
রোজা ও পবিত্র ঈদুল ফিতরের বাড়তি চাহিদার কারণে যে কটি পণ্যের দাম বেড়েছিল, তার মধ্যে ভোজ্যতেল, গরুর মাংস ও সোনালি মুরগি অন্যতম। এসব পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায় ঈদের কয়েক দিন আগেই। ক্রেতাদের প্রত্যাশা ছিল, ঈদ শেষে এসব পণ্যের দাম আবার আগের জায়গায় নেমে আসবে। কিন্তু এসব পণ্য আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। এ ছাড়া ঈদের পর সবজির দাম কমে এলেও চলতি সপ্তাহে আবার কিছুটা বেড়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচা, খিলগাঁও, তালতলা, মুগদা, মানিকনগরসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়। তবে বাজারে আগের মতোই কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে ডিম, আলু, পেঁয়াজসহ বেশ কিছু পণ্য। চাল, ডাল, চিনিসহ বেশ কিছু পণ্যের দাম স্থির রয়েছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ এলাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকা কেজি। তবে কিছু কিছু বাজারে ৮০০ টাকা ও কিছু কিছু বাজারে ৭৫০ টাকাতেও মিলছে।
রোজার শুরুতে এক দফা বেড়ে গরুর মাংসের দাম ৭৫০-৮০০ টাকায় উঠেছিল। তবে ঈদের আগে তা কোথাও কোথাও ৮৫০-৯০০ টাকা কেজিতেও বিক্রি হয়।
রাজধানীর খিলগাঁও বাজারের ক্রেতা হারুন অর রশিদ বলেন, ‘গরুর মাংসের দামে কোনো শৃঙ্খলা নেই। আমি মুগদা বাজারে দেখলাম ৭৫০ টাকা, কিন্তু খিলগাঁও বাজারে ৮৫০ টাকা। এসব দেখার মতো সরকারের কেউ নেই মনে হচ্ছে।’
বেড়েছে সোনালি জাতের মুরগির দাম। ঈদের আগে আগে প্রতি কেজি সোনালি মুরগি ৩৪০-৩৭০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৩৮০-৪০০ টাকা কেজি। অথচ রোজার শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত সোনালি মুরগির দাম ছিল ২৭০-৩২০ টাকা।
রাজধানীর আগারগাঁও, কারওয়ান বাজার, মহাখালী কাঁচাবাজারসহ বিভিন্ন বাজারে হঠাৎ করে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েছে। খুচরা পর্যায়ে দুই দিন আগেও খোলা সয়াবিনের লিটার ছিল ১৮০-১৮৫ টাকা। গতকাল বিক্রি হয়েছে ১৯০-১৯২ টাকা দরে। একইভাবে দুই দিন আগের ১৭৫ টাকার পাম অয়েলের লিটার গতকাল বিক্রি হয়েছে ১৮৪-১৮৫ টাকায়। অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে লিটারে দর বেড়েছে যথাক্রমে ৭-১০ ও ৯-১০ টাকা।
সর্বশেষ গত ডিসেম্বর সরকার প্রতি লিটার খোলা সয়াবিন ১৭৬ ও পাম অয়েল ১৬৬ টাকা নির্ধারণ করে দেয়। সেই হিসাবে বাজারে সয়াবিনের লিটার ১৪-১৬ এবং পাম অয়েল ১৮-১৯ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।
তবে বোতলজাত সয়াবিন তেলের দাম আগের মতোই রয়েছে, ১৯৫ টাকা লিটার। যদিও বোতলজাত তেলের সরবরাহ সংকট এখনো কাটেনি।
বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন, কোম্পানিগুলো জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমদানি ব্যাহত হচ্ছে। সে কারণে মিলগেটে দর বেড়েছে। এ ছাড়া জ্বালানি তেলের সংকটে পরিবহনের ভাড়া বেড়েছে। এর প্রভাব পড়ছে তেলের দামে।
ভোজ্যতেলের পাশাপাশি বাজারে সবজির দরও বেড়েছে। গত সপ্তাহের তুলনায় বেশির ভাগ সবজির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। কোনোটির দাম ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
গতকাল প্রতি কেজি পটোল ৮০ থেকে ৮৫, ঢ্যাঁড়স ৭০-৭৫, উচ্ছে ১০০-১২০ এবং বেগুন ৮০-১০০ টাকা দরে বিক্রি হয়েছে। শিম বিক্রি হয়েছে ৭০-৮০ টাকা কেজি।
সবজি ব্যবসায়ীরা জানান, ট্রাকের ভাড়া আগের তুলনায় এক-দেড় হাজার টাকা বেড়েছে। এ কারণে সবজির দর বাড়তি। তবে মৌসুম শেষ হওয়ায় শিমের দাম বাড়ছে বলে জানান তাঁরা।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির চাপ যে বাজারে পড়বে, তা আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল। এর মধ্যেই হঠাৎ করে এল জ্বালানি তেলের ‘বড় অঙ্কের’ মূল্যবৃদ্ধির ঘোষণা। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে চারদিক দিয়ে। বড় নড়াচড়া শুরু হয়েছে নিত্যপণ্যের বাজারে।
২০ ঘণ্টা আগে
বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য ব্লক আরসেপে বাংলাদেশের সদস্য হওয়ার প্রক্রিয়া এবার আনুষ্ঠানিক আলোচনার পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশসহ চার আবেদনকারী অর্থনীতির সদস্যপদ দেওয়ার বিষয়ে কারিগরি পর্যালোচনার কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে জোটটি। এ লক্ষ্যে একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠনের অনুমোদন দিয়েছেন আরসেপ জোটের....
১ দিন আগে
দেশে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়া হবে। এরপরই প্রক্রিয়া শেষে কার্যক্রম শুরু করতে পারবে ব্যাংকগুলো...
১ দিন আগে
আন্তর্জাতিক যাত্রীদের ভোটে নির্ধারিত স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এয়ারলাইনসগুলোর তালিকায় এক ধাপ এগিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ২০২৬ সালের তালিকায় ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইনস (ইন্ডিয়া/সাউথ এশিয়া)’ ক্যাটাগরিতে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইনসটি।
১ দিন আগে