
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখা যায়নি। তবে গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। জয় ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সেই ‘টেকনিক’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমও প্রশংসায় ভাসিয়েছেন মিরাজকে।
২৯১ রানের লক্ষ্যে নেমে শেষ দুই বলে ১২ রান দরকার ছিল পাকিস্তানের। ওভারের পঞ্চম বলে রিশাদ হোসেনের বল লেগসাইডে ঘোরাতে যান শাহিন শাহ আফ্রিদি। আম্পায়ার সেই বল ওয়াইড দেওয়ার অনেকক্ষণ পর মিরাজ রিভিউ নিয়েছেন। ওয়াইড বলের বিপক্ষে রিভিউ নয়, এলবিডব্লিউ হয়েছে কি না সেটা যাচাই করতেই রিভিউ নিয়েছেন তিনি। শেষ পর্যন্ত এলবিডব্লিউ না হলেও বল প্যাডে লাগায় ওয়াইড বাতিল হয়ে যায়। তাতে এক বলে ১২ রানের সমীকরণের সামনে এসে পড়ে পাকিস্তান। যেটা আর শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি সফরকারীরা।
মিরাজ-লিটন দাসের সঙ্গে আলোচনা করে রিশাদ যেভাবে একটা ওয়াইড বল বাতিল করতে অবদান রেখেছেন, সেটা দেখে মুগ্ধ ফাহিম। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘আমার মনে হয় রিশাদের শরীরী ভাষা দেখেও বোঝা গিয়েছিল যে কোথাও কিছু একটা লেগেছে। রিশাদ মনে হয় বুঝতে পেরেছিল। অতটা নিশ্চিত যদিও মনে হয়নি। তবে তার মধ্যে দেখেছিলাম যে কোথাও লাগতে পারে, সেটা অধিনায়ক বা উইকেটরক্ষকের সঙ্গে আলাপ করছিল। সেই পরিপ্রেক্ষিতেই বোধ হয় সিদ্ধান্ত নেওয়া। পরে বোঝা গেল যে সিদ্ধান্ত নিয়ে কতটা বুদ্ধিমানের কাজ তারা করেছিল। তাতেই বোঝা যায় আমাদের ক্রিকেটারদের ম্যাচ নিয়ে সচেতনতাও বেড়ে গেছে। চাপের মুখে তারা ঠিক সিদ্ধান্তটা নিতে পারে। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে।’
যদি সে সময় মিরাজ রিভিউ না নিতেন, তাহলে ওয়াইড হওয়ার পর শেষ দুই বলে ১১ রানের সমীকরণ তৈরি হতো পাকিস্তানের সামনে। শাহিন শাহ আফ্রিদি হয়তো ম্যাচটাকে সুপার ওভারে নিয়ে যেতে পারতেন। এমনকি দুই ছক্কায় ম্যাচটা বাংলাদেশের কাছ থেকে কেড়ে নিতে পারতেন। ওয়াইড বাতিল হওয়ার পর ইনিংসের শেষ বলে শাহিনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন রিশাদ। তাতে বাংলাদেশ পেয়ে যায় ১১ রানের রুদ্ধশ্বাস জয়।
চাপের মুহূর্তে যেভাবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে বাংলাদেশ জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তানের কাছ থেকে, তাতে মুগ্ধ ফাহিম। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘সেটা খুবই কঠিন এক সময় ছিল। আমি বলব যে চাপের এক মুহূর্তে অনেকে হয়তো এটা খেয়াল করেনি যে বলটা ওয়াইড হয়েছে। কারণ, বলটা লেগ স্টাম্পে পিচিং করেছিল এবং অনেক ঘুরে বেরিয়ে যাচ্ছিল। বলটা ওয়াইড হবে এটাই স্বাভাবিকভাবে সবাই ধরে নিয়েছিল। আমি দূর থেকে যখন দেখেছিলাম, আমার মনে হয়েছিল সেটা ওয়াইড হবে। কিন্তু রিশাদ বা আশেপাশে যারা ছিল, তাদের হয়তো মাথায় এটা এসেছিল যে কেন সুযোগ নেওয়া হবে না। হতেও তো পারে যে কোথাও লেগেছে। আমাদের তো রিভিউটা হাতে রেখে বা জমিয়ে রেখে লাভ নেই। আমার মনে হয় সেটা মাথায় রেখেই কিন্তু এটা করা।’
গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডেতে স্থায়ী অধিনায়ক হয়েছেন মিরাজ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বভার থাকছে তাঁর কাঁধে। তিনি অধিনায়ক হওয়ার পর শ্রীলঙ্কা, আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। যার মধ্যে আফগানদের বিপক্ষে ধবলধোলাই হওয়ার সিরিজে একের পর এক বাজে রেকর্ডে নাম উঠেছে বাংলাদেশের। তবে উইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুই সিরিজ জিতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশ নম্বর থেকে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
