Ajker Patrika

গুম হওয়া ছাত্রদল নেতা সোহেলের ছেলে শিহাবের সাফল্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
গুম হওয়া ছাত্রদল নেতা সোহেলের ছেলে শিহাবের সাফল্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মো. সাদমান শিহাবের কাছে শুভেচ্ছা উপহার পৌছে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বাবা নেই এক দশকেরও বেশি সময় ধরে। ২০১৩ সালে রাতের আঁধারে গুম হয়ে যাওয়া বাবার স্মৃতি আর মায়ের সীমাহীন সংগ্রামের আলোতেই নিজের পথ চিনে নিয়েছে মো. সাদমান শিহাব। সকল প্রতিকূলতা ও স্বজন হারানোর বেদনা পেরিয়ে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এই কিশোর। শিহাবের এই সাফল্য ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের হৃদয়।

মো. সাদমান শিহাবের অসাধারণ এই ফলাফলে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে শিহাবের বাসায় শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সমন্বয়ে এবং ‘আমরা বিএনপি পরিবার’এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধিদল পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় শিহাবদের বাসভবনে যান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিহাবের হাতে মিষ্টি, ফুল ও গল্পের বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

উপহার হস্তান্তরকালে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ এবং উত্তরাঞ্চল ছাত্র-ফোরামের সহ-সভাপতি ফারজানা রিমি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে তৎকালীন সূত্রাপুর থানা ছাত্রদলের নেতা খালেদ হাসান সোহেলকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও আজও তার কোনো সন্ধান মেলেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত