Ajker Patrika

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতিটা কার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৪
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতিটা কার
এশিয়ান গেমস ক্রিকেটের সেমিতে পরশু মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

জাপানে ক্রিকেট হওয়াটাই এখন অনেক বড় চ্যালেঞ্জিং বিষয়। বৃষ্টির বাগড়ায় এশিয়ান গেমস ক্রিকেটের একের পর এক ম্যাচ পরিত্যক্ত হচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা—চার দলই কোয়ার্টার ফাইনাল না খেলে উঠে গেছে সেমিফাইনালে। এমনকি সেমিতেও একই রকম ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।

টাইফুনের মৌসুম হওয়ায় জাপানে সেপ্টেম্বরে অতিবৃষ্টি স্বাভাবিক বিষয়। এশিয়ান গেমস ক্রিকেটের মূল পর্বের মতো নকআউট পর্বেও দেশটির বৈরি আবহাওয়া বাজে প্রভাব ফেলছে। পাকিস্তান-হংকং, ভারত-আফগানিস্তান, বাংলাদেশ-মালয়েশিয়া, শ্রীলঙ্কা-নেপাল—কোয়ার্টার ফাইনালের এই চার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে পরশু বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল। এই ম্যাচ মাঠে না গড়ালে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় পাকিস্তান উঠবে ফাইনালে। ২৪০ ও ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৬ ও ৮ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ ও পাকিস্তান।

এমনকি ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় সেমিফাইনালেও প্রয়োগ করা হতে পারে ‘র‍্যাঙ্কিং থিওরি’। যদি এই ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যায়, সুবিধা পাবে ভারত। ২৬৯ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এখন সবার ওপরে ভারত। ৯ নম্বরে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ২২০। নিশিনে পরশু বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সেদিন জাপানের ওই এলাকায় বৃষ্টির সম্ভাবনা ১ শতাংশ।

বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের আগের দিন গতকাল লিটন দাসের সঙ্গে সংবাদমাধ্যমকর্মীদের আলাপচারিতায় উঠে এসেছে আবহাওয়ার প্রসঙ্গও। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন বলেছিলেন, ‘প্রত্যেকটা দলের জন্যই তো একই অবস্থা আর কি। আবহাওয়ার ওপর কারও কোনো নিয়ন্ত্রণ নেই।’ এমনকি অনুশীলনও করতে হচ্ছে বৃষ্টির মধ্যে। কদিন আগে এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন খুব করে চেয়েছিলেন, বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচটা যেন মাঠে গড়ায়। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে আজ ম্যাচে একটা বলও হতে পারল না।

কোয়ার্টার ফাইনালের আট দলের মধ্যে নেপাল ও হংকং সেরা দশের বাইরে। ১৮১ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেপাল। ২৪ নম্বরে থাকা হংকংয়ের রেটিং পয়েন্ট ১৩০। ২১৮ ও ১২৭ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান ও মালয়েশিয়া অবস্থান করছে ১০ ও ২৫ নম্বরে।

মালয়েশিয়া ম্যাচ মাঠে গড়ানোর আগেই দুঃসংবাদ পায় বাংলাদেশ। অসুস্থতার কারণে নাজমুল হোসেন শান্তর এশিয়ান গেমসই শেষ হয়ে যায়। শরীরে সংক্রামক জীবাণু ধরা পড়েছে বলে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্তায় ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন। আজ শান্তর দেশে ফেরার কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত