Ajker Patrika

পিছিয়ে পড়ে এবার অস্ট্রেলিয়াকে হারাল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪৮
পিছিয়ে পড়ে এবার অস্ট্রেলিয়াকে হারাল ব্রাজিল
পেনাল্টি থেকে গোল করছেন রাফিনিয়া। কুইনসল্যান্ডের সানকর্প স্টেডিয়ামে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যাবর্তনের গল্প লিখল সেলেসাওরা। ছবি: এএফপি

জার্সির রং দেখে অনেকেই বুঝতে পারছিলেন না কে কোন দল। কারণ, ফুটবলে সচরাচর ব্রাজিলকে হলুদ জার্সিতে খেলতে দেখা যায়। কুইনসল্যান্ডের সানকর্পে আজ হলুদ জার্সি পরা দলকে অনেকেই ব্রাজিল মনে করেছিলেন। আসল ঘটনা অন্য ব্রাজিল ও অস্ট্রেলিয়া খেলেছে নীল ও হলুদ জার্সি পরে। র‍্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ব্রাজিল আজ দুর্দান্ত জয় পেয়েছে। পিছিয়ে থেকে কীভাবে ম্যাচ জিততে হয়, সেটা দেখিয়ে দিল সেলেসাওরা।

কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে ২৫ সেপ্টেম্বর প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হারতে বেঁচে গিয়েছিল ব্রাজিল। শেষ মুহূর্তে রায়ানের হেডে করা গোল থেকে ব্রাজিল সেদিন ১-১ গোলের ড্রয়ে মাঠ ছেড়েছিল। আজ সানকর্প স্টেডিয়ামে প্রীতি ম্যাচের পাল্লা কখনো ব্রাজিলের দিকে, কখনো সেটা ঘুরে যায় অস্ট্রেলিয়ার দিকে। প্রত্যাবর্তনের গল্প লিখে ব্রাজিল ৪-২ গোলে হারাল অস্ট্রেলিয়াকে।

৩ মিনিটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে যায় ব্রাজিল। গ্যাব্রিয়েল বোনতেম্পোর অ্যাসিস্টে ডান পায়ের বাঁকানো শটে দুর্দান্ত গোল করেন ভ্যান্ডারসন। দ্রুতই ব্যবধান ২-০ করার সুযোগও এসেছিল ব্রাজিলের কাছে। তবে ৪ মিনিটের সময় ব্রাজিলের রাফিনিয়ার গোল দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রথম শটের পর ফিরতি শটও আটকে দেন বীচ।

দানিলো সান্তোস, রায়ানরাও একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন। ব্রাজিলের সুযোগ মিসের মহড়ায় সমতায় ফেরে অস্ট্রেলিয়া। ২৮ মিনিটে সকারু ডিফেন্ডার আলেসান্দ্রো কিরকাটি ডান পায়ের শটে ব্রাজিলের গোলরক্ষক ওতাভিও এলোদোরো রেজেন্দে কস্তাকে বোকা বানিয়েছেন। সমতায় ফেরার ৫ মিনিট পর ব্যবধান বাড়িয়ে নেয় অস্ট্রেলিয়া। ৩৩ মিনিটে সকারু মিডফিল্ডার কনর মেটকালফে গোল করেন।

প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে সমতায় ফেরে ব্রাজিল। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রাফিনিয়া। ২-২ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। ব্যবধান বাড়াতে দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। অস্ট্রেলিয়ার রক্ষণদুর্গে একের পর এক হানা দেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। কখনোবা ফিনিশিংয়ের দুর্বলতায়, কখনোবা সকারু গোলরক্ষক বীচের কাছে হতাশ হতে হয়েছে ব্রাজিলকে।

ব্রাজিল এতটাই মরিয়া হয়ে ওঠে যে কখনো কখনো অস্ট্রেলিয়ার ফুটবলারদের সঙ্গেও আনচেলত্তির শিষ্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ২৪ মিনিট পর ব্যবধান বাড়ায় ব্রাজিল। ৬৯ মিনিটে এনদ্রিকের অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন গিমারেস। দ্রুত ব্রাজিল পায় চতুর্থ গোল। ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে নেন ভিনিসিয়ুস জুনিয়র।

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া বারবার ব্রাজিলের রক্ষণদুর্গে হানা দেয়। তবে ফিনিশিং ব্যর্থতায় গোল আদায় করে নিতে পারেনি সকারুরা। অতিরিক্ত সময়ে ৪ মিনিট বাড়িয়ে দিলেও আর কোনো গোল হয়নি। অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েই মাঠ ছেড়েছে ব্রাজিল।

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১০ ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-অস্ট্রেলিয়া। সাতবার জিতেছে ব্রাজিল। ড্র হয়েছে দুই ম্যাচ। সকারুরা জিতেছে এক ম্যাচ। ২০০১ সালে ফিফা কনফেডারেশন কাপে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

এবারের ফিফা উইন্ডোতে তিন ম্যাচের দুটিই ব্রাজিল খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেলেসাওদের পরের ম্যাচের প্রতিপক্ষ ভারত। সল্টলেকে ৩ অক্টোবর মুখোমুখি হবে ব্রাজিল-ভারত। ফুটবল ইতিহাসে এবারই প্রথমবার মুখোমুখি হচ্ছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত