
নিজেকে আলোচনায় রাখতেই বেশি পছন্দ মোহাম্মদ আমিরের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে খোঁচা দিয়ে একের পর এক মন্তব্য করেছেন আমির। পাল্টা জবাবও পেয়েছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার। এবার তিনি ধুয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। বাংলাদেশ সিরিজের দল ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করে ঘোষণা করা হয়নি বলে দাবি করছেন তিনি।
শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করে গতকাল পিসিবি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দল থেকে বাবর আজম, ফখর জামান, সাইম আইয়ুবদের জন্য ক্রিকেটারদের বাদ দেওয়া হয়েছে। যাঁদের মধ্যে বাবরের বাদ পড়া নিয়ে আলোচনা হচ্ছে বেশি। তিনি সবশেষ গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করেছিলেন। উপরন্তু ছয় নতুন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সিরিজের দল দিয়েছে পিসিবি।
বাংলাদেশ সিরিজের দল ঘোষণায় পিসিবির দূরদর্শিতার অভাব রয়েছে বলে মনে করেন আমির। পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার বলেন, ‘বিশ্বকাপের আর মাত্র আট মাস বাকি। বাংলাদেশ সিরিজের জন্য যাদের নেওয়া হয়েছে, তারাই কি বিশ্বকাপের মূল দলে থাকবে? যদি এই নতুন ক্রিকেটাররা ব্যর্থ হয়, তাহলে যাদের বাদ দেওয়া হয়েছে তাদের কি আবার ফিরিয়ে আনা হবে? দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা দরকার।’
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে গেছে সুপার এইটেই। সাইম আইয়ুব বোলিংয়ে ৫ উইকেট নিলেও ব্যাটিংয়ে ১০০ রানও করতে পারেননি। বাবরও টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ব্যাটিং করতে পারেননি। বাজে ফর্মের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে ‘বাঁচা-মরা’র ম্যাচে সুযোগই হয়নি তাঁদের (বাবর-সাইম)। তবে সেমিতে উঠতে যেখানে ৬৫ রানে জেতা দরকার ছিল, পাকিস্তান জেতে ৫ রানে।
বাবর-সাইমকে কি টি-টোয়েন্টির পারফরম্যান্স দেখে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে, নির্বাচকদের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন আমির। পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার বলেন, ‘আপনারা কি সাইম ও বাবরকে টি–টোয়েন্টিতে পারফরম্যান্সের ভিত্তিতে ওয়ানডে দল থেকে বাদ দিয়েছেন, নাকি এই সংস্করণ (ওয়ানডে) থেকে তাদের বাদ দেওয়া হয়েছে? প্রথমে এই প্রশ্নের উত্তর জানা দরকার। যদি ফর্মের অভাবে তারা বাদ পড়ে, তাহলে দলে ফিরতে কোন ওয়ানডে খেলবে? এটা আমার দ্বিতীয় প্রশ্ন।’
বাংলাদেশ সিরিজের দল থেকে বাবরকে বাদ দেওয়া ঠিক হয়নি বলে মনে করেন আহমেদ শেহজাদ। আমিরের সঙ্গে সুর মিলিয়ে শেহজাদ বলেন, ‘বাবরকে বাদ দেওয়ার আগে কি তার সঙ্গে আলোচনা করা হয়েছিল? যদি তা-ই হয়, তাহলে কারণটা বলুন। যদি সে পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করে থাকে, সেটাও স্পষ্ট করুন। কিন্তু যদি তা না হয়, তাহলে তার সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি।’
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান সিরিজের দল ঘোষণা নিয়ে হতভম্ব মোহাম্মদ ইউসুফও। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমকে নেওয়াটাই ছিল অবাক করার মতো। এবার তাকে বাদ দেওয়া হয়েছে। যদি তাকে বাদ দেওয়াটা কেবল বিশ্রামের ব্যাপার না হয়, তাহলে ব্যাপারটা চমকে দেওয়ার মতোই। এসব আজেবাজে সিদ্ধান্ত কে নিচ্ছে?’
সূচি অনুযায়ী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরে হওয়ার কথা বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ও ইরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে অস্থির অবস্থা বিরাজ করছে। পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে পাকিস্তানি সংবাদ জিও সুপারের এক প্রতিবেদনে জানা গেছে। সূত্রের বরাতে জানা গেছে, ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা বা নিরাপত্তাজনিত ঝুঁকি না থাকলেই কেবল পাকিস্তান দল বাংলাদশ সফর করবে। ৮ মার্চ বাংলাদেশে আসার কথা পাকিস্তান দলের।
বাংলাদেশ সিরিজের দলে যে ছয় নতুন ক্রিকেটারের কথা বলা হয়েছে, তাঁদের মধ্যে ফারহানের শুধুই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। ফারহান বাদে বাকি পাঁচ পাকিস্তানির এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। সেই পাঁচ পাকিস্তানি হলেন আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ ও শামাইল হোসেন। সামাদ, সাদাকাত, সাদ মাসুদ এবং শামাইল হোসেন পাকিস্তান শাহিনস দলে ছিলেন। তাঁরা কদিন আগে আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পাকিস্তান শাহিনস-ইংল্যান্ড লায়নস সিরিজের বাকি অংশ বাতিল হয়ে গিয়েছে।
সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে। ৯ নম্বরে থাকলেও হবে। কারণ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী বছর হবে ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপ। প্রোটিয়া ও জিম্বাবুয়ে আয়োজক সূত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে। ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। ১১ নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট ৫৪। ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান। ১০ নম্বরে অবস্থান করা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে আগেই। কিন্তু যে হতাশাজক পারফরম্যান্স করেছে, তাতে তো আর এত সহজে আলোচনা বন্ধ হবার নয়। এবার কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসার মতো অবস্থা। টুর্নামেন্টে নারী হোটেলকর্মীর সঙ্গে অসদাচরণের কারণে এক পাকিস্তানি ক্রিকেটারের শাস্তির খবর শোনা গেছে।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই শেষ ওয়েস্ট ইন্ডিজের পথচলা। কিন্তু টুর্নামেন্ট শেষ হলেও দেশে যে ফিরতে পারছে না ক্যারিবীয়রা। চার দিন ধরে ভারতে রয়েছেন শাই হোপ, শিমরন হেটমায়াররা। আটকে পড়া অবস্থায় দেশের জন্য মন কাঁদছে উইন্ডিজ কোচ ড্যারেন স্যামির।
৩ ঘণ্টা আগে
এই নিয়ে টানা তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নামছে ইংল্যান্ড। ২০২২ সালে অ্যাডিলেডে ১০ উইকেটে জেতে ইংল্যান্ড। এরপর গায়ানায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ৬৮ রানে জিতে ইংল্যান্ডকে হারায় ভারত। আজ ইংলিশদের প্রতিশোধের পালা। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে
৪ ঘণ্টা আগে
পাকিস্তান ক্রিকেট নিয়ে সমালোচনা যেন সহজে শেষ হবার নয়। একের পর এক ইস্যু সামনে চলে আসে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ পাকিস্তান যখন বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নিতে ব্যস্ত, তখন আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দিকে ধেয়ে গেল সমালোচনার তির। পিসিবি এমন সিদ্ধান্ত কী করে নিল, তা বুঝতেই পারছেন না
৪ ঘণ্টা আগে