Ajker Patrika

চট্টগ্রামে তারেক রহমান: পলোগ্রাউন্ডে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক সমাগম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১১: ৫৮
চট্টগ্রামে তারেক রহমান: পলোগ্রাউন্ডে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক সমাগম
রোববার সকাল থেকেই নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকা এরই মধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশকে কেন্দ্র করে প্রায় এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে জড়ো হয়েছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা।

আজ রোববার সকাল থেকেই নগরের বিভিন্ন থানা ও আশপাশের উপজেলা থেকে দলে দলে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে যোগ দিতে থাকেন। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক, ফুটপাত ও খোলা জায়গাজুড়ে অবস্থান নেন তাঁরা। হাতে দলীয় পতাকা ও ধানের শীষ প্রতীক নিয়ে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

আয়োজকেরা জানান, সমাবেশস্থলের ভেতর ও বাইরে মিলিয়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে নেতা-কর্মীদের অবস্থান লক্ষ করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, ‘নগর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিচ্ছেন। মাঠের বাইরে থেকেও অনেকে বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন।’

দলীয় সূত্র জানায়, আজকের এই সমাবেশকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সংগঠিতভাবে উপস্থিত হয়েছেন। বিশাল এই জনসমাগম ঘিরে পলোগ্রাউন্ড এলাকা পরিণত হয়েছে এক বিশাল রাজনৈতিক মিলনমেলায়।

উল্লেখ্য, সমাবেশে যোগ দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত রাতেই সমাবেশস্থলের অদূরে রেডিসন ব্লুতে আসেন। সকাল সাড়ে ৯টায় তিনি রেডিসন ব্লুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ইয়ুথ পলিসি টকে অংশ নেন। তারেক রহমান দেশ গড়ার বিভিন্ন পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর ও তরুণ-তরুণীদের পরামর্শ শোনেন বিএনপির এই নেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত