
চাঁদে মরিচা ধরছে। আর এর জন্য দায়ী আমাদের পৃথিবী। সম্প্রতি বিজ্ঞানীরা এমনই এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। তাঁদের গবেষণায় দেখা গেছে , পৃথিবী থেকে চাঁদের দিকে ছুটে যাওয়া অক্সিজেন কণার প্রভাবে চাঁদের খনিজ পদার্থ হেমাটাইটে (haematite) রূপান্তরিত হচ্ছে।
এই আবিষ্কার চাঁদ ও পৃথিবীর গভীর আন্তসম্পর্কে বিজ্ঞানীদের বোঝাপড়ায় নতুন মাত্রা যোগ করেছে।
চীনের ম্যাকাও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গ্রহবিজ্ঞানী জিলিয়াং জিন বলেন, চাঁদের ভূপৃষ্ঠে যেসব পরিবর্তন হচ্ছে, তার পেছনে রয়েছে পৃথিবীর প্রভাব। এটা প্রমাণ করে, চাঁদ শুধু নিজের নয়, পৃথিবীরও ভূতাত্ত্বিক ইতিহাস ধরে রাখে।
তিনি এবং তাঁর সহকর্মীরা চলতি মাসের শুরুতে গবেষণাপত্রটি জিওফিজিক্যাল রিসার্চ লেটারসে প্রকাশ করেন।
বেশির ভাগ সময় পৃথিবী ও চাঁদ দুটোই সূর্য থেকে নির্গত হওয়া চার্জযুক্ত কণার স্রোতে ডুবে থাকে। তবে প্রতি মাসে প্রায় পাঁচ দিন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে দাঁড়ায়। এ সময় সূর্যের কণা থেকে রক্ষা পায় চাঁদ। তবে তার বদলে চাঁদের গায়ে এসে পড়ে পৃথিবী থেকে ছিটকে যাওয়া কণা, যাকে বলা হয় আর্থ উইন্ড।
এই কণার স্রোতে থাকে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনসহ নানা উপাদানের আয়ন। যখন এসব আয়ন চাঁদের গায়ে আঘাত করে, তখন এগুলো মাটির উপরিভাগের সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে।
২০২০ সালে ভারতের চন্দ্রযান-১ অভিযানে চাঁদের মেরু অঞ্চলের কাছাকাছি প্রথমবারের মতো হেমাটাইটের অস্তিত্ব ধরা পড়ে। হেমাটাইট একটি লোহাসমৃদ্ধ খনিজ। এই খনিজ সাধারণত অক্সিজেন ও পানির সঙ্গে প্রতিক্রিয়ায় তৈরি হয়। তবে চাঁদে এমন পরিবেশ নেই, যেখানে অক্সিজেন সহজে পাওয়া যায়। ফলে বিজ্ঞানীদের ধারণা হয়, ওই অক্সিজেন এসেছে বাইরের কোনো উৎস থেকে। সম্ভবত আর্থ উইন্ড থেকেই।
এ তত্ত্ব যাচাই করতে জিলিয়াং জিন ও তাঁর দল পরীক্ষাগারে ‘আর্থ উইন্ডের’ সিমুলেশন তৈরি করেন। তাঁরা অক্সিজেন ও হাইড্রোজেন আয়নকে উচ্চগতিতে চাঁদে পাওয়া লৌহসমৃদ্ধ খনিজের স্ফটিকের ওপর নিক্ষেপ করেন।
পরীক্ষায় দেখা যায়, উচ্চশক্তির অক্সিজেন দিয়ে খনিজগুলোর ওপর আঘাত করলে কিছু স্ফটিক হেমাটাইটে পরিণত হয়। আর হেমাটাইটে হাইড্রোজেন প্রয়োগ করলে তার কিছু অংশ আবার লোহায় রূপান্তরিত হয়।
জিন বলেন, এর মানে চাঁদে প্রতি মাসে আর্থ উইন্ডের সংস্পর্শে এসে তার ভূত্বকে উল্লেখযোগ্য রাসায়নিক ও খনিজগত পরিবর্তন ঘটে।
এই গবেষণা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গ্রহবিজ্ঞানী শুয়াই লি বলেন, ‘এটি একটি চমৎকার পরীক্ষা। খুব সুচিন্তিত ডিজাইন। এটি হেমাটাইট তৈরির নানা কারণ বিশ্লেষণে সাহায্য করে।’
তথ্যসূত্র: সায়েন্টিফিক আমেরিকান

নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এবং হাজার হাজার এআই বট কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা এক জটিল গাণিতিক সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। তাও আবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য
৫ ঘণ্টা আগে
আপনি কত বছর বয়স পর্যন্ত বাঁচবেন বলে মনে করেন? এই প্রশ্নের উত্তর আপনার সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারে, যা আপনি হয়তো ভাবতেও পারেননি। জাপানে বয়স্ক মানুষদের নিয়ে ২৮ বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, মানুষ নিজের আয়ু সম্পর্কে আশ্চর্যজনকভাবে সঠিক ধারণা রাখে।
৭ দিন আগে
প্লাস্টিকের বোতল ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে ভবিষ্যতে খাওয়ার উপযোগী, ভ্যানিলা-স্বাদের কুকি তৈরি করা সম্ভব হতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। জিনগতভাবে পরিবর্তিত ইস্ট বা খামির ব্যবহার করে এই কুকি তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করা হয়েছে।
১৫ দিন আগে
প্রায় দুই দশক ধরে আমরা জানি, চাঁদে কোনো না কোনো ফর্মে অর্থাৎ কোনো না কোনো রূপে পানি রয়েছে। কিন্তু এখনো আমরা ঠিক জানি না, চাঁদের যেসব গর্তে সব সময় ছায়া থাকে, সেখানে কতটা ব্যবহারযোগ্য বরফ জমে আছে বা সেই বরফ কতটা গভীরে চাপা পড়ে আছে কিংবা ঠিক কী অবস্থায় রয়েছে।
১৭ দিন আগে