মিরাজের নেতৃত্বের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ফাহিম। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আজ সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, এক বছরের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এটা অবশ্যই বাড়তে পারে। মেয়াদ অবশ্যই বাড়ানো হতে পারে। যেভাবে সে খেলছে, তাতে হতে পারে। সময় হোক। তখন আমরা বলতে পারব। সে যেভাবে কাজ করছে, যথেষ্ট দায়িত্বশীল একজন অধিনায়ক হিসেবে কাজ করছে।’
রিভিউ ইস্যুতে সিরিজ হারের পর ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিক অভিযোগ করেছে বলে ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে। সফরকারী দলের ধারণা, বড় পর্দায় রিপ্লে দেখে রিভিউ নিয়েছে বাংলাদেশ। এ ছাড়া ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ নেওয়া হয়েছে কি না তা যাচাই করার জন্য কোনো টাইমারও দেখা যায়নি টিভি পর্দায়। ফলে নির্ধারিত সময় শেষ হওয়ার পর স্বাগতিকেরা রিভিউ নিয়েছে বলে দাবি পাকিস্তানের। ম্যাচের ফলে এর প্রভাব পড়েছে বলে মনে করছে তারা।
পাকিস্তান সিরিজ শেষে এক মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১৭, ২০ ও ২৩ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে আর তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে। কিউইদের বিপক্ষে সিরিজটা মিরাজ-নাজমুল হোসেন শান্তদের জন্য র্যাঙ্কিংয়ে আরও এগিয়ে যাওয়ার সুযোগ। এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। আর দশে নেমে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭। সবার ওপরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৯। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর বেকায়দায় পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের ব্যঙ্গ-বিদ্রূপ তো রয়েছেই, দেশটির সাবেক ক্রিকেটাররাও ধুয়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-সালমান আলী আগা-ফাহিম আশরাফদের। বিদ্রূপকে এখন অন্য মাত্রায় নিয়ে গেছেন কামরান আকমল।
১৬ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি কদিন আগে গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়া পরিষদের এই তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এমনকি এই তদন্ত কমিটির কথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ডাগআউটে ৪ বছরেরও বেশি সময় ধরে আছেন তিনি। এতটা সৌভাগ্য হয়নি আর কোনো কোচের। হাভিয়ের কাবরেরা তাই নিজেকে আলাদা ভাবতেই পারেন। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই সমালোচনার মুখে পড়ছেন এই স্প্যানিশ কোচ। দল নির্বাচন থেকে শুরু করে খেলার কৌশল কিছুতেই মন জয় করতে পারছেন না সমর্থকদের।
২ ঘণ্টা আগে
শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের কাছে বাংলাদেশ একেবারে অচেনা নয়। আইসিসি ইভেন্ট, নারী এশিয়া কাপসহ বিভিন্ন টুর্নামেন্টে তারা স্বাগতিক বাংলাদেশের বিপক্ষেও খেলেছে। কিন্তু বাংলাদেশের মাঠে কখনোই দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয়নি শ্রীলঙ্কার। এবার প্রথমবারের মতো লঙ্কানরা দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে লঙ্কান
৫ ঘণ্টা আগে