোর্ডে ৫ উইকেটে ২৫৫ রান করে ফেলে ভারত।
২৫৬ রানের লক্ষ্যে নামা নিউজিল্যান্ডকে কখনোই মনে হয়নি তারা ম্যাচটা জিততে পারে। বরং ভারত কত তাড়াতাড়ি শিরোপা জিততে পারে, সেটাই ছিল দেখার অপেক্ষা। নিউজিল্যান্ড ১৯ ওভার পর্যন্ত ব্যাটিং করেও ১৫৯ রানের বেশি তুলতে পারেনি। ৯৬ রানের বিশাল ব্যবধানে হেরে আরও একবার ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হলো কিউইদের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘ঘরের মাঠে বিশ্বকাপ খেলা মানেই অনেক চাপ। তবে সূর্যকুমার যাদব ও তার দল গর্ব করার মতো কাজ করেছে। টুর্নামেন্টের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ক্রিকেটার দায়িত্ব নিয়েছে। সুপার এইট এবং সেমিফাইনালে আমরা ভালো লড়াই করেছি। কিন্তু আজ (গতকাল) রাতে পুরোপুরি বিধ্বস্ত হয়েছি।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল নিউজিল্যান্ড। এবার তাদের সেমিফাইনালে উঠতে ভাগ্যেরও সহায়তা ছিল। ২৮ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান ৬৫ রানে জিতলেই সেমিতে উঠে যেত তারা (পাকিস্তান)। কিন্তু পাকিস্তান মাত্র ৫ রানে জেতায় সেমির টিকিট কাটে নিউজিল্যান্ড। এরপর কলকাতার ইডেন গার্ডেনসে ৪ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিন অ্যালেনের রেকর্ড ৩৩ বলে সেঞ্চুরিতে হেসেখেলে ফাইনালে ওঠে কিউইরা। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের কাছে স্রেফ উড়ে গেছে নিউজিল্যান্ড।
৯৬ রানে হেরে রানার্সআপ স্যান্টনার ভারতীয় দলকে পূর্ণ কৃতিত্ব দিচ্ছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিউই অধিনায়ক বলেন, ‘সতীর্থদের নিয়ে গর্বিত যে তারা এত দূর পর্যন্ত এসেছে। অবশ্যই পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল। কিন্তু প্রত্যেক ধাপেই আমরা ভালো লড়াই করেছি। আজ আমরা একটি সেরা দলের কাছে পরাজিত হয়েছি। চারদিকে নীল জার্সির বিশাল সমুদ্র দেখা যাচ্ছিল। স্বাভাবিকভাবেই ঘরের মাঠের ফেবারিট ছিল ভারত।’
২০০০ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারিয়েই আইসিসি ইভেন্টের প্রথম শিরোপা জেতে নিউজিল্যান্ড। কিউইরা এরপর ২০২১ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতকে হারিয়েই। তবে সবশেষ দুই আইসিসি ইভেন্টে ভারত প্রতিশোধ নিয়েছে। দুবাইয়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর আহমেদাবাদে গত রাতে নিউজিল্যান্ডকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এখন পর্যন্ত আটটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলে কেবল দুটি শিরোপা জিতেছে নিউজিল্যান্ড।

ভারতের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ে ফাইনালসেরা হয়েছেন জসপ্রীত বুমরা। ৪ ওভারে ১৫ রানে নিয়েছেন ৪ উইকেট। টুর্নামেন্টসেরার পুরস্কার পেয়েছেন সঞ্জু স্যামসন। ৫ ম্যাচে ৮০.২৫ গড় ও ১৯৯.৩৭ স্ট্রাইকরেটে করেন ৩২১ রান।

বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদের সঙ্গে মোহাম্মদ রিজওয়ানের তর্কযুদ্ধ সামাজিক মাধ্যমে এতটাই ছড়িয়ে পড়েছে যে দুই দলের কোচদেরও এ ব্যাপারে কথা বলতে হয়েছে। আলোচিত রিজওয়ান বাদ পড়লেন ঠিক তার পরের সিরিজেই।
২৬ মিনিট আগে
অবশেষে জানা গেল বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচের নাম। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের ডাগআউটে এখন দেখা যাবে টমাস ডুলিকে। নিয়োগ পাওয়ার পর আজই ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ২০ দিনের মতো বাকি। দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। পর্যায়ক্রমে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করছে টুর্নামেন্টের ৪৮ দল। তারকাদের অনেকেই বাদ পড়ছেন। অনেকে আবার চমক হয়ে আসছেন। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ খেলতে না পারায় হতাশ ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি ম্যাগুয়ার।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের দল সংখ্যা, সূচি সব চূড়ান্ত হয়ে গেছে আগেই। এখন শুধু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মাঠে গড়ানোর অপেক্ষা। কিন্তু ৪৮ দলের বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে জানা গেল আরেক তথ্য। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা দল সংখ্যা বাড়িয়ে ৬৬ দলের বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে।
২ ঘণ্টা আগে